
জেলেনস্কি । ছবি : সংগৃহীত
জেলেনস্কি । ছবি : সংগৃহীত ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে যুক্তরাষ্ট্রের বিলম্বে মানুষের প্রাণহানি বাড়ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর ওপর ওয়াশিংটন যথেষ্ট চাপ প্রয়োগ করছে না বলেও হতাশা প্রকাশ করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। কিয়েভে নিজের কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সম্প্রতি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিনকে জড়িয়ে ধরার একটি ছবি প্রকাশ করে তাকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্ত। তবে বিষয়টি অদ্ভুত।’
তিনি আরও বলেন, ‘তিনি (পুতিন) একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার সঙ্গে বিষয়টির তুলনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় সতর্ক অবস্থান নিয়ে চলছেন জেলেনস্কি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ এবং প্রাণহানি কমাতে ট্রাম্পের দুই প্রতিনিধি শান্তিচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের অবস্থান অনেক সময় কিয়েভের তুলনায় মস্কোর অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত সর্বশেষ দফার শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আলোচনার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানতে পারছি, সমস্যাও তত বাড়ছে।’ আগামী ডিসেম্বর মাসে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে তিনি রাশিয়াকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনাও যথেষ্ট জোরালো বলে মনে করেন তিনি।
তবে রাশিয়ার প্রকাশ্য বক্তব্য থেকে মনে হচ্ছে, আলোচনার প্রায় সব বিষয়েই মস্কো আবারও আগের কঠোর অবস্থানে ফিরে গেছে।
জেলেনস্কি আরও জানান, মার্কিন প্রতিনিধিরা আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের উপস্থিতির কথা বললেও শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ক্ষেত্রে ক্রেমলিনের আপত্তি রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পাঁচ বছরের দীর্ঘ ও ক্লান্তিকর অধ্যায়ের অবসান ঘটাতে শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া জরুরি। দেশজুড়ে রাশিয়ার হামলার সংখ্যা ও প্রাণঘাতী মাত্রা বাড়ছে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যাও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি।
এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে পারে এমন ‘প্রকৃত ও কার্যকর মিত্রদের’ পাশে চান জেলেনস্কি। একই সঙ্গে শক্তিশালী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও আন্তর্জাতিক মর্যাদার যথাযথ প্রয়োগের আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, ‘আগ্রাসীর সঙ্গে যখন আপনি অতিরিক্ত নিরপেক্ষ আচরণ করার চেষ্টা করেন, তখন এর অর্থ দাঁড়ায় আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী উভয়কেই সমর্থন করছেন। এটি সঠিক নয়।’
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, দুই পক্ষের মধ্যে একটি কার্যকর ও টেকসই শান্তিচুক্তি প্রতিষ্ঠার জটিল প্রচেষ্টায় তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে।
শান্তি আলোচনার পাশাপাশি রাশিয়ার অব্যাহত হামলা মোকাবিলায় ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দিন-রাত চলা বিমান হামলার সতর্কসংকেত এখন দেশটির মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাশাপাশি জেট ইঞ্জিনচালিত ড্রোন দিয়ে প্রতিদিন কিয়েভসহ বড় শহরগুলোতে আক্রমণ করা হচ্ছে। জবাবে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন পাঠাচ্ছে ইউক্রেন।
জেলেনস্কি জানান, ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হচ্ছে। এ সক্ষমতা ক্রমেই বাড়ছে বলেও দাবি করেন তিনি।
তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ব্যাপক ঘাটতি রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, তারা (যুক্তরাষ্ট্র) মধ্যপ্রাচ্যকে অগ্রাধিকার দিয়েছে এবং সেখানে আমাদের তুলনায় বেশি সহায়তা করছে। এটি সত্যিই হতাশাজনক। এ বিষয়ে আমাদের বড় ধরনের প্রশ্ন রয়েছে।’
সূত্র: বিবিসি
সময়ের আলো/টিকে