
ভারতের নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের প্রবেশপথে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থকদের বিক্ষোভের দিন। ছবি : রয়টার্স
ভারতের নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের প্রবেশপথে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থকদের বিক্ষোভের দিন। ছবি : রয়টার্স ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) ওয়েবসাইটে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এর ফলে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও পরিচয়পত্রের নথি দেখার সুযোগ তৈরি হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বিষয়টি সামনে আসার পর ত্রুটিটি সংশোধন করেছে নির্বাচন কমিশন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট পর্যালোচনা করে এ নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করা হয়। ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে স্থানীয় নির্বাচন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার আবেদন করলে ব্রাউজারের নেটওয়ার্ক ট্যাবে আবেদনসংক্রান্ত একটি রেফারেন্স নম্বর দেখা যেত।
পরবর্তী সময়ে ওই নম্বর ব্যবহার করে ফোনে কথা বলার সময় ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্যও দেখা যাচ্ছিল। এর মধ্যে ছিল নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, জন্মতারিখ ও বাসার ঠিকানা। এমনকি ভোটারদের জমা দেওয়া পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্রের ফাইলের অবস্থান বা ফাইল পাথও প্রকাশ পাচ্ছিল।
ভারতের সাইবার নিরাপত্তা গবেষক করণ সাইনি ও এহরাজ আহমেদ রয়টার্সের অনুসন্ধান যাচাই করে জানান, ওয়েবসাইটের মূল পর্দায় এসব তথ্য দেখা না গেলেও ব্রাউজারের ডেভেলপার টুলসের নেটওয়ার্ক ট্যাব থেকে সেগুলো পাওয়া সম্ভব ছিল।
গবেষকদের মতে, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আবেদনগুলোর রেফারেন্স নম্বর নির্দিষ্ট ধারাবাহিক নিয়মে তৈরি করা হয়েছিল। ফলে সাইবার অপরাধীরা সহজেই সম্ভাব্য নম্বর অনুমান করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিপুলসংখ্যক ভোটারের তথ্য সংগ্রহ করতে পারতেন। এমনকি সাধারণ ওয়েবভিত্তিক কিছু টুল ব্যবহার করে পরিচয়পত্রের নথিও ডাউনলোড করার সুযোগ ছিল।
রয়টার্সের এক প্রতিবেদক পরীক্ষামূলকভাবে একই পদ্ধতি ব্যবহার করে নিজের জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করতে সক্ষম হন। গবেষকদের আশঙ্কা, অপরাধীরা একই কৌশলে অন্য ভোটারদের পরিচয়পত্রও সংগ্রহ করতে পারতেন।
রয়টার্স গত ২৬ অক্টোবর ভারতের নির্বাচন কমিশন ও তিন নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি জানিয়ে বক্তব্য চেয়েছিল। তবে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের একজন মুখপাত্র জানান, সংস্থাটির তথ্যপ্রযুক্তি বিভাগকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়। পরবর্তী পরীক্ষায় দেখা যায়, ব্যক্তিগত তথ্য ও ফাইলের অবস্থানসংক্রান্ত সংবেদনশীল তথ্যগুলো আড়াল করা হয়েছে। দুই গবেষকও ত্রুটি সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এই নিরাপত্তা দুর্বলতা ব্যবহার করে কেউ তথ্য চুরি করেছে কি না, কত দিন ধরে সমস্যাটি ছিল কিংবা কতজন ভোটারের তথ্য ঝুঁকিতে পড়েছিল, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফোনে কথা বলার সময় নির্ধারণের সুবিধাটি চালু হয়েছিল ২০২৫ সালের জুনে।
ভারতে প্রায় ১০০ কোটি ভোটার রয়েছেন। তাদের প্রত্যেকেই ভোটার পরিচয়পত্রের নম্বর অথবা মোবাইল নম্বর ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র পবন খেরা রয়টার্সকে বলেন, ভোটারদের ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ হয়ে পড়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের সময় এসব তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ভোটারদের ভয় দেখানো, ব্যক্তিগতভাবে চিহ্নিত করা, ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রভাবিত করা সম্ভব।
অন্যদিকে, ভারতের সাবেক নির্বাচন কমিশনার অশোক লাভাসার মতে, এ ধরনের তথ্য প্রকাশের বিষয়টি অনিচ্ছাকৃত নিরাপত্তা ত্রুটির কারণে ঘটে থাকতে পারে। তিনি বলেন, মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না সেগুলো জনসমক্ষে প্রকাশ করার জন্য।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের গোপনীয়তা নীতিতেও বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় যুক্তিসংগত পদক্ষেপ নেওয়া হলেও কোনো ব্যবস্থাকেই শতভাগ নিরাপদ বলে নিশ্চয়তা দেওয়া যায় না।
এর আগেও নির্বাচন কমিশনের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৯ সালে নিরাপত্তা গবেষক করণ সাইনি নির্বাচন কমিশনের অনলাইন ভোটার অনুসন্ধান ব্যবস্থায় একই ধরনের ত্রুটি খুঁজে পেয়েছিলেন। তখনও ব্রাউজারের নেটওয়ার্ক ট্যাবের মাধ্যমে কিছু ভোটারের ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছিল। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর সেই ত্রুটিও সংশোধন করা হয়েছিল।
এ ছাড়া চলতি বছরের অক্টোবরে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছিল, একটি নাগরিক প্রযুক্তি সংগঠনের নিরীক্ষায় ভোটারদের নির্দিষ্ট কিছু তথ্যের প্রবেশাধিকার রাজ্য নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রীয়ভাবে চালু বা বন্ধ করতে পারতেন বলে উঠে এসেছে।
সময়ের আলো/ইউএমএইচ