যুক্তরাষ্ট্রে ভাইরাসের ভয়াবহ বিস্তার, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫

2026-11-27T11:48:03+00:00
2026-11-27T11:48:03+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ভাইরাসের ভয়াবহ বিস্তার, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হিসাবে চলতি বছরকে অঙ্গরাজ্যটির অন্যতম ভয়াবহ বছর হিসেবে দেখা হচ্ছে। 

ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর প্রভাবেই ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তার বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আক্রান্তদের অধিকাংশের শরীরে কোনো লক্ষণ দেখা না গেলেও কিছু ক্ষেত্রে ভাইরাসটি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। 

বার্তা সংস্থা এএফপিকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাড নামের এক নারী। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। তার ভাষায়, এই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুও হতে পারত।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি ছিল। ফলে মশার প্রজনন ও বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়।

ওয়েস্ট নাইল ভাইরাসের উৎপত্তি আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালের আগে যুক্তরাষ্ট্রে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়নি। সাধারণত আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা ভাইরাসে সংক্রমিত হয়। পরবর্তী সময়ে সেই মশা মানুষকে কামড়ালে ভাইরাসটি মানবদেহে প্রবেশ করে।

এ ভাইরাসের প্রতিরোধে এখনো কোনো টিকা কিংবা নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কারও কারও ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা ও ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে। গুরুতর পরিস্থিতিতে মস্তিষ্কে সংক্রমণ, স্মৃতিশক্তি ও চিন্তাভাবনায় সমস্যা এবং পক্ষাঘাতের মতো জটিলতা তৈরি হতে পারে। আক্রান্তদের প্রায় এক শতাংশের ক্ষেত্রে মস্তিষ্কে গুরুতর সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।


বাডের ক্ষেত্রেও ভাইরাসটি মারাত্মক শারীরিক জটিলতা সৃষ্টি করেছিল। মানবিক সহায়তামূলক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কর্মরত এই নারী গত সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়েন। শুরুতে কোমরে ব্যথা অনুভব করায় তিনি সেটিকে সায়াটিকার সমস্যা বলে মনে করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তার পা শরীরের ভার বহনে অক্ষম হয়ে পড়ে এবং তিনি পড়ে যান।

পরে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হলে তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে হাসপাতালে শারীরিক পুনর্বাসন নিচ্ছেন এবং আবার হাঁটাচলার সক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

ফ্লোরিডায় জীবনের দীর্ঘ সময় কাটানো বাড জানান, সেখানে গরম আবহাওয়া ও মশার উপদ্রবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। কিন্তু ক্যালিফোর্নিয়ার মতো মনোরম আবহাওয়ার রাজ্যে এসে এমন ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের সেন্টার ফর ট্রপিক্যাল রিসার্চের জীববিজ্ঞানী রায়ান হ্যারিগানের মতে, ওয়েস্ট নাইল ভাইরাসের ভৌগোলিক বিস্তার ক্রমাগত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ বলে বিবেচিত বিভিন্ন রোগ এখন অপেক্ষাকৃত শীতল অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

তার মতে, ইউরোপেও একই ধরনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। চলতি বছর ইউরোপের ২০টি দেশে ওয়েস্ট নাইল ভাইরাসে দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ইতালি, গ্রিস ও ফ্রান্সে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়িয়ে দেশগুলোর অন্যান্য এলাকাতেও ভাইরাসটির বিস্তার ঘটছে।

এদিকে চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ায় রেকর্ড তাপপ্রবাহ দেখা যায়। এল নিনোর প্রভাবে গ্রীষ্মেও তীব্র গরম অব্যাহত ছিল। এর পর মৌসুমের তুলনায় উষ্ণ শরৎকালে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে। এসব আবহাওয়াগত পরিবর্তন মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে জমে থাকা পানিতে দ্রুত মশার প্রজনন ঘটছে।

রায়ান হ্যারিগান বলেন, বসন্তের শুরু থেকে শীতকাল পর্যন্ত মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ থাকায় ওয়েস্ট নাইল ভাইরাস ছড়িয়ে পড়ার সময়সীমাও দীর্ঘ হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর ভাইরাসটির সংক্রমণ সবচেয়ে বেশি। সেখানে মে মাসেই প্রথমবারের মতো সংক্রমিত মশার সন্ধান পাওয়া যায়, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা।

স্থানীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যবস্থাপক সুজান ক্লুহ জানান, মশার বিস্তার ঠেকাতে বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হচ্ছে। প্রতি মাসে নর্দমায় মশার লার্ভা ধ্বংসের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি পরিবেশে বন্ধ্যা পুরুষ মশা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বাড়ির আশপাশে জমে থাকা নোংরা পানি এবং দীর্ঘদিন অব্যবহৃত সুইমিংপুলের মতো জায়গা থেকে মশার প্রজননস্থল সরিয়ে ফেলার কাজও চলছে। তবে প্রতিটি বাড়ির পেছনের অংশে গিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুজান ক্লুহ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময়ে মশার কামড় থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত বাড়ছে। পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃষ্টির পানি জমে মশার বংশবিস্তারের ঝুঁকি আরও বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সুজান ক্লুহের মতে, বসন্তকাল পর্যন্ত বৃষ্টিপাত কত দিন স্থায়ী হয় এবং একই সময়ে তাপমাত্রা কতটা বাড়ে, তার ওপর মশার বিস্তারের পরিস্থিতি অনেকাংশে নির্ভর করবে। এসব বিষয়ই আগামী দিনের জনস্বাস্থ্য পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ভাইরাস  ক্যালিফোর্নিয়া  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: