প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স যুক্তরাষ্ট্রের অন্যতম বড় উৎসব থ্যাংকসগিভিংয়ের দিনেও রাজনৈতিক প্রতিপক্ষ, অভিবাসী ও সরকারি সংস্থার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এসব আক্রমণাত্মক মন্তব্য করেন।
বার্তায় ট্রাম্প বলেন, যারা যুক্তরাষ্ট্রকে উগ্র বামপন্থীদের দিকে নিয়ে যেতে কাজ করেছেন, তাদের সবাইকে তিনি থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানাচ্ছেন।
ছুটির দিনটি ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে কাটান। পরে মার-আ-লাগো থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলার কথা ছিল তার।
নিজের বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন সরকার অর্থনৈতিক তথ্য জালিয়াতি করছে। এ ছাড়া কিছু মানুষ দেশে মুসলিম ধর্মীয় আইন চালু এবং ব্যক্তিগত সম্পত্তি জোর করে অন্যদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী এবং সোমালি বংশোদ্ভূত মানুষদের নিয়েও নেতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। তাদের অনেককে বেকার ও অপরাধপ্রবণ বলে উল্লেখ করেন তিনি।
তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট। তার বক্তব্যের বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে সমালোচনারও জবাব দেন ট্রাম্প। তিনি বলেন, সাংবাদিক ও সাধারণ মানুষ তার সংস্কার প্রকল্পগুলো ভুলভাবে বুঝেছেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে দলটি।
সময়ের আলো/ইউএমএইচ