
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যা, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ । ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যা, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ । ছবি : সংগৃহীতথ্যাংকসগিভিং উৎসবের দিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। এতে দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপকূলীয় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা, বন্ধ হয়ে গেছে সড়ক ও সেতু। কোথাও কোথাও ভারী তুষারপাতও হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান ও রেল চলাচল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেডও ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার আয়োজনের কথা রয়েছে।
নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো বিভিন্ন সড়কে পানি জমে আছে। শহরটির জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানান, নিচু এলাকাগুলোতে দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি উঠেছিল। উদ্ধারকর্মীরা কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। কিছু সড়ক এখনো বন্ধ রয়েছে।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকাতেও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করেছেন জরুরি সেবাকর্মীরা। নরফোক শহরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩৯ জনকে উদ্ধার করেন। ভার্জিনিয়া বিচ এলাকাতেও ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। পয়োসন শহরে বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এসব ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিদ্যুৎহীন ৯ লাখের বেশি গ্রাহক
দুটি পৃথক ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
এর মধ্যে পেনসিলভানিয়ায় দুই লাখ ১৩ হাজারের বেশি, ভার্জিনিয়ায় দেড় লাখের বেশি এবং মিসৌরিতে প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয় অঙ্গরাজ্যেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
মিসৌরিতে ভারী ও ভেজা তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কোনো কোনো স্থানে তা ১৪ ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত হচ্ছে। মধ্য টেনেসির কিছু এলাকায় ২ থেকে ৪ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মেমফিসে প্রায় ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো থ্যাংকসগিভিংয়ের দিনে তুষারপাত হয়েছে।
বিমান ও রেল চলাচলে বিপর্যয়
ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকার কথা ছিল।
নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর মধ্যে চলাচলকারী উড়াল ট্রেন বন্ধ রাখা হয়। এর পরিবর্তে যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।
এ দিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। সমুদ্রের ঢেউ রেললাইনের ওপর আছড়ে পড়ায় কয়েকটি ট্রেন বাতিল করা হয়।
সামনের দিনগুলোতেও ঝড়ের পূর্বাভাস
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পরে ঝড়টি দক্ষিণ দিকে সরে রকি পর্বতমালার মধ্যাঞ্চলে তুষারপাত ঘটাতে পারে। শনিবার মধ্যাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমাঞ্চলেও বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রে ভ্রমণের অন্যতম ব্যস্ত দিন। ওই দিন লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চল ও মধ্য-আটলান্টিক এলাকাতেও ঝড়ের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া, শনিবার রাতে দেশটির পশ্চিম উপকূলে আরেকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। এতে পূর্ব ওয়াশিংটন থেকে বে এরিয়া পর্যন্ত ভ্রমণে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
সময়ের আলো/এসকে