ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, যুদ্ধের মানসিকতা ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের

2026-11-26T21:59:08+00:00
2026-11-26T22:01:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, যুদ্ধের মানসিকতা ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তানীতি নিয়ে নতুন করে ভাবতে চায় ওয়াশিংটন। তাদের বার্তা, সব সময় যুদ্ধের মানসিকতায় না থেকে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দিতে হবে।

বিপরীতমুখী এই অবস্থানের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি এবং তেহরানের আকস্মিক হামলার আশঙ্কার মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে।

নয় মাস ধরে চলা সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়েছে। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে, নেতানিয়াহু যখন নতুন করে সামরিক অভিযানের পক্ষে চাপ দিচ্ছেন, তখন ওয়াশিংটন কি ইসরায়েলকে কূটনীতির পথে ফেরাতে পারবে?

একাই হামলার প্রস্তুতি ইসরায়েলের

বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত ইসরায়েল।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেকোনো মুহূর্তে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত—এমনকি যুক্তরাষ্ট্র ছাড়াও একাই।’

ডেফরিনের দাবি, ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসেনি ইরান। তবে ইসরায়েলের সাধারণ মানুষের জন্য সামরিক বাহিনীর নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে ট্রাম্প প্রশাসনের সমর্থন চাইছেন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটনে পাঠানো হয়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। তবে নতুন করে হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ইসরায়েলকে কী বার্তা দিচ্ছে ওয়াশিংটন

এমন পরিস্থিতিতে ইসরায়েলের আঞ্চলিক নীতির বিষয়ে খোলামেলা মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। বুধবার জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের ‘সব সময় যুদ্ধের মানসিকতায়’ থাকা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়া প্রয়োজন।

এর দুই দিন আগে নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারেও কুশনার সতর্ক করে বলেছিলেন, গাজা নিয়ে অবস্থান না বদলালে ইসরায়েল বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়তে পারে।

তবে যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বানের অর্থ এই নয় যে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাক্ষাৎকারে ইরানে আবার মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কুশনার বলেন, ট্রাম্প ‘সব সময় সব বিকল্প খোলা রাখেন’।

কুশনার আরও জানান, ইরানের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা তাঁর বৈঠক হয়েছে। তবে কখন এসব বৈঠক হয়েছে কিংবা কূটনৈতিক যোগাযোগ এখনো চলছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

কেন নতুন হামলার পক্ষে নেতানিয়াহু

ইরানে আবার হামলার বিষয়ে নেতানিয়াহুর তৎপরতার পেছনে রয়েছে নিরাপত্তা উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু মনে করেন, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছে। তার ধারণা, ইরান এখনো নতুন সামরিক অভিযানের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ইরানে হামলার পক্ষে ট্রাম্পকে বারবার চাপ দিয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানবিষয়ক গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন মোসাদপ্রধান রোমান গফম্যান।

তবে ইসরায়েলের ভেতরেই নতুন হামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির এবং মোসাদের কয়েকজন গবেষকের মতে, এখনই নতুন অভিযান চালানোর জরুরি প্রয়োজন নেই। ইসরায়েলের কিছু নিরাপত্তা কর্মকর্তা বরং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে।

এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ। ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা চালানোর মধ্যে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতে কিংবা বিরোধীদের জাতীয় ঐক্যের সরকার গঠনে বাধ্য করতে তিনি নতুন করে সংঘাত উসকে দিতে চাইছেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানও তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের পক্ষে গোয়েন্দা তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে গুরুতর নিরাপত্তাঝুঁকিকে খাটো করে দেখানোর অভিযোগ তুলেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও হিসাবের বাইরে নয়। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে নতুন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সুযোগ কমে আসতে পারে।

তাই বিরোধটি শুধু ইরান ইসরায়েলের জন্য হুমকি কি না, তা নিয়ে নয়; বরং সেই হুমকি মোকাবিলায় এখনই আরেকটি যুদ্ধ শুরু করা প্রয়োজন কি না, সেটিই বড় প্রশ্ন।

ইরানে এককভাবে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতির কথা জানাচ্ছে ইসরায়েল। কিন্তু হামলা চালাতে পারা আর এখনই হামলা চালানো প্রয়োজন—দুটি এক বিষয় নয়। কুশনারের বক্তব্যে সেই বিতর্কই সামনে এসেছে: ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা কি সামরিক সংঘাত বাড়ানোর মধ্যেই, নাকি আঞ্চলিক কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতার পথে? 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরানে হামলা  নেতানিয়াহু  যুদ্ধ  মানসিকতা  যুক্তরাষ্ট্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: