অভিবাসনবিরোধী ঢেউয়ে বদলে যাচ্ছে স্পেনের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়া একসময় সমাজতন্ত্রীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তিন দশকেরও বেশি সময় ধরে সেখানে ক্ষমতায় ছিল সমাজতান্ত্রিক

2026-11-26T21:39:46+00:00
2026-11-26T21:39:46+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অভিবাসনবিরোধী ঢেউয়ে বদলে যাচ্ছে স্পেনের রাজনীতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়া একসময় সমাজতন্ত্রীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তিন দশকেরও বেশি সময় ধরে সেখানে ক্ষমতায় ছিল সমাজতান্ত্রিক দল। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক চিত্র। অভিবাসনবিরোধী বক্তব্য, জাতীয়তাবাদী প্রচার এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের অসন্তোষকে পুঁজি করে শক্তিশালী হয়ে উঠেছে কট্টর ডানপন্থি দল ভক্স। রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) সঙ্গে জোট করে এখন রাজ্যটি শাসন করছে দলটি।

রোববারের নির্বাচনের আগে আন্দালুসিয়ার এই রাজনৈতিক পরিবর্তন স্পেনের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ চিত্রও তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের ধারণা, রাজ্যটিতে পিপি ও ভক্সের যে জোট সরকার গঠিত হয়েছে, জাতীয় পর্যায়েও তেমন সমীকরণ তৈরি হতে পারে।

আন্দালুসিয়ার ছোট্ট গ্রাম রিওখার একটি পারিবারিক মুদিদোকানে বসে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন পরিবারের সদস্যরা। ৩২ বছর বয়সী আন্তোনিও সেরেজোর মতে, সব রাজনীতিবিদই ‘মিথ্যাবাদী’। তাই তিনি ভোট দেবেন ফাঁকা ব্যালটে। তার ৪৩ বছর বয়সী চাচাতো বোন পাত্রিসিয়া নিকোলাস সেরেজোও কাকে ভোট দেবেন, তা নিয়ে দ্বিধায়। তবে তার ১৮ বছর বয়সী ছেলে আলফোনসো দুকের কাছে সিদ্ধান্ত পরিষ্কার—প্রথমবার ভোট দিতে গিয়ে তিনি ভক্সকেই বেছে নেবেন। তার ভাষায়, ‘এর চেয়ে খারাপ আর কী হতে পারে।’

পরিবারটির সদস্যদের মধ্যে এক বিষয়ে মিল রয়েছে—তারা চান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক সরকার ক্ষমতা ছাড়ুক।

সমাজতন্ত্রীদের শক্ত ঘাঁটিতে ডানপন্থীদের উত্থান

একসময় আন্দালুসিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করত সমাজতান্ত্রিক দল পিএসওই। ১৯৮২ সালে রাজ্যটির প্রথম আঞ্চলিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি। এরপর টানা তিন দশকের বেশি সময় ক্ষমতায় ছিল তারা।

কিন্তু ২০১৮ সালের নির্বাচনে সেই আধিপত্যে ভাঙন ধরে। একের পর এক দুর্নীতির অভিযোগে সমাজতন্ত্রীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। ওই নির্বাচনে পিএসওই সবচেয়ে বেশি আসন পেলেও পিপি, উদারপন্থী সিউদাদানোস ও ভক্সের সমর্থনে সরকার গঠন করে। স্পেনে প্রথমবারের মতো কট্টর ডানপন্থীদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে পিপি।

সেভিয়ার পাবলো দে ওলাভিদে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক বস্কো গোভান্তেসের মতে, ঘটনাটি স্পেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নজির তৈরি করে। তার ভাষায়, ‘প্রথমবারের মতো পিপি কট্টর ডানপন্থীদের সরকার গঠনের দরজা খুলে দিয়েছিল। এর ফলে জাতীয় পর্যায়েও ভক্সের সঙ্গে সহযোগিতার বিষয়টি স্বাভাবিক হয়ে ওঠে।’

২০১৩ সালে সান্তিয়াগো আবাস্কালের নেতৃত্বে গঠিত হয় ভক্স। কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে রক্ষণশীলদের অবস্থানকে অতিরিক্ত নমনীয় মনে করে দলটির একদল কট্টরপন্থী নেতা বেরিয়ে এসে নতুন দলটি গঠন করেন। শুরুতে মূলধারার রাজনীতিতে জায়গা করতে হিমশিম খেলেও ২০১৮ সালে আন্দালুসিয়ার আঞ্চলিক পার্লামেন্টে প্রবেশ করে ভক্স।

কাতালোনিয়া ইস্যু জাতীয় রাজনীতিতে গুরুত্ব হারানোর পর অভিবাসনকে প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত করে দলটি।

অভিবাসনবিরোধী বক্তব্যে বাড়ছে সমর্থন

ভক্সের নেতা আবাস্কাল প্রধানমন্ত্রী সানচেজের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন, তার সরকার স্পেনে অভিবাসীদের ‘অনুপ্রবেশ’ ঘটতে দিচ্ছে, যার উদ্দেশ্য স্প্যানিশ জনগোষ্ঠীর জায়গা দখল করা। দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস ও কাজ করা অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দেওয়ার সরকারি নীতিরও বিরোধিতা করে দলটি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সানচেজের শাসনামল শুরু হওয়ার পর থেকে গত বছর পর্যন্ত স্পেনে বিদেশে জন্ম নেওয়া বাসিন্দার সংখ্যা ৬৩ লাখ থেকে বেড়ে ১ কোটি ৪ লাখে দাঁড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি অভিবাসীদের বৈধতা দেওয়ার নীতিকে নিজের সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেন সানচেজ।

অন্যদিকে ভক্স ক্ষমতায় গেলে এসব নীতি পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ২০২৩ সালের নির্বাচনের তুলনায় এবার যে দলটির ভোটের হার সবচেয়ে বেশি বাড়তে পারে, সেটিও ভক্স। জনমত জরিপে দেখা গেছে, ২০২৩ সালে পিপিকে ভোট দেওয়া স্প্যানিশদের সর্বোচ্চ ২০ শতাংশ এবার ভক্সকে ভোট দেওয়ার কথা ভাবছেন।

ভোটার হারানোর আশঙ্কায় পিপিকেও অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থান নিতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রী সানচেজ নির্বাচনকে অগ্রগতি ও পশ্চাৎমুখিতার লড়াই হিসেবে তুলে ধরেছেন। তার অভিযোগ, পিপি ও ভক্স কেবল মানুষের অধিকার সংকুচিত করার প্রশ্নেই একমত।

তবে আন্দালুসিয়ার অনেক ভোটারের কাছে এই জোট নিয়ে উদ্বেগ কম। ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত গৃহিণী রোসারিয়ার ভাষায়, ‘ভক্স সরকারে থাকলে আমার আপত্তি নেই। পিপি তাদের নিয়ন্ত্রণে রাখবে।’

নারী অধিকার ও অভিবাসন নিয়ে মতবিরোধ

নারীর অধিকার প্রশ্নেও পিপি ও ভক্সের মধ্যে মতপার্থক্য রয়েছে। সানচেজের অভিযোগ, ভক্স ক্ষমতায় গেলে নারীদের অর্জিত অধিকার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে।

গত বছর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্পেনের বিভিন্ন দলের মধ্যে হওয়া চুক্তি নবায়নের পক্ষে ছিল পিপি। অন্যদিকে, ২০০৪ সালের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ আইন বাতিল করতে চায় ভক্স। দলটির দাবি, আইনটি পুরুষদের প্রতি বৈষম্যমূলক। এর পরিবর্তে নারী-পুরুষ নির্বিশেষে পারিবারিক সহিংসতার শিকার সবার সুরক্ষায় নতুন আইন চায় তারা।

তবে অভিবাসন ও আবাসন নীতিতে দুই দলের সহযোগিতা স্পষ্ট। আন্দালুসিয়ায় সরকারি ভর্তুকির আবাসন পাওয়ার ক্ষেত্রে স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে তারা। বর্তমানে স্থানীয়ভাবে বসবাস বা কাজ করেন—এমন ব্যক্তিদের জাতীয়তা নির্বিশেষে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে। গত মাসে পিপি ও ভক্স স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানোর পক্ষে অবস্থান নেয়, যেখানে সরকারি আবাসন ও আবাসন সহায়তায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আঞ্চলিক জোট চুক্তিতেও আন্দালুসিয়া বা স্পেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে—এমন ব্যক্তিদের সরকারি সুবিধা ও সামাজিক আবাসনে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

অন্য অঞ্চলগুলোতেও দুই দলের সহযোগিতার প্রভাব পড়েছে শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে। আরাগন অঞ্চলে এ বছর স্কুলে আরবি ভাষা ও মরক্কোর সংস্কৃতি শেখানোর একটি কর্মসূচি বন্ধ করা হয়েছে। ২০২৭ সালে আন্দালুসিয়াতেও একই পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে পিপি ও ভক্সের সমর্থনে পৌরসভার ক্রীড়া স্থাপনা ব্যবহারে বিধিনিষেধ আরোপের পর মুসলিমদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয়েছে একটি গাড়ি পার্কিং এলাকায়। মুসলিমদের ধর্মীয় জমায়েতে এর প্রভাব নিয়ে সমালোচনা হয়েছে।

ভ্যালেন্সিয়ায় স্কুলের খাবারে ব্যবহৃত মাংস জবাইয়ের আগে অচেতন করা পশু থেকে সংগ্রহের নিয়মের পক্ষে অবস্থান নিয়েছে দল দুটি। এতে নির্ধারিত শর্ত পূরণ করে হালাল খাবার পরিবেশনের সুযোগ থাকছে। অন্যদিকে, বালিয়ারিক দ্বীপপুঞ্জে জনসমক্ষে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাব স্পেনের পার্লামেন্টে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে তারা।

অভিবাসীদের মধ্যে বাড়ছে আতঙ্ক

ভক্সের অভিবাসননীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন স্পেনে বসবাসরত অভিবাসীরা। দলটি এমন বিদেশিদেরও বহিষ্কারের দাবি জানিয়েছে, যারা বৈধভাবে বসবাসের অধিকার থাকা সত্ত্বেও সরকারি সুবিধার ওপর নির্ভর করেন বলে তাদের অভিযোগ। ইউরোপের অন্য দেশগুলোতে এমন নীতির নজির নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কলম্বিয়া থেকে চার বছর আগে স্পেনে আসেন ইউদি রামিরেজ। ৪৯ বছর বয়সী এই নারী দীর্ঘদিন সন্তানকে দেখাশোনার পাশাপাশি গৃহপরিচারিকা ও আলমেরিয়ার একটি গ্রিনহাউসে ফল সংগ্রহের কাজ করেছেন। ঘণ্টায় পাঁচ ইউরো মজুরিতে কাজ করেও সংসার চালাতে হয়েছে তাঁকে। গত জুনে অবশেষে স্পেনে বৈধভাবে বসবাসের কাগজপত্র পেয়েছেন তিনি।

রামিরেজ বলেন, ‘আমাদের অনেকেই ভয়ে আছি। কারণ, এই মুহূর্তে দেশে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’


তবে ভক্সের অভিবাসনবিরোধী বক্তব্য সব অভিবাসীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয় বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। দলটির বক্তব্যে জাতিগত ও বর্ণগত দৃষ্টিভঙ্গির প্রভাব রয়েছে। লাতিন আমেরিকা থেকে আসা স্প্যানিশ ভাষাভাষী অভিবাসীদের তুলনামূলকভাবে ইতিবাচক চোখে দেখা হয়। কারণ, ভক্স লাতিন বিশ্বের কট্টর ডানপন্থী আন্দোলনগুলোর সঙ্গে নিজেদের একটি সাংস্কৃতিক বলয়ের অংশ হিসেবে তুলে ধরে।

আন্দালুসিয়ার গ্রিনহাউসভিত্তিক কৃষি খাত বিদেশি শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অধ্যাপক গোভান্তেসের মতে, স্পেনে অভিবাসীদের কাজ করাটা আগে থেকেই মেনে নেওয়া হতো, কিন্তু তাদের অধিকার স্বীকার করার বিষয়টি ছিল সমস্যা। সমাজতান্ত্রিক সরকারের বৈধতা দেওয়ার উদ্যোগের ফলে মালিকদের আইনি চুক্তি করতে, সামাজিক নিরাপত্তা খাতে অর্থ দিতে এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হয়েছে।

গোভান্তেসের ভাষায়, ‘অভিবাসীদের কাজ সব সময়ই সহ্য করা হয়েছে, যতক্ষণ তা অদৃশ্য ও অবৈধ ছিল। তারা যখন দৃশ্যমান ও বৈধ হয়ে উঠলেন, তখন তাদের বিরুদ্ধে স্প্যানিশদের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল।’

আন্দালুসিয়ার এই রাজনৈতিক পরিবর্তন তাই কেবল একটি আঞ্চলিক নির্বাচনের বিষয় নয়। অভিবাসন, জাতীয় পরিচয়, নারী অধিকার ও রক্ষণশীল রাজনীতির বিস্তার—সব মিলিয়ে স্পেনের আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা বুঝতে এই অঞ্চল এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   অভিবাসনবিরোধী  ঢেউ  স্পেনের রাজনীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: