
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত বিশ্ব বাণিজ্যে চীনের প্রভাব কমাতে নতুন করে শুল্কের চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের পণ্যের ওপর শুল্ক বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকেও বাণিজ্যিক অবস্থান কঠোর করার চাপ দিচ্ছে ওয়াশিংটন। এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় চীনের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে আরও ২০ শতাংশ যোগ করতে চায় ট্রাম্প প্রশাসন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক বহাল রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যবিরতি চুক্তিতে এই সীমা নির্ধারিত হয়েছিল। নতুন করে উত্তেজনা তৈরি হলে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
তবে নতুন শুল্কের পদক্ষেপ আপাতত দুই দেশের বাণিজ্যবিরতি চুক্তির সীমার মধ্যেই রয়েছে। আগামী মাসে মিয়ামিতে দুই দেশের নেতাদের চতুর্থ বৈঠক হওয়ার কথা। পাশাপাশি আগামী ১০ জানুয়ারি শেষ হচ্ছে দুই দেশের বাণিজ্য চুক্তির মেয়াদ। এর আগে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত উত্তেজনা বাড়াতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের হাতে নতুন পদক্ষেপগুলো অতিরিক্ত চাপ তৈরির হাতিয়ার হিসেবে কাজ করবে। অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য আলোচনায় চীনের প্রসঙ্গ টেনে ওয়াশিংটন তাদের আমদানি নিয়ন্ত্রণ ও চীননির্ভরতা কমাতে উৎসাহিত করছে।
চীনের বিরুদ্ধে অন্যায্য শিল্পনীতি ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে আট মাসের তদন্তের পর নতুন শুল্কের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এখন পর্যন্ত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়নি দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিবেদনে ভিয়েতনামের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ৩০০ বারের বেশি চীনের নাম এসেছে। ওয়াশিংটনের অভিযোগ, বাণিজ্য অংশীদার দেশগুলো চীন থেকে আমদানি ও বিনিয়োগ নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
আবারও বাণিজ্যযুদ্ধের আশঙ্কা
বিশ্ব বাণিজ্য নতুন করে সাজানোর ক্ষেত্রে ট্রাম্পের এই উদ্যোগ এসেছে তার আগের শুল্কনীতিতে বড় ধাক্কার পর। ২০২৫ সালের এপ্রিলে ‘লিবারেশন ডে’ নামে পরিচিত শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই সময় প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বাড়িয়েছিল ওয়াশিংটন। তবে চীনই সবচেয়ে জোরালো পাল্টা ব্যবস্থা নিয়েছিল।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক একপর্যায়ে তিন অঙ্কের ঘরে পৌঁছায়। বিরল খনিজ পরিশোধনের বাজারে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীন। এতে গাড়ি থেকে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত বিভিন্ন খাতে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ বৈঠকের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।
চলতি মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উষ্ণ অভ্যর্থনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরও দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়েছে। বিমানবন্দরে প্রচলিত রীতির বাইরে গিয়ে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান সি। এদিকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং।
এ ছাড়া চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব ঘটনাকে দুই দেশের বাণিজ্যবিরতি কার্যকর থাকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে শুল্ক আরও বাড়ানোর সুযোগ থাকলেও এর মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক থাকতে পারে ওয়াশিংটন। চলতি মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চেন বো বলেন, চীন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না, তেমনি ওয়াশিংটনেরও তা চাওয়ার কথা নয়। দুই পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
চীনের সঙ্গে অন্য দেশগুলোর বিরোধ বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্র যখন চীনা পণ্যে শুল্ক বাড়ায়, তখন বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি কমলেও চীনের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি বাড়তে পারে। এতে নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষায় অন্য দেশগুলোর ওপরও চাপ তৈরি হয়।
চীনের সমালোচকদের অভিযোগ, দেশটির অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রফতানির ওপর নির্ভরতা বাড়ছে। ফলে চীনের অর্থনীতি বৈশ্বিক চাহিদায় যতটা অবদান রাখছে, তার তুলনায় বিশ্ববাজারে পণ্য সরবরাহ করছে বেশি। এতে অন্য দেশের শিল্প ও অর্থনীতি চাপে পড়ছে।
ম্যাককুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শেভেটস বলেন, চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতাই ভবিষ্যতে বাণিজ্য উত্তেজনার বড় কারণ হয়ে উঠতে পারে। তার মতে, বর্তমানে চীনের বাণিজ্য ভারসাম্যহীনতার সবচেয়ে বেশি চাপ ইউরোপীয় ইউনিয়নের ওপর পড়লেও ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পরিস্থিতির মুখে পড়তে হবে। ফলে শুল্ক ও শুল্কবহির্ভূত বাণিজ্যিক বিধিনিষেধ বাড়তে পারে।
এদিকে চীনা গাড়ি আমদানিতে কোটা আরোপে বেইজিংকে রাজি করিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্য দিয়ে বাণিজ্য ইস্যুতে চীন সব সময় নিজের অবস্থানে অনড় থাকতে পারে না, এমন বার্তাও পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, অন্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বেইজিংকে আরও ছাড় দিতে হতে পারে।
সূত্র : রয়টার্স
সময়ের আলো/জেডি