এনভিডিয়া প্রধানের প্রত্যাবর্তনকে কেন উদযাপন করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কোম্পানিতে প্রত্যাবর্তনে শুধু যুক্তরাষ্ট্র নয়, স্বস্তি ফিরেছে ইসরায়েলেও। দেশটিতে এনভিডিয়ার বড় বিনিয়োগ, বিপুল

2026-11-26T17:46:06+00:00
2026-11-26T17:46:06+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এনভিডিয়া প্রধানের প্রত্যাবর্তনকে কেন উদযাপন করছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি : সংগৃহীত
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি : সংগৃহীত
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের কোম্পানিতে প্রত্যাবর্তনে শুধু যুক্তরাষ্ট্র নয়, স্বস্তি ফিরেছে ইসরায়েলেও। দেশটিতে এনভিডিয়ার বড় বিনিয়োগ, বিপুল কর্মী এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম রয়েছে। ইসরায়েলের অর্থনীতিতেও প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। তাই হুয়াংয়ের পদে ফেরা দেশটির প্রযুক্তি খাত ও অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক বিতর্কের জেরে পদত্যাগের পর সোমবার আবারও এনভিডিয়ার সিইও ও প্রেসিডেন্টের দায়িত্বে ফেরেন হুয়াং। তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের প্রযুক্তি খাতের অংশীদারত্ব প্রতিষ্ঠানটির পাশাপাশি দেশটির উদ্ভাবননির্ভর অর্থনীতির জন্যও বিপুল মূল্য তৈরি করেছে। নেতৃত্বে ধারাবাহিকতা এ অংশীদারত্ব ও বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের জন্য সুখবর।

একসময় ইসরায়েলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছিলেন হুয়াং। নেতানিয়াহুর বক্তব্যেও সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেছে।

বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। এআই প্রযুক্তির মূল চালিকাশক্তি গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বৈশ্বিক বাজারের প্রায় ৯০ শতাংশই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে।

যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ইসরায়েলে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ছয় হাজারে দাঁড়িয়েছে। ইয়োকনিয়াম, তেল আবিব, জেরুজালেম, রা’আনানা ও বেরশেবায় সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র রয়েছে তাদের। হাইফার কাছে কিরিয়াত তিভনে ১০ হাজার কর্মীর কর্মসংস্থানের উপযোগী একটি বড় গবেষণা ক্যাম্পাস তৈরির পরিকল্পনাও রয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটিতে এনভিডিয়ার কার্যক্রমের কারণে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে। এতে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৫ দশমিক ৬ শতাংশে। এনভিডিয়ার অবদান না থাকলে প্রবৃদ্ধি হতো ৩ দশমিক ৪ শতাংশ। আগামী বছর প্রতিষ্ঠানটি জিডিপি প্রবৃদ্ধিতে আরও ২ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনভিডিয়ার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটি ইসরায়েলকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে। কিছু হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির মোট সরকারি কর রাজস্বের প্রায় ৩ শতাংশ আসতে পারে এনভিডিয়ার কাছ থেকে।

গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পর তেল আবিব স্টক এক্সচেঞ্জে (টিএএসই) দরপতন দেখা দেয়। তবে দিন শেষে প্রধান সূচক টিএ-৩৫ দশমিক ২২ শতাংশ এবং টিএ-১২৫ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে বন্ধ হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানের সূচক ব্লুটেক গ্লোবাল ইনডেক্স কমে যায় শূন্য দশমিক ১৫ শতাংশ।

তবে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এনভিডিয়ায় অস্থিরতা এবং বিশেষ করে হুয়াংয়ের বিদায়ে দেশটির অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন।

সোমবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও হুয়াংকে অভিনন্দন জানান। ইসরায়েলের প্রতি তার সমর্থন এবং এনভিডিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক জোরদারে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হারজগ। প্রেসিডেন্টের দফতর জানায়, হুয়াং বলেছেন, বার্তাটি পেয়ে তিনি আবেগাপ্লুত এবং তাকে দেওয়া দ্বিতীয় সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান। 

গাজায় ইসরায়েলের যুদ্ধ, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং দক্ষিণ লেবাননের দখলদারত্বের মধ্যে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এনভিডিয়া। তবে প্রতিষ্ঠানটির জন্যও ইসরায়েল সমান গুরুত্বপূর্ণ।

২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণের মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর হয়। এনভিডিয়ার এআই প্রসেসিং সক্ষমতা বাড়াতে অধিগ্রহণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এআইয়ের কাজ পরিচালনায় শক্তিশালী জিপিইউ তৈরি করলেও একটি জিপিইউ একা সব কাজ করতে পারে না। একাধিক জিপিইউর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য প্রয়োজন বিশেষ নেটওয়ার্ক অবকাঠামো। মেলানক্স সেই প্রযুক্তি সরবরাহ করে, যা ডেটা সেন্টারের ভিত্তি হিসেবে কাজ করে।


মেলানক্সকে ঘিরে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। এটি প্রতিষ্ঠানটির ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

গত জানুয়ারিতে লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে হুয়াং এনভিডিয়ার গুরুত্বপূর্ণ চিপ তৈরিতে ইসরায়েলের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, ব্লুফিল্ড-৪ ডিপিইউ এবং কানেক্টএক্স-৯ সুপারনিক, এনভিলিংক-৬ সুইচ ও স্পেকট্রাম-৬ ইথারনেট সুইচ—এই চারটি প্রযুক্তিই ইসরায়েলে তৈরি হয়েছে। এনভিডিয়ার ছয়টি চিপের মধ্যে চারটির উন্নয়নে ইসরায়েলের কর্মীরা যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহারের অভিযোগও উঠেছে। নোবেল শান্তি পুরস্কারজয়ী সংগঠন আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এনভিডিয়ার একাধিক পণ্য ব্যবহার করছে।

সংগঠনটির গত বছরের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এনভিডিয়ার কয়েকটি পণ্য কেনার তথ্য প্রকাশ করেছিল। এসব পণ্যের মধ্যে এআইভিত্তিক কাজের জন্য তৈরি জেটসন কার্ড ও ডিজিএক্স রয়েছে। তবে প্রকাশ্য তথ্যভান্ডারে শুধু অশ্রেণিবদ্ধ চুক্তির তথ্য থাকায় সামরিক বাহিনীতে এনভিডিয়ার পণ্য ও সেবার প্রকৃত ব্যবহারের পরিমাণ আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের শনাক্ত ও লক্ষ্যবস্তু করতে ইসরায়েল ‘দ্য গসপেল’, ‘ল্যাভেন্ডার’ ও ‘হোয়ার্স ড্যাডি?’ নামে পরিচিত এআই ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহার করেছে। এসব ব্যবস্থায় এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহারের কারণে যুদ্ধাপরাধের ঘটনায় প্রতিষ্ঠানটির সম্ভাব্য সংশ্লিষ্টতার প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

এ ছাড়া এনভিডিয়ার জেটসন টিএক্স-২ এআই প্রসেসর ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি ‘ল্যানিয়াস’ ড্রোনে যুক্ত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ হত্যায় এসব ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এনভিডিয়া  প্রধান  প্রত্যাবর্তন  উদযাপন  ইসরায়েল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: