ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যুদ্ধে যেভাবে যুক্ত সিলিকন ভ্যালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর নজরদারি, অবস্থান শনাক্ত ও সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল। গুগল, অ্যামাজন,

2026-11-26T17:23:28+00:00
2026-11-26T17:23:28+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যুদ্ধে যেভাবে যুক্ত সিলিকন ভ্যালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম 
ওয়াশিংটন ডিসিতে অ্যাসোসিয়েশন অফ দ্য ইউনাইটেড স্টেটস আর্মির বার্ষিক সভা ও প্রদর্শনী চলাকালীন প্যালান্টিয়ারের সাইনবোর্ড দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত
ওয়াশিংটন ডিসিতে অ্যাসোসিয়েশন অফ দ্য ইউনাইটেড স্টেটস আর্মির বার্ষিক সভা ও প্রদর্শনী চলাকালীন প্যালান্টিয়ারের সাইনবোর্ড দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর নজরদারি, অবস্থান শনাক্ত ও সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, প্যালান্টির ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের প্রযুক্তি ও অবকাঠামো ইসরায়েলের সামরিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণে সহায়তার অভিযোগ উঠেছে।

সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি সংরক্ষণের অভিযোগ সামনে এসেছে। মানবাধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ব্যবস্থায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের গভীর সম্পৃক্ততার প্রমাণ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং সামরিক অভিযানে ব্যবহৃত প্রযুক্তি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ প্রতিষ্ঠান।

২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংশ্লিষ্ট মিশনে’ সহযোগিতার জন্য কৌশলগত অংশীদারত্ব করে প্যালান্টির। একই সময়ে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউডে ফিলিস্তিনিদের ফোনালাপের বিপুলসংখ্যক রেকর্ড সংরক্ষণের অভিযোগ ওঠে। এসব তথ্য প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ছাড়া ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলি সামরিক বাহিনীকে ক্লাউড সেবা, মুখ শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সরবরাহ করছে।

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়াও ইসরায়েলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির কর পরিশোধ দেশটির বাজেট ঘাটতি কমাতে সহায়তা করছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদেরা।

ডিজিটাল অধিকার সংগঠনে কাজ করা জালাল আবুখাতের বলেন, ফিলিস্তিনিদের প্রতিনিয়ত নজরদারির মধ্যে থাকতে হয়। চেকপোস্ট, সড়কের ক্যামেরা ও বিভিন্ন স্থানে তাদের ছবি সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য এমন ব্যবস্থায় যুক্ত হচ্ছে, যার ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। 

ইসরায়েলের সামরিক অভিযানে এআই প্রযুক্তি

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর দেশটির ক্লাউড ও এআই অবকাঠামোর ওপর চাপ বাড়লে গুগল ও অ্যামাজন সহায়তা দেয় বলে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলি সামরিক অভিযানে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের তথ্যও সামনে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে মডেলটির ব্যবহার শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় যুদ্ধ শুরুর পর এর ব্যবহার ২০ গুণ বেড়েছিল।

তবে ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কারা তাদের প্রযুক্তি ব্যবহার করছে, সেটিও তারা নিয়ন্ত্রণ করে না।

প্যালান্টিরের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহের অভিযোগও উঠেছে। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজ বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ধরনের সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য ভিত্তি রয়েছে। তবে প্যালান্টির যুদ্ধাপরাধে সহায়তা এবং ইসরায়েলের ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-ভিত্তিক লক্ষ্য নির্ধারণব্যবস্থা তৈরির অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে ইসরায়েলি গোয়েন্দারা

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের সম্পৃক্ততার বিষয়টিও সামনে এসেছে।

২০২৫ সালে ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের প্রায় ১ হাজার ৪০০ সদস্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সাবেক বা বর্তমান সদস্য। মাইক্রোসফট, এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলে তাদের অনেকে কর্মরত।


প্রযুক্তিবিষয়ক সংগঠন টেক ফর প্যালেস্টাইনের প্রতিষ্ঠাতা পল বিগারের দাবি, এসব প্রতিষ্ঠানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সদস্যদের উপস্থিতি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে।

এদিকে, মাইক্রোসফটের এক তদন্তে ইসরায়েলে কর্মরত কয়েকজন কর্মীর মধ্যে প্রতিষ্ঠানটির প্রতি দায়িত্ব ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি আনুগত্য নিয়ে দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নজরদারির ব্যাপ্তি নিয়ে উদ্বেগ

জালাল আবুখাতেরের মতে, ফিলিস্তিনিদের চলাফেরা ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বিপুল তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফোন ট্র্যাকিং ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে তাদের কোথায় যাওয়া এবং কতক্ষণ অবস্থান করার তথ্যও সংরক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা প্রকাশ্যে আসার পর নেদারল্যান্ডসের একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিং থাকার তথ্য সামনে আসে। তার প্রশ্ন, অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে কী পরিমাণ তথ্য রয়েছে এবং সেগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে?

এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারির অভিযোগ তদন্ত করা হয়েছে। তদন্তের পর প্রযুক্তির ব্যবহার তদারকিতে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস বলেছে, গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করে তারা। গ্রাহকের সম্মতি ছাড়া তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে মন্তব্য করে না প্রতিষ্ঠানটি।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ফিলিস্তিনি  ইসরায়েল  যুদ্ধ  সিলিকন ভ্যালি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: