শুল্কের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকির মুখে দেশটির সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করতে চায় ভিয়েতনাম। নতুন শুল্ক কার্যকর হলে দেশটির পোশাক,

2026-11-26T11:00:12+00:00
2026-11-26T11:00:12+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শুল্কের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ভিয়েতনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম 
এই প্রতীকী ছবিতে থ্রিডি প্রিন্ট করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ক্ষুদ্রাকৃতির মডেল, ভিয়েতনামের পতাকা এবং ‘শুল্ক’ শব্দটি দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স
এই প্রতীকী ছবিতে থ্রিডি প্রিন্ট করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ক্ষুদ্রাকৃতির মডেল, ভিয়েতনামের পতাকা এবং ‘শুল্ক’ শব্দটি দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকির মুখে দেশটির সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করতে চায় ভিয়েতনাম। নতুন শুল্ক কার্যকর হলে দেশটির পোশাক, জুতা ও ইলেকট্রনিকস রফতানি খাত ক্ষতির মুখে পড়তে পারে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যত দ্রুত সম্ভব বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে কাজ করছে তারা। একই সঙ্গে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে সহযোগিতা করার কথাও জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভিয়েতনামের ওপর শুল্কের হার সবচেয়ে বেশি হতে পারে। ১৪টি দেশের মধ্যে চীনের পরই রয়েছে ভিয়েতনাম।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হলে ভিয়েতনামের ওপর শুল্কের হার ২০ শতাংশ হতে পারে। বর্তমানে দেশটির সাধারণ শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৮ শতাংশ শুল্কে চুক্তি করেছে।

উত্তর ভিয়েতনামে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানা রয়েছে এমন শিল্পাঞ্চল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিইসি ইন্ডাস্ট্রিয়াল জোনসের প্রধান ব্রুনো জাসপার্ট বলেন, আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে। নতুন শুল্কের হুমকি দ্রুত চুক্তি করার চাপ তৈরি করেছে।


পোশাক ও জুতা শিল্পে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে ভিয়েতনামের কিছু শিল্প ইতোমধ্যে ক্ষতির মুখে পড়েছে। অর্ডার কমে যাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। 

সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান স্যাভিলসের ভিয়েতনাম শাখার শিল্পসেবা বিভাগের প্রধান জন ক্যাম্পবেল বলেন, নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা বাড়বে। এতে পণ্য সংগ্রহ ও ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, যেসব পোশাক, বস্ত্র ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বেশি নির্ভরশীল, তারা বাড়তি খরচ ও মুনাফা কমে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

ভিয়েতনামে নাইকি ও অ্যাডিডাসের মতো বড় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। তবে দেশটিতে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের গতি কমেছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় নতুন বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন জুতা শিল্পের কর্মকর্তারা।

ইলেকট্রনিকস খাতেও শুল্কের প্রভাবের আশঙ্কা

পোশাক ও জুতার পাশাপাশি ভিয়েতনামের ইলেকট্রনিকস শিল্পও নতুন শুল্কের কারণে সমস্যায় পড়তে পারে। দেশটির বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্ত চলছে। এ বিষয়ে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে ভিয়েতনামকে।

এ ছাড়া চীনে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ভিয়েতনামকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের অভিযোগও করেছে ওয়াশিংটন।

ভিয়েতনামের ইলেকট্রনিকস শিল্পে কম্পিউটার, ট্যাবলেট ও ভিডিও গেম কনসোল তৈরিতে চীনের তৈরি অনেক যন্ত্রাংশ ব্যবহার করা হয়। তাই নতুন শুল্ক আরোপ হলে এ শিল্পের সরবরাহব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

স্যামসাং ও টেসলাসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান মেধাস্বত্বসংক্রান্ত অভিযোগে ভিয়েতনামের ওপর শুল্ক না বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানিয়েছে। তাদের মতে, শুল্ক বাড়ানো হলে পণ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টা আগে বাণিজ্যসংক্রান্ত তদন্তে ওঠা বিষয়গুলো সমাধানে একটি পরিকল্পনা প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার।

এ পরিকল্পনায় আমদানির ওপর নির্ভরতা পর্যালোচনা, দেশে নিজস্ব সরবরাহব্যবস্থা তৈরি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য সরবরাহের তথ্য সংরক্ষণে একটি তথ্যভান্ডার তৈরির কথা বলা হয়েছে।

এ ছাড়া বাণিজ্য উদ্বৃত্তের বিষয়টি নজরে রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দিয়েছে ভিয়েতনাম সরকার।

সূত্র : রয়টার্স

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ভিয়েতনাম  যুক্তরাষ্ট্র  শুল্ক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: