প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম

উৎপাদিত আলু খাওয়ার উপযোগী। সংগৃহীত ছবি
উৎপাদিত আলু খাওয়ার উপযোগী। সংগৃহীত ছবিচাঁদে মানুষের বসতি গড়ার স্বপ্ন অনেক দিনের। তবে সেখানে দীর্ঘদিন থাকতে হলে খাবার, পানি ও বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পৃথিবী থেকে সব খাবার নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই চাঁদেই খাদ্য উৎপাদনের উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। এবার সেই প্রচেষ্টায় নতুন আশার খবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। তারা গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে আলু ফলিয়েছেন।
গবেষকদের দাবি, উৎপাদিত আলু খাওয়ার উপযোগী। নাসার অর্থায়নে পরিচালিত গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। নাসার আর্টেমিস মিশনের অন্যতম লক্ষ্য চাঁদে বসবাসের উপায় খুঁজে বের করা। এ লক্ষ্য পূরণে চাঁদে খাদ্য উৎপাদনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকরা।
চাঁদের মাটিকে বলা হয় রেগোলিথ। এটি মূলত ভাঙা পাথর ও ধুলাবালুর মিশ্রণ। এতে মাটির মতো জৈব পদার্থ নেই। গবেষণাটির প্রধান গবেষক অ্যামেরিক গোয়ে রয়টার্সকে বলেন, রেগোলিথে নাইট্রোজেন নেই। পাশাপাশি এতে তামার মতো ভারী ধাতুও রয়েছে। ফলে এ মাটিতে সরাসরি ফসল ফলানো কঠিন।
এই সমস্যা কাটাতে গবেষকেরা চাঁদের বিভিন্ন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেন। এরপর তাতে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু চাষ করেন। পরীক্ষায় দেখা যায়, জৈব সার ছাড়া গাছগুলোতে তেমন শিকড় বা আলু তৈরি হয়নি। রেগোলিথের সঙ্গে ৫ থেকে ১৫ শতাংশ জৈব সার মেশানোর পর গাছের বৃদ্ধি কিছুটা স্বাভাবিক হয়। আর ৩০ শতাংশ জৈব সার মেশালে আলুর ফলন ও মান যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টনের মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়। উল্লেখ্য, এলাকাটি উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত।
গবেষকদের ধারণা, জৈব পদার্থ ভারী ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে গাছ এসব ধাতু কম শোষণ করে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, আলুগুলোর পুষ্টিগুণ অক্ষুণ্ন ছিল। আলু সবুজ হয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডের পরিমাণেও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।
গবেষণাপত্রে বলা হয়েছে, কিছু পরীক্ষায় উৎপাদিত আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সামান্য বেশি পাওয়া গেছে। বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। গাছগুলো ছোট টবে উৎপাদন করা হয়েছিল। ওই টবে পৃথিবীর মাটিতে আলু উৎপাদন করার পর সেগুলোর ওজন গড়ে ১০ গ্রামের কম ছিল।
গোয়ে বলেন, উৎপাদিত আলু পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষকেরা এখনো সেগুলোর স্বাদ নেননি। পরবর্তী গবেষণায় বড় টবে ও আলুর ১০টি জাত নিয়ে পরীক্ষা চালানো হবে। ওরেগন স্টেট ইউনিভার্সিটি জানিয়েছে, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে সামান্য জৈব পদার্থ নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য থেকে আরও জৈব সার তৈরি করাও সম্ভব হতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ