বাংলাদেশসহ ১৪ দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৪টি দেশের ওপর নতুন করে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত উৎপাদন

2026-11-25T22:58:45+00:00
2026-11-25T22:58:45+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
প্রস্তাবিত শুল্ক যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। ছবি : গালফ নিউজ
প্রস্তাবিত শুল্ক যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। ছবি : গালফ নিউজ
চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৪টি দেশের ওপর নতুন করে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে কয়েক মাস তদন্তের পর বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব প্রকাশ করে মার্কিন প্রশাসন।   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, এসব দেশ বাজারের চাহিদা ও স্বাভাবিক বাণিজ্যনীতি বিবেচনা না করে অতিরিক্ত পণ্য উৎপাদন করছে এবং উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট দেশগুলো বাজারের প্রকৃত চাহিদা ও বাজারনীতির সঙ্গে মিল না রেখে উৎপাদন এবং উৎপাদন সক্ষমতা বাড়িয়ে চলেছে।     

তবে নতুন শুল্ক কার্যকরের আগে এ বিষয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আগে থেকে করা বাণিজ্য চুক্তিগুলোও বিবেচনায় রাখা হবে।  

শুল্কের আওতায় থাকছে যেসব দেশ  

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে ১৪টি দেশ ও অর্থনীতি রয়েছে। সেগুলো হলো— 

১. চীন ২. ইউরোপীয় ইউনিয়ন ৩. ভারত ৪. বাংলাদেশ ৫. কম্বোডিয়া ৬. ইন্দোনেশিয়া ৭. জাপান ৮. দক্ষিণ কোরিয়া ৯. মালয়েশিয়া ১০. সিঙ্গাপুর ১১. সুইজারল্যান্ড ১২. তাইওয়ান ১৩. থাইল্যান্ড ১৪. ভিয়েতনাম।  

এসব দেশের মধ্যে চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য দেশগুলোর জন্যও নতুন শুল্কের হার নির্ধারণের পরিকল্পনা রয়েছে। 

এদিকে ব্রাজিলের কিছু পণ্যের ওপরও আলাদাভাবে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। এসব পণ্যের মধ্যে উড়োজাহাজও রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যসংক্রান্ত উদ্বেগ দূর করতে ব্রাজিল যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। 

ট্রাম্পের শুল্কনীতি থেকে যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী কোনো দেশই বাদ যাচ্ছে না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে তিনি বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে অথবা নিজেদের দেশে মার্কিন বাজারের জন্য পণ্য উৎপাদনে উৎসাহিত করছেন। এভাবে বিশ্ববাণিজ্যব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছেন তিনি।

তবে যেসব দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্কসংক্রান্ত চুক্তি করেছে, তাদের জন্য নতুন প্রস্তাবে কিছুটা সুবিধা থাকতে পারে। এরপরও ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নতুন শুল্ক প্রস্তাবের কারণে জি-২০ সম্মেলনে কোনো উত্তেজনা বা বিরূপ পরিস্থিতি তৈরি হবে বলে তারা মনে করছেন না। বরং এ ঘোষণার পর সম্মেলনে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করছেন তারা।

নতুন শুল্কে বাড়তে পারে পণ্যের দাম 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, অতিরিক্ত উৎপাদনের বিষয়টি ব্যাটারি, সিমেন্ট, রাসায়নিক পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন খাতের সঙ্গে জড়িত।

নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর খরচ আরও বাড়তে পারে। কারণ, আগের শুল্কের কারণেও এসব প্রতিষ্ঠান বাড়তি ব্যয়ের মুখে রয়েছে। নতুন করে খরচ বাড়লে প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়িয়ে সেই ব্যয় সাধারণ ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারে।

এতে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও পণ্য কেনার সামর্থ্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। ওই নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় ট্রাম্পের রিপাবলিকান পার্টি। 

অন্যদিকে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল এ হার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব, শুল্কনীতি এবং এআই খাতে বড় অঙ্কের বিনিয়োগের কারণে পণ্যের দাম বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের লক্ষ্য মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে ২ শতাংশে নামিয়ে আনা। ব্যাংকটির নীতিনির্ধারকদের মতে, ট্রাম্পের আগের শুল্ক আরোপের কারণে পণ্যের দামে যে প্রভাব পড়ার কথা ছিল, তার বেশিরভাগই ইতোমধ্যে অর্থনীতিতে দেখা গেছে। তবে নতুন শুল্ক কার্যকর হলে পণ্যের দাম আবারও বাড়তে পারে।


আগামী জানুয়ারিতে কার্যকর হতে পারে শুল্ক

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, নতুন শুল্ক আগামী জানুয়ারির আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। এর আগে সাধারণ মানুষের মতামত নেওয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে হবে। 

অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

তদন্তে মূলত দেখা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলো এমন কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, যা যুক্তরাষ্ট্রের মতে অযৌক্তিক বা বৈষম্যমূলক এবং দেশটির বাণিজ্যের ক্ষতি করছে।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের দফার ব্যাপক শুল্ক আরোপ বাতিল করে দেয়। আদালত জানান, হোয়াইট হাউস যে আইনের ভিত্তিতে শুল্ক আরোপ করেছিল, সেই আইনে প্রেসিডেন্টের এ ধরনের শুল্ক দেওয়ার ক্ষমতা ছিল না।

চীনসহ বিভিন্ন দেশের বিরোধিতার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের বিরোধিতা করতে পারে চীনসহ সংশ্লিষ্ট দেশগুলো। বিশেষ করে চীন দীর্ঘদিন ধরে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার অভিযোগ অস্বীকার করে আসছে। 

বাণিজ্য আইনজীবী রায়ান মাজেরুস এএফপিকে বলেন, ট্রাম্প প্রশাসনের জন্য এই তদন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হতে পারে।

তার মতে, যুক্তরাষ্ট্রের উদ্বেগ হলো, যেসব কারখানার উৎপাদন সক্ষমতা বেশি, সেগুলো বিদেশে কার্যক্রম শুরু করার পর বাজারে চাহিদা না থাকলেও উৎপাদন বন্ধ করে না।

এতে বিশ্ববাজারে পণ্যের সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদনশিল্পও দুর্বল হয়ে পড়তে পারে বলে তিনি মনে করেন।

এদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেও বিভিন্ন খাতের ওপর আরোপ করা শুল্ক এখনো বহাল রয়েছে।

আগের শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হবে না

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গাড়ি ও ইস্পাতের মতো পণ্যের ওপর আগে থেকেই যে খাতভিত্তিক শুল্ক রয়েছে, নতুন শুল্ক তার সঙ্গে যোগ করা হবে না।

এর আগে গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ৬০টি দেশের ওপর আলাদা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

নতুন অতিরিক্ত উৎপাদনসংক্রান্ত শুল্ক এবং জোরপূর্বক শ্রমসংক্রান্ত আগের শুল্ক—দুটির আওতায় কোনো দেশ থাকলেও দুই শুল্ক একসঙ্গে কার্যকর হবে না। এ ক্ষেত্রে যে শুল্কের হার বেশি, শুধু সেটিই কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা।

সূত্র : গালফ নিউজ

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   বাংলাদেশ  ট্রাম্প  শুল্ক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: