চীনের রকেটে চড়ে প্রথমবার মহাকাশে পা রাখলেন পাকিস্তানের নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নভোচারী চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন। বুধবার (২৫

2026-11-25T17:35:24+00:00
2026-11-25T17:35:24+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীনের রকেটে চড়ে প্রথমবার মহাকাশে পা রাখলেন পাকিস্তানের নভোচারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
চীনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশে শেনঝৌ-২৪ মহাকাশযান নিয়ে উড্ডয়নের আগে লং মার্চ-২এফ ওয়াই২৪ রকেট। ছবি : রয়টার্স
চীনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশে শেনঝৌ-২৪ মহাকাশযান নিয়ে উড্ডয়নের আগে লং মার্চ-২এফ ওয়াই২৪ রকেট। ছবি : রয়টার্স
আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নভোচারী চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী জিশান আলী চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানের মাধ্যমে স্টেশনটিতে পৌঁছান। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে তিন সদস্যের নভোচারী দলটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে তারা তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন।

জিশান আলী এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে তিনি পাঁচ থেকে ১০ দিন অবস্থান করবেন। তার সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। 

মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ মিশনের তিন নভোচারী তাদের স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উদ্‌যাপন। 

মহাকাশযাত্রার প্রস্তুতি হিসেবে জিশান আলী বেইজিংয়ে সাত মাসের প্রশিক্ষণ নেন। এ সময় তাকে চীনা ভাষা শেখার পাশাপাশি চীনা গান, কবিতা ও ক্যালিগ্রাফি অনুশীলন করতে হয়েছে।

চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতায় নতুন অধ্যায়

চীন তিয়ানগং মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই পাকিস্তানি নভোচারীর এই অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনাকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং ২৪ কোটি পাকিস্তানির স্বপ্ন, তরুণ প্রজন্ম ও বিজ্ঞানীদের এগিয়ে যাওয়ার যাত্রা। একই সঙ্গে তিনি একে চীন-পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন বলে অভিহিত করেন।  

মহাকাশে অবস্থানকালে জিশান আলী বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে ক্ষুদ্র ফাটল মেরামত করতে সক্ষম সেলফ-হিলিং কার্বন ফাইবার কম্পোজিট নিয়ে পরীক্ষা। মহাকাশযানের কাঠামোগত নিরাপত্তা উন্নয়নে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


চীনা নভোচারীর মহাকাশে এক বছরের অবস্থান

এদিকে শেনঝৌ-২৩ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং মহাকাশ স্টেশনে আরও এক বছর অবস্থান করবেন। মহাকাশে দীর্ঘ সময় মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণায় অংশ নেবেন তিনি।

এক বছর অবস্থান শেষে তিনি কোনো চীনা নভোচারীর একটানা মহাকাশে থাকার দীর্ঘতম রেকর্ড গড়বেন বলে আশা করা হচ্ছে।

চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে

চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য ধরে রেখেছে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে চাঁদে গবেষণাকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে দেশটির।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ফলে চাঁদে ঘাঁটি নির্মাণ ও ভবিষ্যতে মঙ্গল অভিযানের প্রস্তুতি নিয়ে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানি নভোচারীর তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশ শুধু পাকিস্তানের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক নয়, বরং আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় চীনের ক্রমবর্ধমান ভূমিকারও একটি উল্লেখযোগ্য উদাহরণ।

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   চীন  রকেট  মহাকাশ  পাকিস্তান  নভোচারী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: