চলচ্চিত্রে যুদ্ধের গল্প বুনছেন গাজার নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধের ধ্বংসস্তূপ, ক্ষুধা আর স্বজন হারানোর বেদনার মধ্যেও থেমে নেই গাজার নারীরা। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত জনপদে ক্যামেরা হাতে তুলে নিয়েছেন

2026-11-25T04:36:48+00:00
2026-11-25T04:36:48+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চলচ্চিত্রে যুদ্ধের গল্প বুনছেন গাজার নারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ এএম 
গাজা আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
গাজা আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
যুদ্ধের ধ্বংসস্তূপ, ক্ষুধা আর স্বজন হারানোর বেদনার মধ্যেও থেমে নেই গাজার নারীরা। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত জনপদে ক্যামেরা হাতে তুলে নিয়েছেন ২৫ তরুণী। নিজেদের অভিজ্ঞতা ও চারপাশের বাস্তবতা চলচ্চিত্রে তুলে ধরছেন তারা। আর এই কাজে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা মাই মাসরি। বৈরুতে বসে অনলাইনে আট মাস ধরে ল্যাপটপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের কাজের চিত্র দেখে আবেগ ধরে রাখতে পারেননি মাই মাসরি। এক বন্ধুকে পাঠানো বার্তায় তিনি লিখেছেন, ‘গত আট মাস ধরে আমার দলকে সঙ্গে নিয়ে আমি এই ২৫ নারীকে প্রশিক্ষণ দিচ্ছি।’

ফিলিস্তিনি এই নির্মাতার কাজ কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। ‘আন্ডার দ্য রাবল’ (১৯৮৩), ‘ওয়াইল্ড ফ্লাওয়ার্স: উইমেন অব সাউথ লেবানন’ (১৯৮৬), ‘ওয়ার জেনারেশন’ (১৯৮৯) ও ‘চিলড্রেন অব ফায়ার’ (১৯৯০)-এর মতো প্রামাণ্যচিত্র নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি। ২০২১ সালে নির্মাণ করেন ‘বৈরুত: আই অব দ্য স্টর্ম’ এবং ২০১৫ সালে ‘থ্রি থাউজ্যান্ড নাইটস’।

লেখক ও কলামিস্ট হামিদ দাবাশিকে পাঠানো এক বার্তায় মাই মাসরি গাজার ২৫ তরুণী চলচ্চিত্র নির্মাতার ছবি ও ভিডিও পাঠান। অক্টোবরের শেষ দিকে পাওয়া সেই বার্তাকে মানবিক আশার উপলক্ষ হিসেবে দেখেছেন দাবাশি।

গত ২৬ অক্টোবর গাজা সিনেমা একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মাই মাসরি ও গাজার চলচ্চিত্রকর্মী এজ্জালদিন শালহ যৌথভাবে একাডেমিটি প্রতিষ্ঠা করেছেন। এর আগে সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবেও একাডেমিটির উদ্বোধন করা হয়।

গাজা আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে একাডেমির কার্যক্রম শুরু হয়। ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবের লক্ষ্য ছিল ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশের নারী চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল কাজকে এগিয়ে নেওয়া। মধ্য গাজার আল-বুরেইজ এলাকার ধ্বংসপ্রাপ্ত আল-নাখিল মিলনায়তনে বাস্তুচ্যুত ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের উপস্থিতিতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রশিক্ষণ নেওয়া ২৫ তরুণী উৎসবে নিজেদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করেন। উৎসবের শেষ দিন ৩১ অক্টোবর তাদের সনদ দেওয়া হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

মাই মাসরি জানিয়েছেন, ২০২৭ সাল থেকে প্রশিক্ষণ কর্মসূচিটিকে পূর্ণাঙ্গ চলচ্চিত্র একাডেমিতে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আল-কুদস ওপেন ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারত্বে দুই বছর মেয়াদি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় স্বীকৃত সনদ দেওয়া হবে। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়স ও পটভূমির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

ধ্বংসস্তূপের মধ্যেও ক্লাসে আসছেন শিক্ষার্থীরা

প্রশিক্ষণ কার্যক্রমের একটি ভিডিওতে দেখা যায়, বৈরুতে নিজের বসার ঘরে ল্যাপটপের সামনে বসে আছেন মাই মাসরি। আর গাজার শিক্ষার্থীরা একসঙ্গে বসে পর্দায় তার সঙ্গে যুক্ত হয়েছেন।

ভিডিওতে মাই মাসরিকে বলতে শোনা যায়, ‘গাজার হৃদয় থেকে সবাইকে শুভ সন্ধ্যা ও উষ্ণ শুভেচ্ছা। আপনারা হয়তো গাজার গণহত্যার খবর দেখেছেন। মৃত্যু তো মৃত্যু; তবে এর চেয়েও কঠিন হলো বেঁচে থাকা এবং নিজের ভেতরে মৃত্যুর অনুভূতি বয়ে বেড়ানো।’

প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত তার এক সহকর্মী ক্লাস আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরছিলেন। এ সময় শিক্ষার্থীরা একজন একজন করে ক্যামেরার সামনে এগিয়ে আসেন। কেন তারা এই প্রশিক্ষণে যুক্ত হয়েছেন, সে কথাও জানান।

শিক্ষার্থীদের প্রশিক্ষণের পথে নানা বাধার কথা জানিয়েছেন মাই মাসরি। তার মতে, গাজা ও বৈরুত—দুই জায়গাতেই ইন্টারনেট সংযোগ দুর্বল এবং বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। তবে গাজার মানুষ এসব সীমাবদ্ধতা মোকাবিলায় নানা উপায় বের করেছেন। সুযোগ পেলেই তারা সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন।

শিক্ষার্থীদের অনেকেই বিদ্যুৎ ও পানির সুবিধা ছাড়া তাঁবুতে বসবাস করছেন। যাতায়াতও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কেউ কেউ গাধার গাড়িতে চড়ে ক্লাসে আসেন। এত প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে উপস্থিত হচ্ছেন এবং সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ করছেন। এই পরিস্থিতিতে তাদের প্রচেষ্টাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন মাই মাসরি।

ব্যক্তিগত বেদনা থেকে বৃহত্তর মানবিক গল্প

গাজা আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোতে যুদ্ধের নানা প্রভাব উঠে এসেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদীয়মান নির্মাতা মোনা আবু কাসের ১১ মিনিটের প্রামাণ্যচিত্র ‘আ স্যাক অব ফ্লাওয়ার’-এ গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ছবিটি নির্মাণ করেছেন তিনি।

উৎসব পরিচালক এজ্জালদিন শালহ আলজাজিরাকে বলেন, চলচ্চিত্রগুলোর বিষয়বস্তু আলাদা হলেও ব্যক্তিগত যন্ত্রণাকে বৃহত্তর মানবিক গল্পে রূপ দিয়েছে সেগুলো। যুদ্ধের মানসিক ও সামাজিক ক্ষতও উঠে এসেছে এসব কাজে।

তার মতে, এসব চলচ্চিত্র এমন অনেক গল্প সংরক্ষণ করছে, যেগুলো হয়তো কখনো পর্দায় আসার সুযোগ পেত না। মানুষের দুর্ভোগকে চলচ্চিত্রের সাক্ষ্যে রূপ দিয়ে গাজার গল্প বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে এগুলো।

গাজার গণমাধ্যম ধ্বংসের অভিযোগ

মাই মাসরির সঙ্গে লেখক হামিদ দাবাশির কথোপকথনের সময় জাতিসংঘে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ একটি প্রতিবেদন জমা দেন। ‘ট্রুথ আন্ডার দ্য রাবল: মিডিয়া ইন দ্য টাইম অব জেনোসাইড’ শিরোনামের ওই প্রতিবেদনে গাজায় তথ্য ও সত্য প্রকাশের ক্ষেত্র সংকুচিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি গণমাধ্যমকর্মীদের হত্যা, আহত করা, আটক, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধের তথ্য প্রকাশ বাধাগ্রস্ত করা হচ্ছে। পাশাপাশি ইসরায়েলে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ, সেন্সরশিপ, প্রচারণা ও ঘৃণামূলক বক্তব্যের বিস্তার এবং আন্তর্জাতিক গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উপেক্ষিত হওয়ার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। এই প্রবণতাকে প্রতিবেদনে ‘মিডিয়াসাইড’ বা গণমাধ্যম ধ্বংস হিসেবে বর্ণনা করা হয়েছে।

হামিদ দাবাশির মতে, গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি মাই মাসরির মতো মানুষের কাজও সামনে আনা জরুরি। কারণ, ধ্বংসযজ্ঞের মধ্যেও নিজেদের গল্প নিজেরা বলার যে চেষ্টা ফিলিস্তিনিরা চালিয়ে যাচ্ছেন, তা তাদের দৃঢ়তা ও প্রতিরোধেরই প্রকাশ।

গাজার ২৫ তরুণীর হাতে ক্যামেরা তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ হয়েছে। যুদ্ধের বাস্তবতায় তাদের নির্মিত চলচ্চিত্র শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ান নয়; বরং নিজেদের ইতিহাস, বেদনা ও সত্য বিশ্বের সামনে তুলে ধরার এক প্রচেষ্টা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ক্যামেরা  যুদ্ধ  গল্প বুনছেন  গাজা  নারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: