প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৩:০৭ পিএম

ইয়াহিয়া কাসিম সারী। ছবি : সংগৃহীত
ইয়াহিয়া কাসিম সারী। ছবি : সংগৃহীত সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালানো হলে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত দেশটির সব বন্দরে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।
বিবৃতিতে তিনি জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অবিলম্বে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বন্দরসংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে এবং শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা চালায় হুতি গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হন। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।
হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। একই বিবৃতিতে শিগগিরই ইয়েমেনের হোদেইদা বন্দরেও হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়।
সৌদি জোটের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের সব বন্দরে হামলার পাল্টা হুমকি দেয় হুতি গোষ্ঠী।
লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমেই হুতি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্দরটি।
আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জীবন-জীবিকার জন্য হোদেইদা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বহু বছর ধরে বন্দরটি দেশটির মানুষের জন্য লাইফলাইন হিসেবে কাজ করছে।
২০১৬ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতি বাহিনীর সংঘাত চলছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। তবে গত সেপ্টেম্বর থেকে উভয় পক্ষই চুক্তির শর্ত লঙ্ঘন করে নিয়মিত একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
সূত্র : রয়টার্স
সময়ের আলো/মহু