প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৬:৩৩ পিএম

শেখ হাসিনা। সংগৃহীত ছবি
শেখ হাসিনা। সংগৃহীত ছবি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্ণ হবে ওই দিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ বাসভবনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তার কারণে তার বর্তমান অবস্থানের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। সেখান থেকে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
ওই বছরের অক্টোবর মাসে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি বাসভবন পেয়েছেন তিনি। রাজধানীর এই অভিজাত ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসবাস করেন।
ভারতে অবস্থানের পর থেকেই শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ভারতীয় কর্তৃপক্ষ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার বাসভবনকে কেন্দ্র করে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।
এদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যেহেতু বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সময়ের আলো/ইউএমএইচ