
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সংগৃহীত ছবি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে একদিকে বিজেপির এক মন্ত্রী বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, রাজ্যটির অন্য মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও ভারতের পররাষ্ট্রনীতির বিষয় বলে মন্তব্য করেছেন।
ভারতীয় সময় মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব। অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোয়াজ্জেম আলীর বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। ওই প্রতিবেদন প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে অর্জুন সিংয়ের বক্তব্যের সঙ্গে একমত হননি পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তাদের বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানের পাশাপাশি কূটনৈতিক শিষ্টাচারের বিষয়টিও উঠে এসেছে।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন এবং নতুন বিনিয়োগের কথা ভাবেন।
বাংলাদেশের অস্থিতিশীলতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে ও সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। প্রতিবেশী দেশের ঘটনায় আমরা ব্যথিত হই এবং আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক ও কূটনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই।
হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এটি সম্পূর্ণভাবে একটি আন্তর্জাতিক বিষয়।
একই অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, এটা সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়। এ নিয়ে যা বলার দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বলবে।
সময়ের আলো/ইউএমএইচ