প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম

পাল্টাপাল্টি হুমকিতে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্রতর হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবি
পাল্টাপাল্টি হুমকিতে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্রতর হয়ে উঠতে পারে। সংগৃহীত ছবিসৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালায়, তবে জেদ্দাসহ লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদির সব বন্দর অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। সর্বশেষ এই পাল্টাপাল্টি হুমকিতে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্রতর হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উভয় পক্ষই ক্রমবর্ধমানভাবে একে অপরের কৌশলগত অবকাঠামোকে নিশানা বানাচ্ছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রিয়াদের সর্বোচ্চ ভবনে হুতিদের ছোড়া একটি ড্রোনের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
বুধবার হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি বন্দরগুলোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জাহাজ কোম্পানিগুলোকে তাদের নৌযান সরিয়ে নিতে বলেছেন।
এই বিবৃতির পরপরই সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার পাল্টা এক বিবৃতিতে জানায়, তারা হোদেইদাহ বন্দরের কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে এবং ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে।
লোহিত সাগর তীরবর্তী হোদেইদাহ ইয়েমেনের প্রধান বন্দর, যার মাধ্যমে হুতি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে।
বন্দরটি দীর্ঘকাল ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক আমদানির প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে আসছে। ফলে আমদানিনির্ভর খাদ্যের ওপর টিকে থাকা ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য বন্দরটি বেঁচে থাকার প্রধান অবলম্বন হয়ে উঠেছে।
চলতি বছরের সেপ্টেম্বরে হুতিরা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর থেকে সৌদির সঙ্গে তাদের নতুন করে শুরু হওয়া লড়াই তীব্রতর হয়েছে। এরপর থেকে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। এর জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা জোরদার করেছে।
সময়ের আলো/ইউএমএইচ