প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি স্বর্ণখনি। ছবি : এপি
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি স্বর্ণখনি। ছবি : এপি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি স্বর্ণখনি থেকে আটজন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় খনির ভেতরে আটকা পড়ে থাকা আরও ১৮ শ্রমিকের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, গত সোমবার থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর ওই খনিতে শ্রমিকেরা আটকা রয়েছেন। ভারী বৃষ্টির কারণে খনির প্রবেশপথসহ ভেতরের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। এ ছাড়া খনিতে ঢোকার পথ সরু হওয়া এবং ভেতরে অন্ধকার ও পিচ্ছিল পরিবেশ থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে কর্মীদের।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় খনি কোম্পানি অ্যান্টাম জানিয়েছে, দুর্ঘটনাটি তাদের পরিচালিত কোনো খনিতে ঘটেনি। পংকর এলাকায় তাদের স্বর্ণখনি কার্যক্রম থাকলেও দুর্ঘটনাস্থলটি একটি অননুমোদিত স্বর্ণখনি। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে ও অবৈধভাবে খনন কার্যক্রম পরিচালনার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় দুর্গম পরিবেশের কারণে এসব খনির কার্যক্রম নিয়ন্ত্রণ করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।
এদিকে, বোগর এলাকার আরেকটি স্থানে গত সপ্তাহে প্রায় ৩০টি স্বর্ণখনির গর্ত বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ডেটিক এ তথ্য জানিয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ