প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত গাজার শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। মন্ত্রণালয়ের উপমন্ত্রী খালেদ আবু নাদাকে স্ত্রীসহ হত্যার ঘটনার পর এ অভিযোগ করা হয়।
গাজার দেইর আল-বালাহর পশ্চিমাঞ্চলে নিজ অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা ও তার স্ত্রী।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেসামরিক নেতৃত্ব ও কর্মীদের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলা ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে পদ্ধতিগত আক্রমণের অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা খাতের ওপর চলমান হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা লজ্জাজনক। এসব হামলায় শত শত শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী নিহত হয়েছেন। পাশাপাশি ধ্বংস করা হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
গাজার শিক্ষা মন্ত্রণালয় দৈনন্দিন হামলা বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
সময়ের আলো/জেডি