যুক্তরাষ্ট্রে উৎসবের খাবারেও মূল্যস্ফীতির চাপ, বাড়ছে ধারদেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের আয়োজন ঘিরে এবার বাড়তি খরচের চাপে পড়েছেন পরিবারগুলো। গত বছরের তুলনায় উৎসবের প্রচলিত খাবারের দাম বেড়েছে ১১

2026-11-26T17:09:07+00:00
2026-11-26T17:09:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে উৎসবের খাবারেও মূল্যস্ফীতির চাপ, বাড়ছে ধারদেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
গত বছরের তুলনায় থ্যাঙ্কসগিভিং ডিনারের মোট খরচ ১১ শতাংশ বেড়েছে। ছবি : সংগৃহীত
গত বছরের তুলনায় থ্যাঙ্কসগিভিং ডিনারের মোট খরচ ১১ শতাংশ বেড়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের আয়োজন ঘিরে এবার বাড়তি খরচের চাপে পড়েছেন পরিবারগুলো। গত বছরের তুলনায় উৎসবের প্রচলিত খাবারের দাম বেড়েছে ১১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে টার্কির দাম, ২৬ শতাংশ। সবজি, আলু ও আপেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বাড়তি ব্যয়ের কারণে অনেক পরিবার অতিথি আপ্যায়নের পরিকল্পনা পরিবর্তন করছে। কেউ আয়োজন ছোট করছে, আবার কেউ খাবারের খরচ ভাগাভাগি করে নিতে বেছে নিচ্ছে নতুন পদ্ধতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে উদ্‌যাপিত হচ্ছে থ্যাংকসগিভিং। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবে পরিবারের সদস্য ও স্বজনেরা একত্র হন। আয়োজনের অন্যতম আকর্ষণ টার্কি, পাশাপাশি থাকে নানা ধরনের খাবার ও মিষ্টান্ন। তবে এবার উৎসবের আনন্দের পাশাপাশি খাবারের বাড়তি দাম ভাবিয়ে তুলছে দেশটির সাধারণ মানুষকে। 

থিংকট্যাংক সেঞ্চুরি ফাউন্ডেশনের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত বছরের তুলনায় এবার থ্যাংকসগিভিংয়ের প্রচলিত খাবারের দাম বেড়েছে ১১ শতাংশ। শুধু টার্কিই নয়, উৎসবের খাবারের তালিকায় থাকা বিভিন্ন পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

প্রতিবেদন অনুযায়ী, দেড় পাউন্ড সবুজ শিমের দাম এক বছরে ২ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে ৪ দশমিক ৮ ডলার হয়েছে। পাঁচ পাউন্ড রাসেট আলুর দাম বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। আর আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ।

সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর বলেন, থ্যাংকসগিভিংয়ের মূল উদ্দেশ্য পরিবারের সদস্যদের এক টেবিলে একত্র হওয়া। কিন্তু এবার অনেক পরিবারকে হিসাব করতে হচ্ছে, কতজন অতিথিকে আপ্যায়ন করার সামর্থ্য তাদের রয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি পরিবারের থ্যাংকসগিভিং ভোজের খরচ গত বছরের তুলনায় ৬ শতাংশ বাড়তে পারে। ২০২২ সালে খাবারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এবারই প্রথম এ খরচ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ছোট ব্যবসায়ীদের ওপরও। নিউইয়র্কের ব্রুকলিনের বুশউইক এলাকার গ্রিন ভ্যালি নামের একটি মুদি দোকানের মালিক বারিস আভচি জানান, ডিম, দুধ ও চিনির মতো প্রয়োজনীয় কিছু পণ্য তাঁরা প্রায় ক্রয়মূল্যে বিক্রি করছেন। এতে মুনাফা কম হলেও ব্যবসা টিকিয়ে রাখতে হচ্ছে।

বাড়তি খরচের কারণে অনেক পরিবারকে উৎসবের আয়োজনের ধরনও বদলাতে হচ্ছে। আগে পরিবারের একজন সদস্য সব খরচ বহন করলেও এবার সবাই মিলে খাবার নিয়ে আসার পরিকল্পনা করছেন। এতে একজনের ওপর পুরো খরচের চাপ পড়বে না।

খাদ্যপণ্যের দাম বাড়ার পেছনে জ্বালানি ও সার সরবরাহের ব্যয় বৃদ্ধিকেও দায়ী করা হচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন তৈরি হয়েছে। এতে জ্বালানি ও সারসহ খাদ্য উৎপাদনের বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। যুদ্ধ শুরুর পর বসন্তকালীন কৃষি মৌসুমে ইউরিয়ার দাম একপর্যায়ে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ফলে কৃষকদের উৎপাদন ব্যয় বাড়ে, যার প্রভাব পড়ে সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবেও খাদ্যপণ্যের দাম বাড়ছে। বিশেষ করে কৌটাজাত খাবারের প্যাকেট তৈরিতে ব্যবহৃত স্টিলের ওপর শুল্কের কারণে এসব পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। গত সেপ্টেম্বরে ক্যাম্পবেলস স্যুপ তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

তবে ওয়ালমার্টের মতো বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম দামে পণ্য বিক্রির চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি এবার ১০ জনের জন্য পূর্ণাঙ্গ উৎসবের খাবারের প্যাকেজের দাম গত বছরের তুলনায় ১২ শতাংশ কম রেখেছে।

উৎসবের খরচ মেটাতে ঋণ নিচ্ছেন অনেকে

বাড়তি ব্যয়ের চাপে অনেক পরিবারকে ঋণ নিতে হচ্ছে। অনলাইন ঋণবাজার প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার থ্যাংকসগিভিং আয়োজন করতে যাওয়া প্রতি তিনজনের একজন আর্থিক চাপের মুখে রয়েছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশ খরচ মেটাতে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন। তাঁদের মধ্যে ১৮ শতাংশ ব্যবহার করবেন ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) সুবিধা। এ ব্যবস্থায় এখন কেনাকাটা করে পরে কিস্তিতে অর্থ পরিশোধ করা যায়।


যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় দেশটিতে বিএনপিএল ঋণসুবিধা ব্যবহারকারীর হার ৬ শতাংশীয় পয়েন্ট বেড়ে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কম ক্রেডিট স্কোরধারীদের মধ্যে এ সুবিধা ব্যবহারের প্রবণতা বেশি।

ছুটিতে ভ্রমণেও কমছে আগ্রহ

শুধু খাবারের আয়োজন নয়, থ্যাংকসগিভিং উপলক্ষে ভ্রমণেও কিছুটা ভাটা পড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ছুটিতে ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন। গত বছরের তুলনায় এ সংখ্যা ১ লাখ ২১ হাজার কম।

এএএর ট্রাভেল বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টেসি বারবার বলেন, টানা তিন বছর রেকর্ডসংখ্যক ভ্রমণকারীর পর এবার সংখ্যা কিছুটা কমছে। এর অন্যতম কারণ ভ্রমণের ব্যয় বৃদ্ধি।

আর্থিক সেবা প্রতিষ্ঠান বিএনওর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে সাতজন এবার ছুটির মৌসুমে ভ্রমণের পরিকল্পনা করছেন না। গত বছরের তুলনায় এ হার ১০ শতাংশ বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম এক মাসের তুলনায় কমলেও গত বছরের একই সময়ের চেয়ে বেশি রয়েছে। মঙ্গলবার প্রতি গ্যালন সাধারণ পেট্রলের দাম ছিল ৩ দশমিক ৬১ ডলার। এক মাস আগে যা ছিল ৪ দশমিক ২৯ ডলার।

আকাশপথে ভ্রমণের খরচও বেড়েছে। ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং উপলক্ষে অভ্যন্তরীণ রুটের বিমানভাড়া গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে দাঁড়িয়েছে। গত এক দশকের মধ্যে এবারই থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ভ্রমণ সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  উৎসব  খাবার  মূল্যস্ফীতি  থ্যাংকসগিভিং  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: