ডেঙ্গু ঠেকাতে মশা নিয়ে যুদ্ধের ময়দানে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মশা মারা কিংবা কামড় বাঁচিয়ে চলার চেনা ছকের বাইরে গিয়ে ডেঙ্গু ঠেকাতে নতুন পথ দেখিয়েছেন বিজ্ঞানীরা। ক্ষতিকর নয় এমন ব্যাকটেরিয়া

2026-11-26T13:14:17+00:00
2026-11-26T13:16:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ডেঙ্গু ঠেকাতে মশা নিয়ে যুদ্ধের ময়দানে ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
মশা মারা কিংবা কামড় বাঁচিয়ে চলার চেনা ছকের বাইরে গিয়ে ডেঙ্গু ঠেকাতে নতুন পথ দেখিয়েছেন বিজ্ঞানীরা। ক্ষতিকর নয় এমন ব্যাকটেরিয়া মশার শরীরে ভরে দিয়ে সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। ব্রাজিলের এক বড় গবেষণায় দেখা গেছে, বিশেষ এই ব্যাকটেরিয়া বহনকারী মশা ছেড়ে দেওয়ায় ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ ও চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে। কয়েক হাজার শিশুর ওপর চালানো এই গবেষণার ফল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হয়।

বিজ্ঞানীরা এডিস ইজিপ্টাই মশার শরীরে প্রাকৃতিকভাবে থাকা ‘ওলবাকিয়া’ ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুসহ কয়েকটি ভাইরাসের বংশবৃদ্ধি আটকে দেয়; ফলে কামড়ালেও মানুষের শরীরে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমে। গবেষণায় যুক্ত না থাকলেও বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার ফলকে খুব আশাব্যঞ্জক বলেছেন। তার মতে, বেশি সংখ্যায় ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া গেলে বহু এলাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমবে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকেরা ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বেলো হরিজন্তে শহরে কাজটি করেন। ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া এলাকা এবং প্রচলিত কীটনাশক ব্যবহৃত এলাকার ৫ হাজার ৭০০ শিশুকে দৈবচয়নে পরীক্ষায় নেওয়া হয়। ডেঙ্গুর পাশাপাশি মশা, টিক ও বালুমাছির মাধ্যমে ছড়ানো অন্যান্য রোগেরও পরীক্ষা হয় উপসর্গহীন সংক্রমণ ধরতে। রক্ত পরীক্ষায় ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া এলাকায় সংক্রমণ মেলে মাত্র ৪ শতাংশ নমুনায়; চিরাচরিত পদ্ধতির এলাকায় যা ছিল ১৪ শতাংশ।

ওলবাকিয়ার ব্যবহার অবশ্য নতুন নয়। ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) বিভিন্ন দেশে এ নিয়ে কাজ করছে। কলম্বিয়ার আবুরা উপত্যকা ও ব্রাজিলের নিতেরইসহ নানা এলাকায় প্রায় ৪৫ লাখ মানুষের মধ্যে প্রায় ১০ লাখ মানুষের ওপর গবেষণায় ডেঙ্গু ৯২ শতাংশ কমার তথ্য দিয়েছে সংস্থাটি। সংক্রমিত স্ত্রী মশা প্রজননের মাধ্যমে পরের প্রজন্মের মশাতেও ব্যাকটেরিয়া ছড়িয়ে দেওয়ায় এটি দীর্ঘদিন কাজ করতে পারে। বিজ্ঞানীরা পূর্ণবয়স্ক মশা ছাড়েন কিংবা খাবারের প্যাকেটের মতো পাত্রে ডিম রেখে দেন; সেগুলো থেকে জন্ম নেওয়া মশা স্থানীয় মশার সঙ্গে মিশে ব্যাকটেরিয়াটি প্রতিষ্ঠিত করে। তবে সিঙ্গাপুর ২০১৬ সাল থেকে ওলবাকিয়াযুক্ত পুরুষ মশা ছাড়ছে, যাতে স্থানীয় স্ত্রী মশার সঙ্গে মিলনে ডিম ফুটলেও নতুন মশা না জন্মে এবং মশার সংখ্যা কমে।

অন্য মশাবাহিত রোগেও মশাকে কাজে লাগানোর চেষ্টা চলছে। ২০২৪ সালে নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ও রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের পরিবর্তিত ধরন মশায় ভরে দুর্বল জীবাণু কামড়ের মাধ্যমে যকৃতে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির পরীক্ষা চালান। এক দলের ৮০ শতাংশ অংশগ্রহণকারীর রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলেও ২০ জনের ওপর পরীক্ষায় তা বৃহত্তর জনগোষ্ঠীতে প্রয়োগযোগ্য ধরা হয়নি। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ২৬ জনের পরীক্ষায় কার্যকারিতা ছিল ৫০ শতাংশ। তারও আগে ২০১০ সালে জাপানে লিশম্যানিয়াসিস টিকা মশার শরীরে ভরে কামড়ানো ইঁদুরে অ্যান্টিবডি তৈরি হতে দেখা যায়।

কীটনাশকে কাজ না হলে ওলবাকিয়া কার্যকর বিকল্প হতে পারে। তবে স্থানীয়ভাবে বিস্তার, দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও জনসম্পৃক্ততা জরুরি। মশা না মেরে রোগ ছড়ানোর ক্ষমতা কমানোর এ পথ ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলে আশা গবেষকদের।

সময়ের আলো/আতা
  বিষয়:   মশা  ডেঙ্গু  বিজ্ঞানী  ব্যাকটেরিয়া  সময়ের আলো  ব্রাজিল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: