এনভিডিয়ার সিইও ফেরায় গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদে ফিরে আসার পর চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ

2026-11-26T11:23:54+00:00
2026-11-26T11:36:24+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রয়টার্স এক্সক্লুসিভ
এনভিডিয়ার সিইও ফেরায় গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে সন্দেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১১:৩৬ এএম
তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পাশে অ্যালিস হুয়াং। ছবি : রয়টার্স
তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পাশে অ্যালিস হুয়াং। ছবি : রয়টার্স
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদে ফিরে আসার পর চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন কি না, তা নিয়ে হোয়াইট হাউস, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তারা আলোচনা করছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে ঘোষণা দিয়েছিলেন, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং দেশটির জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন। তবে হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা অ্যালিস হুয়াং চীনের গুপ্তচর ছিলেন কি না, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত।

বিষয়টি সম্পর্কে জানেন এমন পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ নিয়ে পাওয়া গোয়েন্দা তথ্য পর্যালোচনা করছেন। অ্যালিস হুয়াং এনভিডিয়ার এক বড় গ্রাহক প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী ছিলেন।

তথ্য সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, অ্যালিস হুয়াং এবং চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। সিআইএসহ দেশটির কয়েকটি গোয়েন্দা সংস্থা কয়েক মাস ধরে এসব তথ্যের প্রতিবেদন তৈরি করেছে।

তবে এসব তথ্যের ব্যাখ্যা নিয়ে এফবিআই, সিআইএ এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ভিন্নমত রয়েছে।

এফবিআইয়ের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বা তাদের হয়ে কাজ করা কোনো ব্যক্তি ছিলেন—এমন প্রমাণ মার্কিন গোয়েন্দা তথ্যে পাওয়া যায়নি। এ বিষয়ে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, সিআইএর মূল্যায়ন কিছুটা ভিন্ন। সংস্থাটির মতে, অ্যালিস হুয়াংয়ের কাছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট গোপন তথ্য ছিল কিংবা তিনি সেসব তথ্য চীনের কাছে পাঠিয়েছেন—এমন বিষয় স্পষ্ট নয়। তবে ভবিষ্যতে নতুন প্রমাণ পাওয়া যেতে পারে বলে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।

কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগই বেইজিংয়ের সঙ্গে তার সহযোগিতার ইঙ্গিত দেয়। যদিও তিনি কোনো তথ্য সরবরাহ করেছেন, এমন প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছরের শুরুর দিকে মার্কো রুবিওর লেখা একটি গোপন স্মারকে উল্লেখ করা হয়েছিল, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে নিজেদের পক্ষে নিয়োগ করেছিল। এমনকি তাকে গোয়েন্দা সম্পদ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকতে পারে।

তবে এসব গোয়েন্দা প্রতিবেদন কংগ্রেসের সঙ্গে ভাগাভাগি করা হয়নি। বিষয়গুলো গোয়েন্দা সংস্থা ও মন্ত্রিসভার কয়েকজন শীর্ষ কর্মকর্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা কমেছে

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্যের ব্যাখ্যা নিয়ে মতপার্থক্য ট্রাম্প প্রশাসনের একটি সমস্যাও সামনে এনেছে। সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তাদের মতে, বর্তমানে গোয়েন্দা তথ্য আগের তুলনায় কম আদান-প্রদান করা হচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনাও কম হচ্ছে।

ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর জাতীয় নিরাপত্তা পরিষদে (এনএসসি) বড় ধরনের কর্মী ও কার্যক্রম কমানো হয়েছে। আগে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার বিষয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে গোয়েন্দা তথ্য যাচাই ও আলোচনা করত সংস্থাটি। তবে বর্তমান প্রশাসনে এ ধরনের বৈঠক আগের তুলনায় কম হচ্ছে।

জেনসেন হুয়াং ও এনভিডিয়াকে নিয়ে বিভিন্ন সংস্থার মন্ত্রিপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত দুই ব্যক্তি।

রয়টার্সের আগের প্রতিবেদনেও বলা হয়েছিল, গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমে গেলে নীতিনির্ধারকদের কাছে পৌঁছানোর আগে সেসব তথ্য যথাযথভাবে যাচাই ও পর্যালোচনা না হওয়ার ঝুঁকি থাকে।


সিআইএর বিশ্লেষণে বলা হয়েছে, অ্যালিস হুয়াং চীনের নাগরিক হওয়ায় দেশটির আইন অনুযায়ী গোয়েন্দা কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বাধ্য থাকতে পারেন। এ কারণেও চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ হয়ে থাকতে পারে।

একজন সূত্র জানিয়েছেন, সিআইএর প্রতিবেদনগুলোতে মূলত অ্যালিস হুয়াংয়ের সাবেক প্রতিষ্ঠান মেগাস্পিডে তার ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের চিপ চীনে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অনেক মার্কিন কর্মকর্তা মনে করেন, এনভিডিয়ার সিইওর ব্যক্তিগত সম্পর্কের চেয়ে মেগাস্পিডের এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। তবে মেগাস্পিড জানিয়েছে, তারা বৈধ ব্যবসা পরিচালনা করে এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়ম মেনে চলে।

ট্রাম্প ও রুবিওর অবস্থানে ভিন্নতা

চলতি মাসের শুরুর দিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর মার্কিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা দেখা যায়।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সঙ্গে কথা বলার পর জানান, হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন।

অন্যদিকে, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন বলেন, অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

হুয়াংয়ের পুনরায় দায়িত্বে ফেরার পর এ বিষয়ে মার্কো রুবিও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

নিউইয়র্ক টাইমস চলতি মাসের শুরুতে রুবিওর গোপন স্মারকের খবর প্রকাশ করলে মার্কিন প্রশাসন ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের মধ্যে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়। হুয়াং জানতেন কি না যে তিনি এমন একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যিনি চীনের কাছে তথ্য সরবরাহ করছিলেন—তা নিয়েও পরিচালনা পর্ষদের সদস্যরা প্রশ্ন তোলেন।

বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্রাম্প এ গোয়েন্দা তথ্য নিয়ে ভ্যান্স, ব্ল্যাঞ্চ ও ক্লেটনের সঙ্গে আলোচনা করেন। হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না এবং তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না, সে বিষয়ে তাদের কাছে জানতে চান ট্রাম্প।

রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাঞ্চ ভ্যান্সকে জানিয়েছিলেন, হুয়াং কোনো হুমকি নন। তবে এসব আলোচনায় রুবিও অংশ নেননি। হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরানোর সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন ব্যক্তি।

এ বিষয়ে রুবিওর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউস, সিআইএ ও এফবিআইও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, জেনসেন হুয়াং নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে কথিত সম্পর্কগুলো নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও রয়টার্স সফল হয়নি।

সূত্র : রয়টার্স

সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   জেনসেন হুয়াং  চীন  গুপ্তচরবৃত্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: