
চলমান সংঘাতের কারণে তাইজ অঞ্চলে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশু হাম ও রুবেলার জীবনরক্ষাকারী টিকা থেকে বঞ্চিত হয়েছে। ছবি : রয়টার্স
চলমান সংঘাতের কারণে তাইজ অঞ্চলে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশু হাম ও রুবেলার জীবনরক্ষাকারী টিকা থেকে বঞ্চিত হয়েছে। ছবি : রয়টার্সইয়েমেনের তাইজ শহরে হুতি বিদ্রোহীদের অবরোধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে শিশুরা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। নিরাপত্তাহীনতা ও মানবিক সহায়তা পৌঁছাতে বাধার কারণে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশু হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগের টিকা নিতে পারেনি। এতে এসব রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দক্ষিণ তাইজের একটি পাহাড়ি গ্রামের এক মা তার মৃত শিশুকন্যাকে কোলে নিয়ে কান্না করছেন। শিশুটির নাম গাজা। অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পথে হুতি যোদ্ধাদের গুলির মুখে গাড়িটি ফিরে যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাইজ গভর্নরেটের প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশু নির্ধারিত হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত হয়েছে।
তাইজের স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে হাম সন্দেহে ২ হাজার ৮০৪ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ২৮০ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ২৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া কলেরায় ১ হাজার ৬০৫ জন, তীব্র ডায়রিয়ায় ৭১ হাজার ৩০৩ জন এবং ম্যালেরিয়ায় ৫০ হাজার ৪০ জন আক্রান্ত হওয়ার সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৩৫৪ জনের ম্যালেরিয়া নিশ্চিত হয়েছে।
টিকা ও ওষুধ পৌঁছাতে বাধা
তাইজের টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক ডা. ফাহেদ আল-নামের জানান, অবরোধ ও নিরাপত্তাঝুঁকির কারণে বিভিন্ন এলাকায় টিকা ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
তার মতে, হুতি নিয়ন্ত্রিত এলাকায় সম্প্রতি দখলে নেওয়া ৭০টি স্বাস্থ্যকেন্দ্রে এখন কোনো টিকাই নেই। এসব এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩ লাখ ৪৭ হাজার শিশু হাম প্রতিরোধের বুস্টার ডোজ পায়নি।
এদিকে, তাইজ শহরে যে পরিমাণ টিকা মজুত রয়েছে, তা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। এরপর টিকার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তাইজের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আল-মাসানি জানান, অবরোধের কারণে এডেন থেকে তাইজে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। চোরাই পথে যেসব ওষুধ আসছে, সেগুলোর অনেকগুলোই সঠিকভাবে সংরক্ষণ না করায় কার্যকারিতা হারানোর ঝুঁকিতে রয়েছে।
অপুষ্টিতে আরও দুর্বল হচ্ছে শিশুরা
ইয়েমেনে শুধু টিকার সংকট নয়, শিশুদের মধ্যে অপুষ্টিও ভয়াবহ আকার ধারণ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছিল, পাঁচ বছরের কম বয়সী ২২ লাখের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে। এর মধ্যে পাঁচ লাখের বেশি শিশুর মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সেপ্টেম্বরে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করা প্রায় ২ হাজার ৯০০ শিশুর এক-চতুর্থাংশের বেশি তীব্র অপুষ্টিতে ভুগছে। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু মারাত্মক অপুষ্টির শিকার।
অপুষ্টির কারণে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। ফলে হাম, কলেরা ও অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়।
হাসপাতাল ও অ্যাম্বুলেন্সেও হামলার অভিযোগ
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএ জানিয়েছে, অক্টোবরের শুরু থেকে তাইজ শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক বন্ধ থাকায় শহরে জ্বালানি, খাবার ও অন্যান্য জরুরি পণ্য পৌঁছানো কঠিন হয়ে গেছে।
সংস্থাটির মুখপাত্র জেন্স লায়েরকে বলেন, চলমান সংঘাতের কারণে মানবিক সহায়তাকর্মীদের পক্ষে শহরে প্রবেশ করা এবং সাধারণ মানুষের পক্ষে শহর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে, তাইজভিত্তিক মানবাধিকার তথ্য ও প্রশিক্ষণ কেন্দ্রের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে হুতি যোদ্ধারা পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে। এসব ঘটনায় রোগী ও চিকিৎসাকর্মীদের হতাহতের ঘটনা ঘটেছে।
এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম লুট, জ্বালানি, অক্সিজেন ও ওষুধের সংকটের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস ইউনিট এবং নবজাতকদের ইনকিউবেটর পরিচালনাও হুমকির মুখে পড়েছে।
জরুরি টিকাদান কর্মসূচিও পৌঁছাতে পারছে না সবার কাছে
গত ৭ নভেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গাভির সহায়তায় জরুরি হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করে।
ছয় দিনব্যাপী এ কর্মসূচির লক্ষ্য ছিল ১১টি গভর্নরেটের ১০০টি এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৯ লাখ ৫০ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া।
কিন্তু দেশটির বিভিন্ন অঞ্চল বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে থাকায় অনেক শিশুর কাছে টিকাদান কর্মীরা পৌঁছাতে পারছেন না।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪ অক্টোবর পর্যন্ত ইয়েমেনে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮০০। এ রোগে মারা গেছে ১২৮ জন।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হুতিদের অবিলম্বে তাইজের গুরুত্বপূর্ণ সড়ক খুলে দিয়ে সাধারণ মানুষের জন্য খাবার, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।
সব মিলিয়ে যুদ্ধ, অবরোধ, অপুষ্টি, টিকার অভাব এবং চিকিৎসাসেবার সংকটে ইয়েমেনের শিশুদের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না পেলে হামসহ সহজে প্রতিরোধযোগ্য রোগও তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।
তাইজের শিশুদের জন্য এখন সবচেয়ে বড় সংকট শুধু যুদ্ধ নয়, বরং সামান্য চিকিৎসা পাওয়ার সুযোগটুকুও হারিয়ে ফেলা।
সময়ের আলো/ইউএমএইচ