প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির মুসলিম সিনেটর ফাতিমা পেমান। এ সময় তার পেছনে বসে শিশুটির সঙ্গে ‘পিকাবু’ (লুকোচুরি ধরনের খেলা) খেলছিলেন আরেক সিনেটর লিডিয়া থর্প। অধিবেশনের এমন ব্যতিক্রমী ও আনন্দঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার সিনেটে ডিজিটাল ডিউটি অব কেয়ার বিল নিয়ে আলোচনার সময় ছয় মাস বয়সী মেয়ে আলিয়াহকে কোলে নিয়ে বক্তব্য দেন ফাতিমা পেমান। বক্তব্যের পুরো সময় শিশুটিকে বুকের কাছে ধরে রাখেন তিনি। এ সময় তাঁর ঠিক পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির মনোযোগ আকর্ষণে নানা অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি করে পিকাবু খেলছিলেন।
পার্লামেন্টের অধিবেশন চলাকালে ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিডিওটি প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কর্মক্ষেত্রে মা ও শিশুর এমন স্বাভাবিক উপস্থিতির প্রশংসা করেছেন অনেকে।
পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেমান দেশটির ফেডারেল পার্লামেন্টের প্রথম হিজাব পরিহিত সদস্য। দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটরও তিনি।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশন চলাকালে তাঁদের শিশুসন্তানকে সঙ্গে রাখতে এবং প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে পারেন। ফলে শিশুকন্যাকে নিয়ে পেমানের অধিবেশনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।
এই ঘটনা কর্মক্ষেত্রে মাতৃত্বের দায়িত্ব পালন এবং পেশাগত দায়িত্বের সমন্বয়ের বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। একই সঙ্গে পার্লামেন্টে শিশুসন্তানের উপস্থিতির সুযোগ নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।
সূত্র : দ্য গার্ডিয়ান
সময়ের আলো/জেডি