প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতভারতের তামিলনাড়ুতে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু হচ্ছে। সন্তান জন্মের আগে অথবা জন্মের ছয় মাসের মধ্যে ১৫ দিনের ছুটি নিতে পারবেন বাবা হতে যাওয়া সরকারি কর্মীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৯৯৭ সাল থেকেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ওই বছর এ ছুটি চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখেই তামিলনাড়ু সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সন্তান জন্মের সময় স্ত্রীকে সহায়তা এবং নবজাতকের যত্নে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ছুটির ব্যবস্থা করা হয়েছে। সন্তানের জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নেওয়া যাবে।
এ বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সন্তান জন্মের সময়টি মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।’
তামিলনাড়ু অবশ্য ভারতের প্রথম রাজ্য নয়, যেখানে পুরুষ সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু হয়েছে। ২০১১ সালে ওডিশায় ১৫ দিনের এ ছুটি চালু করা হয়। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ সরকারি কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্ন মিলিয়ে ৩০ দিনের ছুটি পান।
এ ছাড়া কেরালায় সর্বোচ্চ ১০ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর সংশোধিত সরকারি কর্মচারী ছুটির বিধিমালা অনুযায়ী, এ ছুটির মেয়াদ ১৫ দিন। আর ২০২৬ সালের সেপ্টেম্বরে আসামও যোগ্য পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।
সময়ের আলো/এসএকে