
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতমিশরের আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া ও পোর্ট সাঈদসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে অন্তত শতাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশই বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মিশনে অবস্থান করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে।
এদিকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনিয়মিত পথে মিশরে নেওয়া এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে।
আটক ব্যক্তিদের মধ্যে ইসমায়েলিয়া অঞ্চলের আবু-সুইর থানায় সুলেমান নামের এক বাংলাদেশি দালালসহ মোট নয়জন রয়েছেন। অভিযোগ রয়েছে, সুলেমান চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে শ্রমিকদের মিশরে নিয়ে আসতেন। পরে বিভিন্ন কারখানায় কাজ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে আদায় করতেন।
অভিযোগ অনুযায়ী, শ্রমিকেরা কারখানায় যোগ দেওয়ার কিছুদিন পর সংশ্লিষ্ট ফ্লোর ইনচার্জের সঙ্গে যোগসাজশ করে সুলেমান তাদের চাকরিচ্যুত করাতেন। এরপর অন্য কারখানায় কাজ দেওয়ার কথা বলে আবারও প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে নিতেন।
সম্প্রতি আরও আটজন চাকরিপ্রত্যাশীকে নিয়ে একটি কারখানায় যাওয়ার পথে স্থানীয় পুলিশের হাতে আটক হন সুলেমান। আটক ব্যক্তিদের কারও কাছেই মিশরে অবস্থানের বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে।
এদিকে গত সপ্তাহে বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব এলাকায় মাদকবিরোধী অভিযানসহ পৃথক পুলিশি অভিযানে অন্তত ৪২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে ১২ জন বাংলাদেশি গ্রেফতার হন। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।
আলেকজান্দ্রিয়ায় বসবাসরত বাংলাদেশি রাসেল জানান, আটক ব্যক্তিদের মধ্যে অনেকে আমিরিয়া ও নাসরিয়া থানায় রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কোন থানায় কতজন আটক রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্রে আটকের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসায় প্রকৃত সংখ্যা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, আটক বাংলাদেশিদের বিষয়ে মিশরের পুলিশ সাধারণত কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে না। ফলে স্বজন ও পরিচিতদের মাধ্যমে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। এতে অনেক সময় অসম্পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।
আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া, পোর্ট সাঈদ ও আশার রামাদান শহরে বাংলাদেশিদের আটকের খবর ছড়িয়ে পড়ায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত শ্রমিকেরা গ্রেফতার আতঙ্কে চলাফেরা সীমিত করছেন বলে জানা গেছে।
কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিশরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণভাবে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রয়েছে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কিছু কারখানায় বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ রয়েছে।
এ ক্ষেত্রে বীমার আওতাভুক্ত কারখানাগুলোকে নির্ধারিত কোটা, মিশরের শ্রম মন্ত্রণালয়ের চাহিদা এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হয়।
দূতাবাস থেকে প্রয়োজনীয় নোট ভারবাল সংগ্রহের পর বিশেষ বিবেচনায় এবং প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা যেতে পারে।
তবে এসব নিয়মের বাইরে একশ্রেণির অসাধু বাংলাদেশি দালাল ও মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা চাকরির প্রলোভন দেখিয়ে অনিয়মিত পথে শ্রমিকদের মিশরে নিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব শ্রমিক কর্মসংস্থান, বৈধ কাগজপত্র ও নিরাপত্তাহীনতার সংকটে পড়ছেন। অনেক ক্ষেত্রে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হচ্ছে।
চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া এবং অনিয়মিত পথে শ্রমিক আনার সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মিশনে বসবাসরত বাংলাদেশিরা।
সময়ের আলো/এসএকে