প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত দেশে আরও ১২টি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র চালুর পরিকল্পনা করেছে ইরান। দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে নতুন একটি কেন্দ্রের কার্যক্রম শুরুর অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাশত শহরের লাকান এলাকায় কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির উপপ্রধান হোসেইন সাদেঘি বলেন, ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকদের সহায়তা করবে এই কেন্দ্র। এসব পোকামাকড় সংরক্ষণাগারে পৌঁছানোর আগেই কৃষিপণ্যের ক্ষতি করে।
সাদেঘি বলেন, বিকিরণ প্রক্রিয়াকরণের মাধ্যমে চালসহ বিভিন্ন কৃষিপণ্যের পোকামাকড় ধ্বংস করা যাবে। এতে পণ্যের সংরক্ষণকাল বাড়বে, অপচয় কমবে এবং রপ্তানি বাড়াতেও সহায়তা মিলবে।
কেন্দ্রটি ইরানের পরমাণু শক্তি সংস্থার ‘রেডিয়েশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানি’র অধীনে পরিচালিত হবে। গিলান প্রদেশের কৃষি খাতে খাদ্যনিরাপত্তা ও খাদ্যের মান উন্নত করার লক্ষ্যে এটি স্থাপন করা হয়েছে। এখানে চাল, চা, হ্যাজেলনাট, চিনাবাদাম ও ঔষধি উদ্ভিদ প্রক্রিয়াজাত করা হবে। কেন্দ্রটিতে গামা রশ্মি ও তড়িৎচুম্বকীয় বিকিরণ প্রযুক্তির ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী, গিলানের গভর্নর হাদি হাঘশেনাস, প্রাদেশিক আইনপ্রণেতা এবং অন্যান্য কর্মকর্তারা।
সময়ের আলো/জেডি