প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের নিয়োগ দেওয়া উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী রয়েছেন। এক বছর ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গত এক মাসে ইসরাইল হামাসের প্রায় ৮০ জন যোদ্ধাকে হত্যা করেছে।
নেতানিয়াহু বলেন, ‘কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের হাত থেকে রেহাই পাবে না।’ মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হামাসের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার একজন আবু নাদা। এর আগে গোষ্ঠীটির দুজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকেও হত্যা করা হয়। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, আবু নাদা হামাসের অর্থনৈতিক কার্যক্রম, ব্যাংকিং ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে ছিলেন। এসব তহবিল গোষ্ঠীটির সামরিক কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতো। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।
হামাস আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য ছিলেন। তবে তার বিরুদ্ধে ইসরাইলের আনা অন্যান্য অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। হামাসের দাবি, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো ইসরাইলের একটি ‘জঘন্য অপরাধ’। হামাসের দাবি, ইসরাইলের এসব ধারাবাহিক হামলা গাজা যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকেও দায়ী করেছে গোষ্ঠীটি। তাদের অভিযোগ, এই উদ্যোগ হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। বরং এর ফলে ইসরাইল বেসামরিক নাগরিকদের ওপর আরও হামলা চালানোর সুযোগ পাচ্ছে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত রাতে গাজা সিটির তুফাহ এলাকা ও বিচ শরণার্থী শিবিরে পৃথক দুটি বিমান হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। এসব হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার পরে বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের গুলিতে ৬২ বছর বয়সি এক ফিলিস্তিনি নিহত হন। তবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তারা অবগত নয়।
ইসরাইল দাবি করছে, তাদের হামলার লক্ষ্য হামাসের সদস্য ও স্থাপনা। তবে এসব অভিযানে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছেন। ট্রাম্পের সমর্থনে নেওয়া বৃহত্তর যুদ্ধবিরতি পরিকল্পনাও সহিংসতা বন্ধ করতে কিংবা হামাসকে নিরস্ত্র করতে পারেনি। ফিলিস্তিনি ও ইসরাইলি পক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির সময় তাদের নিয়ন্ত্রণে ছিল অর্ধেকের কিছু বেশি এলাকা। হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজার উপকূলীয় অঞ্চলের খুব সামান্য অংশ।
২০২৩ সাল থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ সংঘাতের ফলে সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ ও জাতিসংঘের তদন্তে গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি