প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কোম্পানির পক্ষ থেকে একটি এবং নিজের মালিকানা থেকে আরেকটি শেয়ার দেবেন তিনি। মার্কিন সময় বুধবার এ ঘোষণা দেন মাস্ক। বর্তমান শেয়ারদর অনুযায়ী, এ উপহারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, প্রতিটি শিশু স্পেসএক্সের কাছ থেকে একটি এবং তার ব্যক্তিগত মালিকানা থেকে আরও একটি শেয়ার পাবে। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় এসব শেয়ার বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে বুধবার স্পেসএক্স জানায়, বর্তমানে সক্রিয় প্রতিটি ট্রাম্প অ্যাকাউন্টে কোম্পানির নতুন ইস্যু করা ‘ক্লাস এ’ কমন স্টকের একটি করে শেয়ার দেওয়া হবে। কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন মাস্কও। ১৮ বছরের কম বয়সি মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশীদারিত্ব দেওয়া এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তার উদ্দেশ্যে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। গত অক্টোবরে হোয়াইট হাউস জানায়, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দর ছিল ১২৭.৪৪ ডলার। সেই হিসাবে মাস্কের প্রতিশ্রুতির আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। মাস্কের দেওয়া শেয়ারগুলো ট্রাম্প অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে কি না কিংবা শেয়ার বিক্রির ওপর নির্দিষ্ট সময়ের কোনো নিষেধাজ্ঞা থাকবে কি না, তা জানতে চেয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স।
সময়ের আলো/প্রিন্ট/জেডি