
ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনকে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ইসরায়েল। সংগৃহীত ছবি
ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনকে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ইসরায়েল। সংগৃহীত ছবি ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনকে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ইসরায়েল। এমনকি বন্দিদের জিজ্ঞাসাবাদে বিশেষ পদ্ধতি প্রয়োগের আগাম অনুমোদন দেওয়া হচ্ছে এবং নির্যাতনের বিভিন্ন তথ্য সরকারি নথিতেও সংরক্ষিত থাকছে। ইসরায়েলভিত্তিক নির্যাতনবিরোধী সংগঠন পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল (পিসিএটিআই) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রস্তাবিত মৃত্যুদণ্ড আইন কার্যকরের উদ্যোগের মধ্যে নির্যাতনের এই চর্চা দেশটির বিচারব্যবস্থায় গুরুতর ও অপূরণীয় ভুলের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
গত এক দশকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কর্মকর্তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের করা নির্যাতনের ৪২টি অভিযোগ বিশ্লেষণ করেছে পিসিএটিআই।
এতে দেখা গেছে, অভিযোগকারীদের ৭৫ শতাংশের বেশি জানিয়েছেন, নির্যাতন কিংবা অন্যান্য বেআইনি পদ্ধতির শিকার হওয়ার পর তারা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, প্রতি ১০ জনের একজন নির্যাতনের মুখে অন্য ব্যক্তিদের অপরাধে জড়ানোর মতো বক্তব্য দিয়েছেন।
পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ফিলিস্তিনি বন্দিদের ক্ষেত্রে ইসরায়েলের বিচারব্যবস্থা স্বীকারোক্তি আদায়ের মাধ্যম হিসেবে নির্যাতনকে কার্যত অনুমোদন করছে। এসব স্বীকারোক্তিতে দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টিও যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তিনি আরও বলেন, ১৯৬২ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের কৌশল হিসেবে নির্যাতনের ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক।
বছরের পর বছর ধরে শত শত সাক্ষ্যে ফিলিস্তিনি বন্দিরা জিজ্ঞাসাবাদের সময় ঘুমাতে না দেওয়া, চড়-লাথি ও অন্যান্য শারীরিক আঘাত, প্রাণনাশের হুমকি, যৌন সহিংসতা এবং দীর্ঘ সময় ধরে যন্ত্রণাদায়ক অবস্থানে আটকে রাখার অভিযোগ করেছেন।
এসব অভিযোগের কিছু তথ্য শিন বেতের নিজস্ব সরকারি নথিতেও পাওয়া গেছে। প্রতিবেদনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আটক হওয়া এক ফিলিস্তিনি আইনজীবীর ঘটনা উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাকে দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হয়নি।
প্রায় ২৭ দিন ১২ ঘণ্টা, অর্থাৎ মোট ৬৬০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ওই আইনজীবীকে ৫৫২ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতিদিন গড়ে প্রায় ২০ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। একটি পর্যায়ে টানা প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বাকি ১০৮ ঘণ্টার মধ্যে কিছু সময় আটকাদেশসংক্রান্ত শুনানিতে যাতায়াত ও অংশগ্রহণে ব্যয় হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদের কৌশল হিসেবে ইচ্ছাকৃতভাবে কাউকে ঘুম থেকে বঞ্চিত করাকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ওই আইনজীবীর বিরুদ্ধে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।
পিসিএটিআইয়ের তথ্য অনুযায়ী, শিন বেতের জিজ্ঞাসাবাদসংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা মাভতান পরে জানায়, ওই আইনজীবীর জিজ্ঞাসাবাদ নির্ধারিত নিয়ম অনুসারেই সম্পন্ন হয়েছিল।
সংস্থাটির পরিসংখ্যান বলছে, ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাভতানের কাছে নির্যাতনের অভিযোগ জমা পড়েছে ১ হাজার ৬৮০টিরও বেশি। কিন্তু এসব অভিযোগের একটির ভিত্তিতেও আনুষ্ঠানিক ফৌজদারি মামলা করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের বিচারিক নথিতেও কয়েকটি নির্যাতনের ঘটনার পরোক্ষ প্রমাণ রয়েছে। তবে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের অভিযোগ ও সাক্ষ্য আদালতে খুব কম ক্ষেত্রেই গুরুত্ব পেয়েছে।
এমন একটি ঘটনায় নির্যাতনের মাধ্যমে আদায় করা এক বন্দির মিথ্যা স্বীকারোক্তিকে রাষ্ট্রপক্ষ আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করে। পরে তার আইনজীবী প্রমাণ করেন, অপরাধ সংঘটনের সময় ওই ব্যক্তি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।
পিসিএটিআইয়ের বিশ্লেষণ করা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত নির্যাতনপদ্ধতি ছিল বন্দিদের ঘুমাতে না দেওয়া। এছাড়া অর্ধেকেরও বেশি অভিযোগে দীর্ঘ সময় ধরে কষ্টকর শারীরিক অবস্থানে আটকে রাখা এবং বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের বিবরণ পাওয়া গেছে।
ইসরায়েল জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষর করলেও পিসিএটিআইয়ের দাবি, জীবন রক্ষার জন্য জরুরি তথ্য সংগ্রহের প্রয়োজন দেখিয়ে দেশটির বিচারব্যবস্থা কার্যত নির্যাতন ও সহিংসতার ব্যবহারকে বৈধতার কাঠামোর মধ্যে নিয়ে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘প্রয়োজনীয়তাভিত্তিক জিজ্ঞাসাবাদ’ কিংবা ‘সামরিক জিজ্ঞাসাবাদ’-এর নামে শিন বেতের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্দিদের ওপর নির্যাতন চালান। এ ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত ও কার্যক্রম নথিভুক্ত করার জন্য অভ্যন্তরীণ ব্যবস্থাও অনুসরণ করা হয়।
পিসিএটিআই বলছে, শুরুতে সীমিত ব্যতিক্রম হিসেবে বিবেচিত একটি ব্যবস্থা ধীরে ধীরে বড় ধরনের আইনি ও প্রশাসনিক কাঠামোয় রূপ নিয়েছে। এর ফলে নির্যাতনের ওপর নিষেধাজ্ঞা কাগজে-কলমে বহাল থাকলেও বাস্তবে সহিংসতা চালানোর সুযোগ তৈরি হয়েছে।
শিন বেতের জিজ্ঞাসাবাদে এ ধরনের পদ্ধতি ঠিক কতটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে জনসমক্ষে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর দীর্ঘদিনের কার্যত স্থগিতাদেশ তুলে নেওয়ার উদ্যোগের কারণে বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
১৯৬২ সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে ইসরায়েলে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
সারি বাশি বলেন, মৃত্যুদণ্ড সব সময়ই ভুল সিদ্ধান্ত। এটি নিষ্ঠুর, অপরিবর্তনীয় এবং মানুষের বেঁচে থাকার অধিকারকে অস্বীকার করে। বিশেষ করে যে বিচারব্যবস্থার বিরুদ্ধে পদ্ধতিগত সহিংসতার অভিযোগ রয়েছে, সেখানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া আরও বেশি উদ্বেগজনক।
গত মার্চে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি বিতর্কিত আইন পাস হয়। ওই আইনে প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে একই ধরনের অপরাধে অভিযুক্ত ইহুদি ইসরায়েলিদের জন্য এই বিধান প্রযোজ্য নয়।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিচার হয় সামরিক আদালতে। নতুন আইনের আওতায় সেখানে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত শাস্তি হিসেবে রাখা হয়েছে।
আইনটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও এর বিরোধিতা করেছেন। তার সতর্কবার্তা অনুযায়ী, আইনটি বাস্তবায়ন করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাসংক্রান্ত মামলাগুলোতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথক একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধানও করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আদালত কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তি বাতিল করলেও সেই স্বীকারোক্তির ভিত্তিতে পাওয়া অন্যান্য তথ্য রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। ইসরায়েলের বিচারিক নজিরে এ ধরনের সুযোগ রয়েছে।
পিসিএটিআইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিদের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ সময়ে ইসরায়েলি কারারক্ষী ও সেনাদের সহিংসতা বৃদ্ধির বিভিন্ন ঘটনা নথিভুক্ত করেছে। এসবের মধ্যে রয়েছে মারধর, কুকুর দিয়ে আক্রমণ, বৈদ্যুতিক শক, হুমকি এবং ধর্ষণের অভিযোগ।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েলের পর্যালোচনা করা ১০টি ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে পাঁচটিতে শারীরিক নির্যাতনের চিহ্ন এবং ছয়টিতে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, ইসরায়েলের কারা কর্তৃপক্ষের দাবি, সব বন্দিকে আইন মেনেই আটক রাখা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও শিন বেত ও দেশটির বিচার মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সময়ের আলো/ইউএমএইচ