
ভারতের নয়াদিল্লিতে দার-এ-নিজাত দেখার পার্টির আয়োজন। ছবি : সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে দার-এ-নিজাত দেখার পার্টির আয়োজন। ছবি : সংগৃহীতভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৫ সালের মে মাস থেকে দেশটির স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকেও সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট। কিন্তু নিষেধাজ্ঞা দিয়েও ভারতীয় দর্শকদের পাকিস্তানি নাটকের প্রতি আগ্রহ থামানো যাচ্ছে না। ভিপিএন ব্যবহার, গোপন প্রদর্শনী ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত এসব নাটক দেখছেন তারা।
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নাজাত’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের জন্য ব্যক্তিগত এ আয়োজন করা হলেও এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি মানুষ। দর্শকদের এমন সাড়া দেখে বিস্মিত হন আয়োজক নিজেও।
পাকিস্তানি অন্য নাটক ও গানের মতো ‘দার-এ-নাজাত’ও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে নাটকটির দৃশ্য বিনিময়, বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় দর্শকরা।
শুধু অনলাইনেই নয়, ভারতের বিভিন্ন এলাকায় আয়োজন করা হচ্ছে দলবদ্ধভাবে নাটক দেখার অনুষ্ঠান। তরুণী জারিয়াব, তার শৈশবের ভালোবাসার মানুষ জামিল এবং পরবর্তী সময়ে জারিয়াবের জীবনে শূন্যতা পূরণ করতে আসা আবু বকরকে ঘিরে নাটকটির গল্প। এর জনপ্রিয়তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের একধরনের লুকোচুরি চলছে।
আসন্ন সপ্তাহান্তে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে নাটকটির অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে অনুষ্ঠানগুলোর প্রচারপত্র দেখে কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়েছে। এরপরও নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ কমেনি।
নাটকটির ভক্তদের মধ্যে একটি উর্দু বাক্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ধৈর্যের ফল নয়, তাদের চাই আবু বকর। প্রচলিত একটি উর্দু প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা এই বাক্যটি চরিত্রটির প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসারই প্রকাশ।
বেঙ্গালুরুর এক ভক্ত রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। তার সহমর্মিতাপূর্ণ আচরণের কারণে আমি তার প্রতি মুগ্ধ। বর্তমান সময়ে অধিকাংশ পুরুষের মধ্যে এমন গুণের অভাব রয়েছে।’
তবে ‘দার-এ-নাজাত’ নিয়ে এই উন্মাদনা পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের প্রতি ভারতীয়দের দীর্ঘদিনের আগ্রহের সাম্প্রতিক উদাহরণ মাত্র। সরকারি নিষেধাজ্ঞা সেই আগ্রহ খুব একটা কমাতে পারেনি।
আবু সুফিয়ান খান বলেন, ‘ভারতীয়রা ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারছেন না। ইউটিউবে ভিপিএন বা প্রক্সি ছাড়া পাকিস্তানি নাটকও দেখতে পারছেন না।’
তারপরও নিষিদ্ধ সংস্কৃতির প্রতি আকর্ষণ থেকে অনেকেই সরকারি নিষেধাজ্ঞা এড়িয়ে এসব কনটেন্ট দেখছেন।
কেন নিষেধাজ্ঞা দিয়েও ঠেকানো যাচ্ছে না
ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ এবং দীর্ঘদিনের উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চালু ছিল। অবশ্য বিভিন্ন সময়ে উভয় দেশই এ ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
গত এক দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সীমিত করার নীতি গ্রহণ করলে দেশটিতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও জোরালো হয়।
২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাত হয়। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।
এরপর ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে ভারত। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সপ্তাহে নেটফ্লিক্সকেও ভারতে প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রথম প্রযোজিত অনুষ্ঠানটি সরিয়ে নিতে বলেছে দেশটি।
তবে ২০১৬ সালে চীনে কোরীয় পপ সংস্কৃতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘদিন কার্যকর থাকলেও ভারতের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ খুব একটা সফল হচ্ছে না।
এর অন্যতম কারণ প্রযুক্তিগত নিয়ন্ত্রণ। চীন তার নাগরিকদের ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ভারতের নিয়ন্ত্রণে নেই। দেশটির তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার অনলাইন কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। এ ধরনের নির্দেশ সাধারণত গোপন রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউটিউব ভারতে পাকিস্তানি চ্যানেলগুলো ভৌগোলিক অবস্থানভিত্তিকভাবে বন্ধ করে দিয়েছে।
কিন্তু এ নিষেধাজ্ঞা কার্যকর হয় প্ল্যাটফর্মের ওপর, দর্শকের ওপর নয়। ভিপিএন ব্যবহার করে দর্শক নিজের অবস্থান অন্য দেশ হিসেবে দেখাতে পারেন। এভাবে নাটক ডাউনলোড করে ভারতে থাকা কোনো অ্যাকাউন্ট থেকে আবার আপলোড করাও সম্ভব।
২০২৫ সালের ৮ মে, যেদিন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, সেদিন ভারতে ভিপিএন অনুসন্ধান বেড়ে যায় ৭২ শতাংশ। অনলাইন নজরদারি প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, দুই দেশের পাল্টাপাল্টি অনলাইন কনটেন্ট নিষেধাজ্ঞার সঙ্গে এই বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার কারণ
ভারতে ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখার প্রবণতা দেশটির বিনোদনশিল্পের জন্যও বড় বাজার তৈরি করেছে। এর সুবিধা পাচ্ছে ‘দার-এ-নাজাত’-এর প্রযোজনা ও সম্প্রচারের সঙ্গে যুক্ত পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটাল।
প্রতিষ্ঠানটির এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জেরজিস সেজা বলেন, ‘পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়। বর্তমান সময়ে কোনো কনটেন্টের নাগাল কঠিন করে তোলা যায়, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না।’
তার বক্তব্যের পক্ষে রয়েছে আগের কয়েকটি নাটকের জনপ্রিয়তা। ২০২২ সালের ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ‘কাভি ম্যায় কাভি তুম’ নাটক দুটিও ভারতে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বার জানিয়েছেন, ‘ড. বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো তাঁর নির্মিত ধারাবাহিক নিয়ে ভারতের দর্শকরা তাঁকে নিয়মিত বার্তা পাঠান।
ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার পেছনে দুই দেশের সাংস্কৃতিক মিলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের মানুষের জীবনযাপন ও সামাজিক বাস্তবতায় অনেক মিল থাকায় পাকিস্তানি নাটকের গল্প ভারতীয় দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়ে উঠছে।
জেরজিস সেজার মতে, পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমানও গত কয়েক বছরে উন্নত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কনটেন্টের মান অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবধর্মী, চিন্তাশীল এবং মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত।’
এর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উপস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন আবু সুফিয়ান খান। তার মতে, ভারতীয় সিনেমা ও টেলিভিশনে অনেক সময় মুসলিম চরিত্রগুলোকে গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। বিপরীতে ‘দার-এ-নাজাত’ নাটকে ইসলামকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, নাটকটিতে ইসলামকে ভীতিকর কিছু হিসেবে কিংবা বলিউডের প্রচলিত সাজসজ্জা ও বাহ্যিক ধর্মীয় অনুষঙ্গের মাধ্যমে দেখানো হয়নি। বরং বিনয়, অন্তর্ভুক্তি ও বিচারহীন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ধর্মীয় অনুশীলন তুলে ধরা হয়েছে। এটিও নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ।
সংস্কৃতির টানে ভাঙছে সীমান্তের দূরত্ব
যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার সময়ে সংস্কৃতির আদান-প্রদান দুই দেশের মানুষের মধ্যে পরিচিতি ও ঘনিষ্ঠতা তৈরি করে। প্রযুক্তির বিস্তারের ফলে এখন পুরো সমাজকে ডিজিটালভাবে বিচ্ছিন্ন করে রাখা সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।
দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘গত কয়েক বছরে ভারতীয়দের মধ্যে পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান, গান ও অনলাইন তারকাদের কনটেন্ট দেখার প্রবণতা বেড়েছে। সংস্কৃতি ও কনটেন্টে প্রবেশাধিকার সহজলভ্য হওয়ায় পুরোনো ধারণা ও নেতিবাচক মনোভাব ভাঙার সুযোগ তৈরি হয়েছে। আগে সীমান্তের ওপারের মানুষের জীবন সম্পর্কে দুই দেশের মানুষেরই খুব বেশি জানাশোনা ছিল না।’
পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমেরও ভারতে জনপ্রিয়তা পেয়েছেন। তার সাম্প্রতিক গান ‘পাবলো’-তে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘আমরা সবাই তার গান শুনছি। কে ভেবেছিল এমনটা হবে!’
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত খুব একটা কার্যকর হয় না। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সীমান্ত ও নিষেধাজ্ঞার কার্যকারিতাও কমে আসে। সরকারের কাছে সংস্কৃতি দৃশ্যমান এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় তারা নিষেধাজ্ঞা আরোপ করে। পাকিস্তানও একই কাজ করেছে। দেশটিতে কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল।
তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানে পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল।
অজয় বিসারিয়া বলেন, ‘ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে সংস্কৃতি সব সময়ই বড় ধরনের সংযোগের ভূমিকা রেখেছে, দুই দেশ তা চেয়েছে কি না, সেটি বিবেচ্য নয়।’
‘দার-এ-নাজাত’-এর জনপ্রিয়তা আবারও দেখিয়ে দিচ্ছে, রাজনৈতিক বৈরিতা ও সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ থেমে থাকেনি।
সময়ের আলো/জেডি