ইরান যুদ্ধ বন্ধের ডাক ডেমোক্র্যাটদের, ইরান নিয়ে নীতি কি বদলাবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দেশজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের বিরুদ্ধে জনমত জোরালো হওয়ার মধ্যেই এসেছে এই নির্বাচনি

2026-11-27T18:30:12+00:00
2026-11-27T18:30:12+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ বন্ধের ডাক ডেমোক্র্যাটদের, ইরান নিয়ে নীতি কি বদলাবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম 
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিসের পাশে সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি : সংগৃহীত
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিসের পাশে সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দেশজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের বিরুদ্ধে জনমত জোরালো হওয়ার মধ্যেই এসেছে এই নির্বাচনি সাফল্য। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। তবে ইরান ইস্যুতে দলটির নীতিগত অবস্থান রিপাবলিকানদের চেয়ে কতটা আলাদা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডেমোক্রেটিক পার্টির নেতাদের মধ্যে ইরান বিষয়ে তুলনামূলক কঠোর অবস্থানের জন্য পরিচিত ব্যক্তিরাও যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলছেন।

গত সপ্তাহে প্রতিনিধি পরিষদের সম্ভাব্য নতুন স্পিকার হাকিম জেফরিস বলেন, ‘জানুয়ারি থেকেই ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধে আমাদের জোরালোভাবে কাজ করতে হবে।’

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরদিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারও ইরান যুদ্ধের সমালোচনা করেন। ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক পরমাণু চুক্তির বিরোধিতা করেছিলেন তিনি। শুমার বলেন, ‘আমেরিকানরা জানেনই না, ইরানে আমরা আসলে কীসের জন্য লড়াই করছি।’

তবে ডেমোক্র্যাটদের নির্বাচনি বিজয়কে ইরানে খুব একটা আশাব্যঞ্জকভাবে দেখা হচ্ছে না। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেছেন, নির্বাচনের ফলাফলের কারণে ওয়াশিংটনের ইরাননীতি বদলে যাবে বলে যারা মনে করছেন, তারা ‘মারাত্মক ভুল করছেন’।

যুদ্ধের বিরোধিতা করে ডেমোক্র্যাটরা নিজেদের অবস্থানকে ট্রাম্পের নীতির বিপরীতে তুলে ধরলেও বিশ্লেষকদের প্রশ্ন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গিতে আদৌ কোনো মৌলিক পরিবর্তন আসবে কি না। কারণ, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের প্রশাসনই দীর্ঘদিন ধরে ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে।

কয়েক দশকের দ্বিদলীয় বৈরিতা

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের ইরাননীতিতে দলীয় বিভাজনের চেয়ে বৈরিতাই বেশি প্রাধান্য পেয়েছে।

ইরানে মার্কিন দূতাবাস দখলের ঘটনার পর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়। এর আট মাস আগে সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্র-সমর্থিত রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হন।

পরবর্তী রিপাবলিকান প্রশাসনগুলোও ইরানের ওপর চাপ অব্যাহত রাখে। তবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ে ‘ডুয়াল কনটেইনমেন্ট’ নীতির আওতায় ইরান ও ইরাক—উভয় দেশের অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরও জোরদার করা হয়। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও এ নীতির লক্ষ্য ছিলেন।

১৯৯৬ সালে ক্লিনটন ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইনে স্বাক্ষর করেন। মার্কিন প্রতিনিধি পরিষদে ৪১৫-০ ভোটে বিলটি পাস হয়েছিল, যা এ বিষয়ে দুই দলের ব্যাপক ঐকমত্যেরই ইঙ্গিত দেয়।

এমনকি কৌশলগত স্বার্থে যুক্তরাষ্ট্র ও ইরান কাছাকাছি এলেও সেই সুযোগ দীর্ঘস্থায়ী হয়নি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানে ওয়াশিংটনকে সহযোগিতা করেছিল ইরান। দুই দেশের অভিন্ন শত্রু তালেবানকে ক্ষমতা থেকে সরাতে তেহরানের ভূমিকা ছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে ইরাক ও উত্তর কোরিয়ার সঙ্গে ‘অশুভ অক্ষশক্তি’ হিসেবে আখ্যা দেন।

ডার্টমাউথ কলেজের ইতিহাসবিদ গোলনার নিকপুর আলজাজিরাকে বলেন, বুশের এই ঘোষণা তেহরানের সংস্কারপন্থীদের পাশাপাশি সে সময় ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে সহযোগিতা করা মার্কিন সামরিক কর্মকর্তাদেরও বিস্মিত করেছিল।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম জামশিদির মতে, ইরানের স্বাধীন আঞ্চলিক প্রভাব মেনে নিতে ওয়াশিংটনের অনীহা থেকেই এ বৈরিতার একটি বড় অংশ তৈরি হয়েছে। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলের ঘটনা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাবও এর পেছনে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ইরাননীতি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যায়নি। ইসলামি বিপ্লব-পরবর্তী ইরানকে উভয় দলই নিয়ন্ত্রণ, প্রান্তিকীকরণ ও চাপে রাখার মতো প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে।

জামশিদির মতে, ট্রাম্পের আগে ইরানের ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোর কয়েকটি এসেছিল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামার আমলে।

২০১০ সালে ওবামা ইরান নিষেধাজ্ঞা, জবাবদিহি ও বিনিয়োগ প্রত্যাহার আইন কার্যকর করেন। এর আওতায় ইরানে পরিশোধিত জ্বালানি সরবরাহকারী কিংবা দেশটির তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে সহায়তাকারী বিদেশি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। প্রতিনিধি পরিষদে ৪০৮-৮ এবং সিনেটে ৯৯-০ ভোটে বিলটি পাস হয়েছিল।

তবে রাজনৈতিক বিশ্লেষক নেগার মোর্তাজাভি মনে করেন, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অর্থ এই নয় যে দুই দল ইরানের প্রতি একই নীতি অনুসরণ করেছে।

তিনি আলজাজিরাকে বলেন, দুই দলের ইরাননীতিকে পুরোপুরি এক বলে বিবেচনা করা ঐতিহাসিকভাবে সঠিক হবে না। বিশেষ করে ওবামার কূটনৈতিক উদ্যোগ এবং ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের মধ্যে বড় পার্থক্য রয়েছে।

ওবামার কূটনৈতিক উদ্যোগ, বাইডেনের ব্যর্থতা

ওবামা প্রশাসন ইরানের ওপর ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখলেও একই সঙ্গে কয়েক দশকের মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসে। এর পরিণতিতে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদিত হয়।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় বিশ্বশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করে ইরান। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করে এবং দেশটির জব্দ করা কিছু অর্থ ছাড় করে।

মোর্তাজাভি বলেন, ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) শুধু একটি পরমাণু চুক্তি ছিল না। এটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের পরিবর্তে কূটনীতিনির্ভর সম্পূর্ণ ভিন্ন সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছিল।’

ওবামার দ্বিতীয় মেয়াদে ইরাকসহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়েও যুক্তরাষ্ট্র ও ইরান নীরবে সহযোগিতা করেছিল।

তবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরেও বিরোধিতা ছিল। এর অন্যতম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থক চাক শুমার, যিনি বর্তমানে ট্রাম্পের যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার নেতাদের একজন।

ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালন করা জো বাইডেনের প্রশাসনেও ইরাননীতি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের পার্থক্য অনেকটা কমে আসে।

২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর নির্বাচনি প্রচারে বাইডেন সেই চুক্তি পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করতে পারেননি। বরং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির বড় অংশই বহাল রাখেন তিনি।

মোর্তাজাভির মতে, বাইডেনের এই ব্যর্থতা ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ আদর্শিক বিভাজনকে সামনে এনেছে। এটি ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে নীতিগত পার্থক্যের অনুপস্থিতি প্রমাণ করে না।

তিনি বলেন, বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রচলিত ও তুলনামূলক কঠোর অবস্থানের প্রতিনিধিত্ব করতেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময়ও বাইডেন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক সামরিক, আর্থিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছে। বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক সুরক্ষা অব্যাহত রেখেছিল ওয়াশিংটন।

তবে মোর্তাজাভি উল্লেখ করেন, ট্রাম্পের বিপরীতে বাইডেন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করা থেকে বিরত ছিলেন।

তেহরানের আস্থা কেন কমেছে

ওয়াশিংটনের প্রতি ইরানের অবিশ্বাস ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠারও আগের। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ যুক্তরাজ্যের সঙ্গে মিলে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত রাজা পাহলভিকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনে। এরপর তিনি শাহ হিসেবে দেশটির শাসনভার গ্রহণ করেন।

ক্ষমতায় ফিরে পাহলভি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তাঁর শাসনামল ছিল সেন্সরশিপ, নির্যাতন ও সম্পদের বৈষম্যে চিহ্নিত।

সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রশাসনের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়াও ইরানের নেতাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ, একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো দীর্ঘস্থায়ী সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি।

আইন বিভাগের অধ্যাপক মরিয়ম জামশিদি বলেন, ওবামা প্রশাসন নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি।

২০১৫ সালের চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচিসংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং কয়েক বিলিয়ন ডলারের জব্দ করা সম্পদ ছাড় করা হলেও দেশটির ওপর বিস্তৃত বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল রেখেছিল যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসনের সময়ও একই ধরনের অসন্তোষ তৈরি হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়। এর আওতায় দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের ৬০০ কোটি ডলার কাতারে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়, যাতে অর্থটি মানবিক পণ্য কেনাকাটায় ব্যবহার করা যায়।

তবে ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর ওই অর্থ ব্যবহারের সুযোগ আবারও আটকে দেওয়া হয়।

জামশিদি বলেন, ওবামা ও বাইডেন—দুজনই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক ব্যর্থতার প্রভাব ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

২০১৫ সালের পরমাণু চুক্তি ছিল ইরানের সেই কর্মকর্তাদের রাজনৈতিক সাফল্য, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে ছিলেন। তাদের বিপরীতে ছিল এমন একটি পক্ষ, যারা মনে করত যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করা যায় না।

কিন্তু ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়া, বাইডেনের চুক্তি পুনরুজ্জীবিত করতে ব্যর্থতা এবং পরবর্তী সময়ে যুদ্ধ শুরু হওয়ায় ওয়াশিংটনের প্রকৃত লক্ষ্য সরকার পরিবর্তন—এমন ধারণার পক্ষে থাকা ব্যক্তিরা আরও শক্তিশালী হয়েছেন বলে মনে করেন ইতিহাসবিদ গোলনার নিকপুর।

যুদ্ধের মধ্যেও ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ায় পরিস্থিতিকে কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে ইরানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে।

নিকপুর বলেন, ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বে এখনো বাস্তববাদী একটি অংশ রয়েছে। তাদের বিশ্বাস, ইরানের সামরিক ও রাজনৈতিক সাফল্যকে শেষ পর্যন্ত কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জনে রূপ দিতে হবে। আলোচনায় দর-কষাকষির সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনে কিছু ছাড় দেওয়ার পক্ষেও তারা।

অন্যদিকে, কঠোর অবস্থানের পক্ষের নেতারা মনে করেন, আলোচনার টেবিলে পূর্ণ বিজয়ের কম কিছুই গ্রহণ করা উচিত নয়।

এরপর কী করবে ডেমোক্র্যাটরা?

ডেমোক্র্যাটদের নির্বাচনি জয় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতিতে দলটির ভূমিকা নিয়ে নতুন বিতর্কের মধ্যে এসেছে। বিশেষ করে ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের সমর্থন এবং এ অঞ্চলে মার্কিন স্বার্থ প্রতিষ্ঠায় সামরিক হস্তক্ষেপের ওপর নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠছে।

মোর্তাজাভি বলেন, ডেমোক্রেটিক পার্টির প্রচলিত পররাষ্ট্রনীতি নির্ধারণী নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রগতিশীল ও যুদ্ধবিরোধী একটি ক্রমবর্ধমান অংশ। সম্প্রতি কংগ্রেসে নির্বাচিত ডারিয়ালিজা শেভালিয়ের ও আদম হামাওয়ির মতো কয়েকজন ডেমোক্র্যাট ইরাননীতি পরিবর্তনের স্পষ্ট আহ্বান জানিয়েছেন।

তবে ২০০৯ সালে ওবামার মতো এবার ডেমোক্র্যাটদের হাতে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নেই। ফলে ইরান বিষয়ে সম্পূর্ণ ভিন্ন পররাষ্ট্রনীতি গ্রহণের সুযোগও সীমিত।

বিশ্লেষকদের মতে, তাদের সামনে তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো—ট্রাম্পের নয় মাস ধরে চলা যুদ্ধ অব্যাহত রাখার প্রচেষ্টাকে কংগ্রেসে কতটা বাধাগ্রস্ত করতে পারে।

মোর্তাজাভি বলেন, যুদ্ধের অর্থায়ন সীমিত করা, সামরিক অভিযান তদন্ত করা এবং সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন-সংক্রান্ত ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা কংগ্রেসের। তবে সামরিক অভিযান সীমিত করার উদ্যোগে প্রেসিডেন্ট ভেটো দিতে পারেন। সে ক্ষেত্রে ভেটো অকার্যকর করতে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে, যার জন্য রিপাবলিকানদেরও সমর্থন দরকার।

তবে ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্ব কতটা দৃঢ় অবস্থান নেবে, তা নিয়ে সংশয় রয়েছে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের জামশিদি বলেন, ইসরায়েলপন্থী কংগ্রেসম্যান জেফরিসকে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন দেওয়ার মতো সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দেয়, দলটি শিগগিরই যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না।

জেফরিস কিংবা সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার দৌড়ে থাকা শুমার—কেউই এখন পর্যন্ত কীভাবে যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দেননি।


ডেমোক্র্যাটরা শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করতে পারলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রচলিত কাঠামো থেকে সরে আসবে কি না, তা এখনো অনিশ্চিত। কারণ, দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের ইরাননীতির ভিত্তি হয়ে আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা।

ইরানের নেতাদের কাছে ডেমোক্র্যাট প্রশাসনগুলোর অতীত অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করেছে—কূটনীতির সুযোগ তৈরি হলেই যুক্তরাষ্ট্রের নীতিতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তা নেই।

ইতিহাসবিদ গোলনার নিকপুর বলেন, ইরানের নেতৃত্বের কোনো অংশই মনে করে না যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলেই যুক্তরাষ্ট্রের ইরাননীতি বদলে যাবে। তবে অভ্যন্তরীণভাবে তারা সম্ভবত বোঝে, রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা অন্তত তাত্ত্বিকভাবে কূটনৈতিক সমাধানে বেশি আগ্রহী হতে পারেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান যুদ্ধ  বন্ধের ডাক  ডেমোক্র্যাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: