
প্রতীকী ছবি
প্রতীকী ছবিযুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সামরিক কৌশল, জনবল ও রসদ ব্যবস্থাপনার বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রগুলোর দুজন জানান, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনার পর পুরো প্ল্যাটফর্মজুড়ে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, অনুপ্রবেশের পরিধি কতটুকু এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
রয়টার্সের প্রশ্নের জবাবে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন সক্ষমতা সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
বিমানবাহিনীর আইটি ব্যবস্থার কেন্দ্র ‘ক্লাউড ওয়ান’
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি চাহিদা পূরণের একক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। এতে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সুবিধা যুক্ত করা হয়। জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন এতে পরিচালিত হয়।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষার রাডারসহ নানা তথ্য সংগ্রহ করে। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’, যার মাধ্যমে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর অবস্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও এসএআইসি সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সূত্রগুলোর দুজনের ভাষ্য, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি হলো ক্লাউড ওয়ান। তাদের একজন বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।’
ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সাইবার কমান্ড।
বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন
সাইবার হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। সূত্রগুলোর দুজন এবং এ বিষয়ে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।
ইতিমধ্যে ক্লাউড ওয়ানে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশের পরও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধন করতে পারছেন না। আরেকটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক ব্যবস্থাপনার অধিকারও বাতিল করা হয়েছে।
পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছে।
একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করে। ওই ব্যক্তি কন্ট্রোল প্লেনকে একটি সার্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে হামলাকারীরা সামরিক উড়োজাহাজের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারত। তবে এ ঘটনায় তারা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।
হামলাকারীরা সফটওয়্যারের ঠিক কোন দুর্বলতাটি কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ধারাবাহিক সাইবার হামলার উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের খবর সামনে এল। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের। কারণ, এআই মডেল দ্রুত বিস্তৃত নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করতে পারে।
সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে মার্কিন সরকারকে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি হামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি ঘটনা এবং ট্রেজারি বিভাগে সাইবার হামলা।
দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু ক্লাউড ওয়ান। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির নেতৃত্ব দাবি করেছিল, বিপুলসংখ্যক অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে তাদের সাফল্যের হার ১০০ শতাংশ।
নিবন্ধে ক্লাউড ওয়ানের নেতৃত্ব আরও লিখেছিল, নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।
সময়ের আলো/জেডি