
স্থলপথে বিকল্প বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গড়ে তুলছে উপসাগরীয় ছয় দেশ । ছবি : সংগৃহীত
স্থলপথে বিকল্প বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গড়ে তুলছে উপসাগরীয় ছয় দেশ । ছবি : সংগৃহীতহরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে স্থলপথে বিকল্প বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গড়ে তুলছে উপসাগরীয় ছয় দেশ। এ লক্ষ্যে কুয়েত থেকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হয়ে ওমান পর্যন্ত ১ হাজার ৭৬৮ কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্ক নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে দেশগুলো। সেতুর মাধ্যমে এ রেলপথের সঙ্গে যুক্ত হবে বাহরাইনও। প্রকল্পটি চালু হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথে জাহাজ চলাচল ব্যাহত হয়। সামুদ্রিক সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিকল্প যোগাযোগ ও পণ্য পরিবহনের পথ তৈরিতে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা বেড়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে পরিকল্পনায় থাকা আঞ্চলিক রেল প্রকল্পটি নতুন করে গুরুত্ব পেয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির কাজ ইতিমধ্যে ৫৫ দশমিক ৯২ শতাংশ শেষ হয়েছে। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে পুরো রেল নেটওয়ার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অবকাঠামো নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫ দশমিক ৪ থেকে ১৬ বিলিয়ন ডলার।
২০০৯ সালের ডিসেম্বরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সর্বোচ্চ পরিষদ এ প্রকল্প অনুমোদন করে। পরে ২০২১ সালের ডিসেম্বরে গঠন করা হয় উপসাগরীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সংস্থাটির তত্ত্বাবধানে প্রকল্পের বাস্তবায়নকাজ এগিয়ে চলছে।
পরিকল্পনা অনুযায়ী, কুয়েত থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাত হয়ে রেলপথটি পৌঁছাবে ওমানের রাজধানী মাসকাটে। ওমানের বন্দরনগরী সোহরও এ নেটওয়ার্কের আওতায় থাকবে। অন্যদিকে, সেতুর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাহরাইনের রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ছয় দেশে রেলপথের দৈর্ঘ্য হবে ভিন্ন ভিন্ন। এর মধ্যে সৌদি আরবে ৬৭২ কিলোমিটার, সংযুক্ত আরব আমিরাতে ৪৬১ কিলোমিটার, ওমানে ৩৩০ কিলোমিটার, কাতারে ১৪১ কিলোমিটার, কুয়েতে ১১১ কিলোমিটার এবং বাহরাইনে ৫৩ কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। আর মালবাহী ট্রেনের গতি হবে ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার। ইউরোপীয় সংকেতব্যবস্থা অনুসরণ করে রেল নেটওয়ার্কটি পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
রেলপথটি চালু হলে ২০৩০ সাল নাগাদ বছরে ৬০ লাখ যাত্রী এবং ২০ কোটি টন পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৪৫ সালের মধ্যে যাত্রী পরিবহনের সংখ্যা ৮০ লাখ ছাড়ানো এবং পণ্য পরিবহনের পরিমাণ ২৭ কোটি ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
কুয়েতের অর্থনীতিবিদ নাদের আল-ওবায়েদ আনাদোলু এজেন্সিকে বলেন, নতুন রেল যোগাযোগব্যবস্থা সামুদ্রিক বাণিজ্যপথের ওপর চাপ কমানোর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সরবরাহব্যবস্থার সমন্বয় বাড়াবে। এর ফলে শিল্প, পর্যটন ও সেবাখাতের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে।
তার মতে, এ প্রকল্প আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এ অঞ্চলে আকৃষ্ট করতে পারে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরলে ইরাক ও ইরানের বাজারে প্রবেশের পথও সহজ হতে পারে। এতে খাদ্যনিরাপত্তা জোরদার এবং অর্থনীতির আয়ের উৎস বহুমুখী করার সুযোগ তৈরি হবে।
তবে উচ্চ ব্যয়, অর্থায়ন, পরিচালনার অভিন্ন মানদণ্ড নির্ধারণ এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা প্রকল্প বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। জ্বালানি ও অর্থনীতি বিশেষজ্ঞ নিহাদ ইসমাইল আনাদোলু এজেন্সিকে বলেন, প্রকল্পটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের গতিপ্রকৃতির ওপর।
তার আশঙ্কা, হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরির এ উদ্যোগকে ইরান নিজেদের আঞ্চলিক প্রভাব খর্ব করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করতে পারে।
এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের সঙ্গে সমঝোতার পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন নিহাদ ইসমাইল। তার মতে, ইরানের নেতাদের সঙ্গে আলোচনা এবং আঞ্চলিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগে দেশটিকে যুক্ত করার উপায় খুঁজে বের করা প্রয়োজন।
সময়ের আলো/এসকে