প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম

পুরোনো ছবি।
পুরোনো ছবি। যেকোনো সম্ভাব্য হামলা মোকাবিলায় সীমান্তজুড়ে সেনা মোতায়েন করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধপ্রস্তুতি ‘চমৎকার পর্যায়ে’ রয়েছে।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থলবাহিনীর উপপ্রধান সাইরোস আমানোল্লাহি জানিয়েছেন, সেনাদের কাছে সর্বশেষ প্রযুক্তির অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শত্রুপক্ষ ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে মোতায়েন প্রতিটি সেনার মোকাবিলা করতে হবে।
এদিকে, ইরানে কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি।
তিনি বলেছেন, শত্রুপক্ষের যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী ইরানের নৌবাহিনী সিদ্ধান্তমূলক, কার্যকর ও দৃঢ় জবাব দেবে।
আলী আবদুল্লাহি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এখন বৈশ্বিক আধিপত্যবাদী শক্তি এবং তার ভাষায় ‘অপরাধী জায়নবাদ’-এর বিরুদ্ধে কৌশলগত সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় দেশটির সশস্ত্র বাহিনীর নৌ শাখা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সময়ের আলো/জেডি