
ইয়েমেনের হাজ্জাহর আসলামে, শিশুরা তাদের আশ্রয়স্থলে ছত্রাক পড়া রুটির সামনে বসে আছে। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হাজ্জাহর আসলামে, শিশুরা তাদের আশ্রয়স্থলে ছত্রাক পড়া রুটির সামনে বসে আছে। ছবি : সংগৃহীত আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে ক্ষুধার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সুদান ও ইয়েমেনসহ পাঁচটি দেশে সবচেয়ে গুরুতর ঝুঁকি রয়েছে। সংঘাত, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মানবিক সহায়তা কমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাগুলো।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) যৌথভাবে তৈরি ‘হাঙ্গার হটস্পটস’ শীর্ষক প্রতিবেদনটি ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ের পরিস্থিতি নিয়ে তৈরি।
প্রতিবেদনে সবচেয়ে বেশি উদ্বেগের তালিকায় রয়েছে সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর নাইজেরিয়া। ২০২২ সাল থেকে দেশগুলো বারবার এই তালিকায় উঠে এসেছে।
২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি ভূখণ্ডকে এক ধাপ কম ঝুঁকির স্তরে রাখা হয়েছে। তবে গাজার ৬৭ শতাংশ মানুষ এখনো সংকটাপন্ন বা তার চেয়েও খারাপ মাত্রার খাদ্যসংকটে রয়েছে। প্রতিবেদন বলছে, পরিস্থিতির উন্নতি হলেও তা এখনো ভঙ্গুর।
সুদানে দুর্ভিক্ষের ঝুঁকি অব্যাহত
প্রতিবেদন অনুযায়ী, সুদানের উত্তর দারফুর ও দক্ষিণ কর্দোফানের ১৩টি এলাকায় আগামী জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি বজায় থাকতে পারে। সর্বশেষ দেশব্যাপী বিশ্লেষণে দেখা গেছে, দেশটির প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৪১ শতাংশ, সংকটাপন্ন বা তার চেয়েও গুরুতর খাদ্যসংকটে রয়েছে।
দক্ষিণ দারফুরের পূর্ব জেবেল মারার দুটি বাস্তুচ্যুত শিবিরে তীব্র অপুষ্টির হার দুর্ভিক্ষের নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে।
যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সুদানে এক বছরে জোয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ডিজেলের দামও দ্বিগুণের বেশি হয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে এল নিনো-সম্পর্কিত খরা। প্রশান্ত মহাসাগরের পানির স্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির এ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে পরিবর্তন আনে। এর প্রভাবে সুদানের প্রধান কৃষিপ্রধান রাজ্য সেন্নারে ৫৫ শতাংশ পর্যন্ত এবং গেদারেফে ৭০ শতাংশ পর্যন্ত চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উপমহাপরিচালক বেথ বেকডল অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, যুদ্ধের পাশাপাশি এল নিনো-সম্পর্কিত খরা সুদানের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এতে খাদ্য উৎপাদনে সংঘাতের ক্ষতিকর প্রভাব আরও বাড়ছে।
যুদ্ধ ও নৌপথে হামলার আশঙ্কায় ইয়েমেনে সংকট
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে নতুন করে শুরু হওয়া লড়াই বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়ায় ইয়েমেনে ক্ষুধার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে দেশটিতে যুদ্ধ শুরু হয়। এর পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজ ঘিরে রাখায় সেখানে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের তীব্রতা বাড়ার পর থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের বেশির ভাগই তাইজ, লাহিজ ও আদেন প্রদেশের বাসিন্দা।
সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ১৮ লাখ মানুষ জরুরি পর্যায়ের খাদ্যসংকটে রয়েছেন। আগের বিশ্লেষণে এ সংখ্যা ছিল ১৬ লাখ।
হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর সাম্প্রতিক কোনো মূল্যায়ন নেই। সংঘাত তীব্র হওয়ায় এসব এলাকায় ত্রাণ সংস্থাগুলোর প্রবেশও কঠিন হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত করা সর্বশেষ দেশব্যাপী পূর্বাভাসে দেখা যায়, ইয়েমেনের ১ কোটি ৮৩ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, সংকটাপন্ন বা তার চেয়েও গুরুতর খাদ্যসংকটে ছিল।
বেথ বেকডল বলেন, ইয়েমেনের সংকটাপন্ন মানুষের কাছে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের চেয়ে রাজনৈতিক বাধাই বড় সমস্যা। তিনি জানান, জাতিসংঘের অন্য সংস্থার কর্মীদেরও আটক করা হয়েছে। হুতিদের হাতে এখনো জাতিসংঘের ৭৩ জন কর্মী আটক রয়েছেন। তাদের মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের আটজন কর্মীও রয়েছেন।
খাদ্য ও জ্বালানির জন্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেন। লোহিত সাগরে জাহাজে হামলার আশঙ্কা দেশটির এই সরবরাহব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালি, লোহিত সাগর ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। উপসাগরীয় অঞ্চল থেকে সার সরবরাহও প্রায় বন্ধ রয়েছে।
অর্থায়ন কমায় চাপে ত্রাণ সংস্থাগুলো
বড় দাতাদেশগুলো অর্থায়ন কমিয়ে দেওয়ায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পাঁচ দেশে খাদ্য ও পুষ্টিসহায়তা ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৬২ শতাংশ কমেছে। ইয়েমেনে কমেছে ৭৯ শতাংশ।
বেথ বেকডল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দাতাদেশগুলোর নীতিগত পরিবর্তনের কারণে মানবিক ও উন্নয়ন সহায়তার তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার কমে গেছে। ফলে আগের মতো বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারছে না সহায়তা সংস্থাগুলো।
তিনি বলেন, সহায়তার পরিমাণের পাশাপাশি অর্থায়নের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। কারণ, কৃষকদের জন্য বীজ ও অন্যান্য সহায়তা বপন এবং ফসল কাটার মৌসুমেই পৌঁছানো প্রয়োজন।
এল নিনোর পূর্বাভাস হাতে থাকায় দুর্যোগ আঘাত হানার আগেই বীজ মজুত এবং গবাদিপশু সুরক্ষায় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। একের পর এক সংকট দেখা দেওয়ার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেন এই কর্মকর্তা।
বেকডলের ভাষায়, ‘সুযোগের সেই সময় একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। আমরা এখন ক্ষতি ও ধ্বংসের জন্য অর্থায়ন করছি।’
সময়ের আলো/জেডি