এবার মার্কিন বিমানবাহিনীতে হ্যাকারদের সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য, যুদ্ধ পরিচালনার কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের

2026-11-27T22:01:41+00:00
2026-11-27T22:01:41+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এবার মার্কিন বিমানবাহিনীতে হ্যাকারদের সাইবার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:০১ পিএম 
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য, যুদ্ধ পরিচালনার কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং রসদ ব্যবস্থাপনার নথি ঝুঁকির মুখে পড়েছে। হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা লঙ্ঘনের ধরন শনাক্ত করতে তদন্তে যুক্ত করা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘সাইবার কমান্ড’কে।

শুক্রবার (২৭ নভেম্বর) পাঁচটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো পরিচয় প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির উন্নয়নকাজ চলার সময় সাইবার অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। ‘ক্লাউড ওয়ান’ নামের এই প্ল্যাটফর্মে হামলার কারণে এর স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে।

তবে কারা এ হামলা চালিয়েছে, তারা ঠিক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে, মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মার্কিন সাইবার কমান্ড। তবে এক বিবৃতিতে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থা এবং সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যের ভান্ডার ক্লাউড ওয়ান

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি কার্যক্রমের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি একত্র করে তৈরি করা হয় এই ব্যবস্থা।

কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং রসদ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় এ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এর আওতায় রয়েছে অসংখ্য অ্যাপ্লিকেশন।

এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা হলো বিমানবাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ বিভিন্ন উৎসের তথ্য একত্র করা হয়।

এ ছাড়া, ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের আরেকটি ব্যবস্থাও ক্লাউড ওয়ানের আওতায় রয়েছে। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ ও ব্যবস্থাপনায় এটি ব্যবহার করা হয়।

সূত্রগুলোর দুজনের দাবি, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। ফলে এতে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।

২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC)। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এসএআইসি সাড়া দেয়নি। অন্যদিকে লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

থমকে গেছে সফটওয়্যার হালনাগাদ ও কার্যক্রম

সাইবার হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো এ প্ল্যাটফর্মে স্থানান্তরের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া, আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর সফটওয়্যার হালনাগাদও বন্ধ রয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে শনাক্ত হওয়া কয়েকটি গুরুতর সফটওয়্যার দুর্বলতা সংশোধনের জন্য প্রয়োজনীয় আপডেট দিতে পারছেন না বিমানবাহিনীর কর্মীরা।

প্ল্যাটফর্মটির কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রগুলোর একজনের ভাষ্য অনুযায়ী, সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ক্লাউড ওয়ানের ‘কন্ট্রোল প্লেন’ বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করেছিল। এই ব্যবস্থাকে পুরো প্ল্যাটফর্মের একটি কেন্দ্রীয় রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন তিনি।

তাত্ত্বিকভাবে এ নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশাধিকার পেলে হামলাকারীরা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের সরবরাহ ও চলাচলের তথ্য পর্যবেক্ষণ করতে পারত। তবে হামলাকারীরা বাস্তবে এমন কোনো তথ্য দেখতে পেরেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে এ অনুপ্রবেশ ঘটানো হয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।

একের পর এক সাইবার হামলায় চাপে যুক্তরাষ্ট্র

ক্লাউড ওয়ানে হামলার ঘটনা এমন সময়ে সামনে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলা চালানোর সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ক্লাউডভিত্তিক বড় নেটওয়ার্কগুলো এ ধরনের হামলার ক্ষেত্রে বিশেষ ঝুঁকিতে থাকে। কারণ, এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও ব্যাপক পরিসরে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করা সম্ভব।

এ দিকে, যুক্তরাষ্ট্র সরকার সাম্প্রতিক সময়ে অন্তত ছয়টি সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রভাব সামাল দিচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি সাইবার হামলা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।

আগেও হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল ক্লাউড ওয়ান

মার্কিন বিমানবাহিনীর এ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা দাবি করেছিলেন, প্ল্যাটফর্মে অনুপ্রবেশের বিপুলসংখ্যক চেষ্টা তারা প্রতিহত করেছেন। এসব প্রচেষ্টা ঠেকানোর ক্ষেত্রে তাদের সাফল্যের হার ছিল ১০০ শতাংশ।

তখন তারা এসব হামলার প্রচেষ্টাকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ভুলের সুযোগ নেই বলেও সতর্ক করেছিলেন।

তবে, এবার সেই নিরাপত্তাব্যবস্থার মধ্যেই অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ায় মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ও সামরিক কার্যক্রমের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

সময়ের আলো/এসকে
  বিষয়:   এবার  মার্কিন বিমানবাহিনী  হ্যাকার  সাইবার হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: