
ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটন ডিসির বিভিন্ন সামরিক আবাসনে থাকছেন । ছবি : সংগৃহীত
ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটন ডিসির বিভিন্ন সামরিক আবাসনে থাকছেন । ছবি : সংগৃহীতযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। প্রাণনাশের হুমকি, রাজনৈতিক সহিংসতা ও বিদেশি শত্রুপক্ষের সম্ভাব্য হামলার আশঙ্কায় ওয়াশিংটনের সাধারণ আবাসিক এলাকা ছেড়ে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা। মন্ত্রিসভার সদস্যদের এমন সামরিক আবাসনে চলে যাওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও গণতান্ত্রিক ঐতিহ্য নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটন ডিসির বিভিন্ন সামরিক আবাসনে থাকছেন। ঐতিহাসিকভাবে এসব বাড়ি সামরিক বাহিনীর জেনারেল ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকত। কোনো প্রেসিডেন্টের আমলে এত বেশি বেসামরিক শীর্ষ কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাসের নজির খুব একটা নেই।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, অভ্যন্তরীণ হুমকি এবং বিদেশি প্রতিপক্ষের হামলার আশঙ্কায় প্রশাসনের কর্মকর্তারা তুলনামূলক নিরাপদ সামরিক আবাসন বেছে নিচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—যে দলের সরকারই ক্ষমতায় থাকুক, শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বাড়তে পারে।
তবে, এই প্রবণতা দেশটির গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, যুক্তরাষ্ট্রে বেসামরিক সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের মতো একই এলাকায় বসবাসের যে প্রচলন রয়েছে, সামরিক ঘাঁটিতে চলে যাওয়ার ফলে তা থেকে তারা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
নিরাপত্তার নামে সাধারণ মানুষের কাছ থেকে দূরে
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে চলে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান।
তিনি বলেন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এমনিতেই নিরাপত্তার কারণে এক ধরনের সুরক্ষিত বলয়ের মধ্যে থাকেন। তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সামরিক ঘাঁটিতে বসবাসের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তাদের বিচ্ছিন্নতা আরও বাড়ছে।
থমাস কানের ভাষায়, সামরিক ঘাঁটিগুলো এমন এক পরিবেশ তৈরি করে, যেখানে সাধারণ মানুষের বসবাস ও চলাচলের সুযোগ নেই। সরকারি কর্মকর্তাদের এভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া দুঃখজনক।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, ওয়াশিংটনে অপরাধের হার কমেছে। তবে নিরাপত্তার হুমকির কারণে অনেক মন্ত্রিসভার সদস্য সাধারণ আবাসিক এলাকায় থাকতে পারছেন না। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা রাজধানীকে নিরাপদ ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগেও ব্যক্তিগতভাবে ভূমিকা রাখছেন বলে দাবি করেন তিনি।
বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যেও প্রশ্ন উঠেছে। হাউজ আর্মড সার্ভিসেস কমিটি আগামী বসন্তের মধ্যে পেন্টাগনের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে। এতে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা কেন সামরিক আবাসনে থাকছেন, তাদের বিরুদ্ধে কী ধরনের হুমকি রয়েছে, এ ব্যবস্থার আইনি ভিত্তি কী এবং তারা কত টাকা ভাড়া দিচ্ছেন—এসব তথ্য চাওয়া হয়েছে।
কমিটির এ উদ্যোগের পক্ষে থাকা ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস বলেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে বেসামরিক কর্মকর্তারা বসবাস করছেন। তারা বাড়ির ন্যায্য বাজারমূল্যের ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন।
সামরিক ঘাঁটিতে উঠেছেন যেসব শীর্ষ কর্মকর্তা
ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সর্বশেষ সামরিক আবাসনে উঠেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ওয়াশিংটনের জর্জটাউনে নিজের বড় বাড়ি ছেড়ে তিনি একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে চলে গেছেন।
চলতি মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট জানান, ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপসহ অর্থনৈতিক চাপ প্রয়োগের কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
বেসেন্ট বলেন, ইরানের নেতৃত্বের প্রতি তার ঘৃণা রয়েছে। তবে তিনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। তার দাবি, ইরানের নেতৃত্ব তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
এ ছাড়া, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও নিরাপত্তার উদ্বেগে সম্প্রতি সামরিক আবাসনে স্থানান্তরিত হয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন।
অন্যদিকে, বিদেশি হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতাও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড এবং বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে হুমকির ঘটনা এ উদ্বেগকে আরও জোরালো করেছে।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটিও গত বছর ভার্জিনিয়ায় নিজেদের বাড়ি ছেড়ে সামরিক আবাসনে চলে যান। তাদের চার সন্তান রয়েছে। তাদের বাড়ির সামনে এক নারী বিক্ষোভ করেন এবং ঠিকানা লেখা প্রচারপত্র বিতরণ করেন।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, মিলার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকিমূলক প্রচারণা চালানো হয়েছিল। এ কারণেই তাদের আবাসন পরিবর্তন করতে হয়েছে।
সামরিক বাড়ির ভাড়া ও সংস্কার নিয়ে বিতর্ক
সামরিক ঘাঁটিতে বসবাসের খরচ এবং বাড়ি সংস্কারের বিষয়টিও বিতর্কের জন্ম দিয়েছে। গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ফোর্ট ম্যাকনেইরের বাসভবন মেরামত ও সংস্কারের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।
সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাড়ির ধরন অনুযায়ী মাসিক ভাড়া সাধারণত ৪ হাজার ৫০০ ডলারের বেশি। এ ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়কার একটি নীতির প্রভাব রয়েছে।
গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক আবাসনে বসবাস শুরু করেন। জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা—দুই প্রেসিডেন্টের আমলেই প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা গেটস নেভি হিল এলাকায় পররাষ্ট্র দপ্তরের পাশে অবস্থিত ১৯ শতকের একটি ঐতিহাসিক বাড়িতে থাকতেন।
তখনকার ফেডারেল আইন অনুযায়ী, সামরিক ঘাঁটির আবাসন কোনো বেসামরিক ব্যক্তি ভাড়া নিলে আশপাশের একই ধরনের বাড়ির বাজারমূল্য অনুযায়ী ভাড়া দিতে হতো। সে হিসাবে গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল ৬ হাজার ৫০০ ডলারের বেশি।
২০০৮ সালে পেন্টাগন এ আইনে পরিবর্তনের প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক ঘাঁটিতে আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা থাকায় সেখানে বেসামরিক কর্মকর্তাদের বসবাসে করদাতাদের অর্থ সাশ্রয় হয়। অন্যদিকে, সাধারণ বাড়িতে নিরাপত্তাব্যবস্থা স্থাপন এবং ২৪ ঘণ্টা নিরাপত্তাকর্মী রাখার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়।
পরে, কংগ্রেস আইন পরিবর্তনের অনুমোদন দেয়। নতুন নিয়মে গেটসের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি ভাড়া দিয়ে সামরিক আবাসনে থাকার সুযোগ পান।
তবে গেটসের পরপরই অন্য মন্ত্রিসভার সদস্যরা এ সুবিধা নেননি। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস নৌবাহিনীর একটি আবাসনে ওঠেন। পরের বছর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই ধরনের আবাসনে থাকার আগ্রহ দেখান।
কিন্তু নৌবাহিনী তার প্রস্তাবকে সমস্যাজনক বলে বিবেচনা করে। সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ স্মারকে তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক জটিলতার কথা উল্লেখ করা হয়। বিশেষ করে সামরিক আবাসনের সংকটের মধ্যে একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রীর জন্য বাড়ি বরাদ্দ দেওয়া সামরিক সদস্যদের আবাসন থেকে বঞ্চিত করার শামিল হতে পারে বলে উদ্বেগ জানানো হয়েছিল।
শেষ পর্যন্ত পম্পেও সামরিক আবাসনে উঠলেও সেটি ছিল ভার্জিনিয়ার ফোর্ট মায়ার ঘাঁটি।
একই ঘাঁটিতে রুবিও, হেগসেথ ও মিলার
ট্রাম্পের বর্তমান প্রশাসনে সামরিক আবাসনে বসবাসের প্রবণতা আগের তুলনায় অনেক বেড়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্টিফেন মিলার একই সামরিক ঘাঁটিতে বসবাস করছেন।
তাদের আবাসস্থল ওয়াশিংটনের ফোর্ট ম্যাকনেইর সামরিক ঘাঁটি। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলের একটি উপদ্বীপে অবস্থিত এ ঘাঁটির বিশেষ আবাসন এলাকাটি ‘জেনারেলস রো’ নামে পরিচিত। সাধারণত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য এসব বাড়ি বরাদ্দ রাখা হয়।
এ ঘাঁটিতে বসবাসের অভিজ্ঞতা নিয়ে একটি মজার ঘটনাও সামনে এসেছে। চলতি বছরের শুরুতে কেটি মিলারের পডকাস্টে অংশ নিয়ে মার্কো রুবিও ও তার স্ত্রী জানান, তাদের গোল্ডেনডুডল জাতের একটি কুকুর ভুল করে পিট হেগসেথের বাড়িতে ঢুকে পড়েছিল।
রুবিও আরও জানান, হেগসেথের একটি বিড়াল প্রায়ই রাতে তার বাড়ির বারান্দায় বসে থাকে। বিড়ালটির আচরণ দেখে মনে হয়, রুবিও যেন তার বাড়িতে অনধিকার প্রবেশ করেছেন। অথচ হেগসেথের বাড়ি তার বাড়ি থেকে মাত্র দুই বাড়ি দূরে।
আমেরিকান ইউনিভার্সিটির থমাস কান ফোর্ট ম্যাকনেইর ঘাঁটি পরিদর্শন করেছেন। তার বর্ণনায়, জায়গাটি অনেকটা স্বতন্ত্র একটি জগতের মতো। সেখানে দোকানপাট রয়েছে এবং একসময় ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টগুলোর কয়েকটিও ছিল।
তবে, পুরো এলাকাটি দেয়াল দিয়ে ঘেরা এবং বাইরের মানুষের প্রবেশাধিকার সীমিত। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে এখানকার বাসিন্দাদের যোগাযোগ খুব একটা নেই।
থমাস কান মনে করেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি বাড়তে থাকায় তাদের সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাও বাড়বে। ভবিষ্যতে এ ধরনের আবাসন পরিবর্তনের ঘটনা আরও দেখা যেতে পারে।
তবে, সামরিক আবাসনে বসবাসের অভিজ্ঞতা সব সময় বিলাসবহুল নয়। ওয়াশিংটনের সামরিক আবাসনে আগে বসবাস করেছেন এমন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বাড়িগুলো বেশ বড় হলেও সেগুলোতে বিলাসিতার তেমন ব্যবস্থা নেই। প্রায় এক শতাব্দী পুরোনো এসব বাড়ি মূলত ব্যবহার উপযোগী সামরিক আবাসন হিসেবেই তৈরি।
সময়ের আলো/এসকে