ফিলিস্তিনি নিধনে ইসরায়েলকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে গুগল-মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাদের অবস্থান শনাক্ত করা এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ

2026-11-27T21:16:19+00:00
2026-11-27T21:16:19+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনি নিধনে ইসরায়েলকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে গুগল-মাইক্রোসফট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাদের অবস্থান শনাক্ত করা এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ও প্যালান্টিরসহ সিলিকন ভ্যালির একাধিক প্রতিষ্ঠানের প্রযুক্তি ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে দাবি করেছেন মানবাধিকারকর্মী, গবেষক ও বিশ্লেষকেরা।

তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণ, ফোনে আড়িপেতে পাওয়া কথোপকথন বিশ্লেষণ, মুখ শনাক্তকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তথ্য যাচাই এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সফটওয়্যার ও অবকাঠামো ব্যবহার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব প্রযুক্তির কারণে অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারির পরিধি আরও বিস্তৃত হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন, প্রযুক্তি বিশ্লেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বরাতে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা প্রযুক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে। এমনকি ইসরায়েলের সমালোচনা করা পশ্চিমা সরকারগুলোর কাছেও এসব প্রযুক্তি রপ্তানি করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুদ্ধসংক্রান্ত মিশনে সহযোগিতার জন্য কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে।

অন্যদিকে, মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাজুরে ফিলিস্তিনিদের ফোনে আড়িপেতে পাওয়া বিপুল পরিমাণ কথোপকথন সংরক্ষণ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, এসব তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রাণঘাতী বিমান হামলার নির্দেশনা দিতে সহায়তা করেছে।

গুগল ও অ্যামাজনের বিরুদ্ধেও ইসরায়েলি সামরিক বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা সরবরাহের অভিযোগ রয়েছে। ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় এসব প্রযুক্তি ও ক্লাউড সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ইসরায়েলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির অর্থনীতিবিদেরা প্রতিষ্ঠানটির কর পরিশোধকে বাজেট ঘাটতি কমাতে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন।

ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ৭আমলেহর জালাল আবুখাতের বলেন, ফিলিস্তিনিদের জীবনে নজরদারি এখন প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, পূর্ব জেরুজালেম কিংবা হেবরনে থাকলে মানুষের ছবি তোলা হচ্ছে। এমনকি দৌড়ানোর ট্র্যাকে যাওয়ার পথেও চেকপোস্ট বা রাস্তার পাশের ক্যামেরায় অসংখ্যবার তার ছবি তোলা হয়।

আবুখাতেরের মতে, অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি মোট নজরদারির তুলনায় খুবই সামান্য। কারণ ফিলিস্তিনিদের প্রতিনিয়ত ছবি তোলা হচ্ছে এবং সেসব ছবি এমন সব ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে, যেগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কেন এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা নেই।

সাম্প্রতিক বছরগুলোতে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক অবস্থানে ডানপন্থার দিকে ঝোঁক বেড়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতি তাদের প্রকাশ্য সমর্থনও বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালে প্যালান্টির দেশটির প্রতি সমর্থন জানাতে দ্বিধা করেনি। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ এক প্রতিবেদনে বলেন, ইসরায়েলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক পুলিশিং প্রযুক্তি ও এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে প্যালান্টির—এমন বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে।

আলবানিজের মতে, যথাযথ যাচাই-বাছাই করা হলে প্যালান্টিরের মতো প্রযুক্তি কোম্পানিগুলো অনেক আগেই ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে নিত।

২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার গাজায় ইসরায়েলের হামলায় প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করে। তবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-সহায়ক লক্ষ্যবস্তু নির্ধারণব্যবস্থা তৈরির অভিযোগও নাকচ করেছে তারা।

করপোরেট প্রতিষ্ঠানগুলোর যুদ্ধসংশ্লিষ্টতা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেলের দাবি, প্যালান্টিরের সফটওয়্যার ইসরায়েলি সামরিক বাহিনীর এমন একটি ব্যবস্থার সঙ্গে যুক্ত, যেখানে আড়িপেতে পাওয়া যোগাযোগ, স্যাটেলাইটের ছবি ও অন্যান্য তথ্য একত্র করে হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হয়।

ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান ও নজরদারিতে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পৃক্ততার অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে প্রজেক্ট নিম্বাস। ফ্রান্সেসকা আলবানিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর দেশটির ক্লাউড ও এআই অবকাঠামোর ওপর চাপ বাড়ে। এ সময় সহায়তা নিয়ে এগিয়ে আসে অ্যামাজন ও গুগল।

ইসরায়েলের সামরিক কার্যক্রমে ওপেনএআইয়ের তৈরি এআই মডেল ব্যবহারের অভিযোগও উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মডেল ব্যবহারের সুযোগ পেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ২০২৩ সালের আগস্টে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় যুদ্ধ শুরুর পর এই মডেলের ব্যবহার ২০ গুণ বেড়ে যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

তবে আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই।

প্রতিষ্ঠানটি জানায়, অ্যাজুরের মাধ্যমে মাইক্রোসফট কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে, তা ওপেনএআই নিয়ন্ত্রণ করে না। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে সেটি জাতীয় নিরাপত্তানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য কঠোর প্রক্রিয়া রয়েছে।

যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পর্ক শুধু প্রযুক্তি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব কোম্পানিতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা।


২০২৫ সালে ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের একটি তথ্যভান্ডারের কথা উল্লেখ করা হয়। ওই তথ্যভান্ডার অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোতে কাজ করছেন প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি সামরিক গোয়েন্দা সদস্য। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সদস্য। মাইক্রোসফটে রয়েছেন প্রায় ২৫০ জন বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়া এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলেও তাঁদের অনেকে কাজ করছেন।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে সামরিক গোয়েন্দা সদস্যদের এমন উপস্থিতি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে। বিশেষ করে মাইক্রোসফটের ক্ষেত্রে উচ্চপর্যায়ে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইসরায়েলে কর্মরত কিছু কর্মী স্পষ্টভাবে জানতেন না, ইউনিট ৮২০০ কীভাবে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে।

চলতি বছরের শুরুতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের তদন্তে উঠে এসেছে, ইসরায়েলে কর্মরত কিছু কর্মী কোম্পানির প্রতি আনুগত্য এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি আনুগত্যের মধ্যে দ্বন্দ্ব অনুভব করছিলেন।

ফিলিস্তিনের পক্ষে প্রযুক্তি নিয়ে কাজ করা সংগঠন টেক ফর প্যালেস্টাইনের অন্যতম প্রতিষ্ঠাতা পল বিগার বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন স্তরে কাজ করছেন।

তিনি বলেন, ইসরায়েলি কর্মীদের প্রায়ই উচ্চপর্যায়ের পদে নিয়োগ দেওয়া হয়। পরে তারা একই ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা পটভূমির লোকজনকে নিয়োগ দেন। এতে কোম্পানির ভেতরে তাঁদের আগের ইউনিটের সঙ্গে সম্পর্কিত একটি সংস্কৃতি তৈরি হয়।

বিগার আরও বলেন, মনে রাখতে হবে, তারা গোয়েন্দা কর্মকর্তা। তাঁদের প্রথম লক্ষ্য হলো ইউনিট ৮২০০ থেকে আরও বেশি লোককে নিয়ে আসা, যাতে প্রতিষ্ঠানের ওপর তাঁদের প্রভাব বাড়ে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ইসরায়েলি প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়টিও রয়েছে।

প্রজেক্ট নিম্বাসের ১২০ কোটি ডলারের চুক্তির বাইরে ইসরায়েল ও মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে মোট কত টাকার ব্যবসা হচ্ছে, তা নির্দিষ্ট করে জানা কঠিন। তবে অর্থের পরিমাণ যা-ই হোক, ইসরায়েলের সামরিক শক্তি ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা একসঙ্গে ফিলিস্তিনিদের বিশ্বের অন্যতম নজরদারির আওতায় থাকা জনগোষ্ঠীতে পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জালাল আবুখাতের বলেন, তিনি ভাগ্যবান যে এখনো নিরাপত্তা বাহিনীর হাতে আটক হননি। তবে তাঁর কাছের মানুষদের আটকের পর তাঁদের সামনে পুরো জীবনের গতিবিধির তথ্য তুলে ধরা হয়েছে। ফোনের অবস্থান শনাক্তকরণ ও নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে কোথায় গেছেন, কতক্ষণ ছিলেন—সব তথ্য দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এর অর্ধেকও জানি না।’ ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা প্রকাশ্যে আসার পর নেদারল্যান্ডসে থাকা একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের কথা প্রকাশিত হয়েছিল। সেটি ছিল মাত্র একটি সার্ভার। অন্যরা কী তথ্য সংরক্ষণ করছে এবং এসব

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ফিলিস্তিন  ইসরায়েল  গুগল  মাইক্রোসফট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: