ইরানের নাগালে ইউরোপ, মহাপ্রলয়ের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। সেই সঙ্গে তিনি সতর্ক

2026-11-27T23:14:14+00:00
2026-11-27T23:14:14+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নাগালে ইউরোপ, মহাপ্রলয়ের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা না হলে এর পরিণতি হতে পারে ‘পারমাণবিক মহাপ্রলয়’। যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের সঙ্গে ‘থ্যাঙ্কসগিভিং’ ডে উপলক্ষে এক আলাপচারিতায় এই মন্তব্য করেন তিনি।

ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাদের সঙ্গে কথা বলার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে তার পরিকল্পনা কী? উত্তরে ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ নয়, ইউরোপের জন্যও তা বিপদ ডেকে আনতে পারে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘ইরানের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর ক্ষমতা নেই, কিন্তু ইউরোপে আঘাত হানার ক্ষমতা রয়েছে।’ পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত না হলে কী ভয়াবহ পরিণতি হতে পারে তা নিয়েও সতর্ক করেন ট্রাম্প। তার দাবি, ইরান ইসরাইল ও পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে ইরান ইসরাইল ও পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের দিকে পারমাণবিক অস্ত্র ছুড়বে এবং এর পরিণতি হবে পারমাণবিক মহাপ্রলয়। যদিও ইরানের কাছে এখনও কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করা একটি রাষ্ট্র।

আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার তেলের ওপর নির্ভরশীল নয়। তবে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা চায় ওয়াশিংটন। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার তেলের আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যা প্রয়োজন, তা হলো ওই অঞ্চলে শান্তি।

এই আলাপচারিতায় ইরানের নেতাদেরও তীব্র আক্রমণ করেন ট্রাম্প। তাদের ‘পাগল’ আখ্যা দিয়ে তিনি ফের স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করত, তা হলে যুক্তরাষ্ট্রের শহরগুলোও তাদের নিশানা হতে পারত। তিনি বলেন, আমি ওদের চিনি। সত্যি বলতে, ওরা পাগল। তারা পাগল। সেই কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে নিতে দেব না।

তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের শক্তি এবং কৌশলগত অবস্থানের কারণে ইরানের কাছ থেকে কোনো ধরনের বিপদ বাস্তবে রূপ নিতে পারেনি। ট্রাম্প বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত তাদের সমর্থন জুগিয়ে যাওয়া।

ইরানের বিরুদ্ধে চলতে থাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা থমকে রয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর চুরি করে নেওয়া দুটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার উদ্ধার করার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এই তথ্য জানিয়েছেন। শাহরাম ইরানি বলেন, মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী জাহাজ চুরি করেছিল। তবে জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে আমাদের সশস্ত্র বাহিনী সেখানে অভিযান চালায় এবং সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ করে দেওয়ার বিনিময়ে জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে ঠিক কবে এই ট্যাঙ্কার দুটি চুরি হয়েছিল কিংবা কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ ছাড়া ইরানের এমন অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

অন্যদিকে নতুন করে কোনো সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে অত্যাধুনিক ও নতুন প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, যেকোনো হামলা মোকাবিলায় ইরান এখন আগের চেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে প্রস্তুত। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


সাইয়ারি জানান, গত দুই বছরের সংঘাত থেকে ইরান উপলব্ধি করেছে, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এ কারণে দেশটি নতুন প্রযুক্তির বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে।

তার দাবি, এসব নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র এসব ব্যবস্থার কার্যকারিতা ও সক্ষমতা সরাসরি দেখতে পাবে।

ইরানি সংবাদ সংস্থা মেহরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছর সংঘাত শুরুর পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের ৭৮টি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের গত আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ইরান  ইউরোপ  হুমকি  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: