যুক্তরাষ্ট্রে ভিসা স্পন্সরশিপ বন্ধ করছে আইবিএম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। তাদের কনসালটিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে মার্কিন কাজের

2026-11-27T23:22:32+00:00
2026-11-27T23:22:32+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ভিসা স্পন্সরশিপ বন্ধ করছে আইবিএম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। তাদের কনসালটিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে মার্কিন কাজের ভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীরা বিশেষভাবে বিপাকে পড়তে পারেন।

কর্মীদের জন্য বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের বাইরে আইবিএমের অন্য কোনো পদে যোগ দেওয়া অথবা চাকরি ছেড়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে যারা প্রতিষ্ঠানের অন্য দেশে থাকা পদে যেতে রাজি হবেন না, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি ছাড়তে হবে বলে কর্মীদের সঙ্গে যোগাযোগের নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

পেশাজীবীদের অনলাইন ফোরাম ব্লাইন্ডের প্রধান নির্বাহী সুংগুক মুন জানিয়েছেন, কিছু কর্মীকে সিদ্ধান্ত জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা চাকরি ছাড়বেন, তাদের তিন মাসের বেতনের সমপরিমাণ বিদায়কালীন ভাতা দেওয়া হবে। তবে আইবিএম আনুষ্ঠানিকভাবে কতজন কর্মীর ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে, তা জানায়নি। 

আইবিএমের বৃহত্তম ব্যবসায়িক বিভাগ কনসালটিংয়ে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে তাদের কতজন যুক্তরাষ্ট্রে কাজ করেন, সেই হিসাব প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। ফলে ঠিক কতজন কর্মী এ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হবেন, তা জানা যাচ্ছে না।

বিদেশে চাকরির সুযোগ, বড় গন্তব্য ভারত : 

যারা আইবিএমের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান, তাদের জন্য অন্য দেশে স্থানান্তর একটি বিকল্প। এ ক্ষেত্রে ভারত বড় গন্তব্য হয়ে উঠতে পারে। গত ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসালটিং বিভাগে ১ হাজার ২৭৮টি শূন্যপদ ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি ভারতে, ২৩টি সিঙ্গাপুরে এবং ১৮টি যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রে শূন্যপদ ছিল ৮৯টি।

তবে এসব পদে ক্ষতিগ্রস্ত কতজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হবে, তা নিশ্চিত করেনি আইবিএম। তাদের বর্তমান পদ, দায়িত্ব ও বেতনের সঙ্গে বিদেশের চাকরিগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে থাকা কর্মীদের জন্য অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্তে বেতন, বাসস্থান ও পরিবারের বিষয়েও বড় পরিবর্তন আসতে পারে। 

কেন ভিসা স্পন্সরশিপ বন্ধ করছে আইবিএম? : 

আইবিএম জানিয়েছে, ব্যবসার চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতায় পরিবর্তন আসায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে আইবিএম এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীদের ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। তবে কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছে।

মুখপাত্রের ভাষ্য, দক্ষ কর্মীর সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলে যাওয়ায় আইবিএম কনসালটিংয়ের অধিকাংশ পদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত আইবিএমের সব বিভাগের জন্য নয়; কেবল কনসালটিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

মার্কিন ভিসা নীতিতেও কড়াকড়ি : 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মসংস্থানভিত্তিক অভিবাসন নীতিতে কড়াকড়ির মধ্যেই আইবিএমের এ সিদ্ধান্ত এল। এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত পদের জন্য বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে পারে। এ ভিসার বড় অংশের সুবিধাভোগী ভারতীয় প্রযুক্তিকর্মীরা।

২০২৫ সালে ট্রাম্প প্রশাসন বিদেশে থাকা নির্দিষ্ট এইচ-১বি কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১ লাখ ডলার অর্থ পরিশোধের শর্ত চালু করে। গত সেপ্টেম্বরে এ বিধিনিষেধ আরও ১২ মাস বাড়িয়ে ২০২৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখা হয়। এ ছাড়া ২০২৭ অর্থবছরের এইচ-১বি ভিসা বাছাইয়ে উচ্চদক্ষতা ও বেশি বেতনের প্রার্থীদের অগ্রাধিকার দিতে নতুন পদ্ধতিও কার্যকর হয়েছে। 

এর আগে গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের গুরুত্বপূর্ণ ধাপ পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পার্ম) কর্মসূচিতে মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস ও ক্যাপজেমিনির নতুন এবং অপেক্ষমাণ আবেদন স্থগিত করে। কর্মসূচির অপব্যবহারের অভিযোগ তুলে এ পদক্ষেপ নেওয়া হয়। 


ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল আগরওয়ালের মতে, আইবিএমের এ পদক্ষেপ প্রযুক্তি খাতের বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। গ্রাহকের চাহিদা ও শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানগুলো নিয়োগ কৌশল বদলাচ্ছে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়তার যুগে ভারতীয় পেশাজীবীদের নিয়োগদাতার স্পন্সর করা ভিসার ওপর নির্ভর না করে নতুন প্রযুক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া প্রয়োজন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   যুক্তরাষ্ট্র  ভিসা স্পন্সরশিপ  বন্ধ  আইবিএম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: