
অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজের একটি গার্গয়েল। ছবি : ফ্রেড চেরিগার্ডেন
অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজের একটি গার্গয়েল। ছবি : ফ্রেড চেরিগার্ডেনস্থাপত্যের সৌন্দর্য বাড়াতে ভবনের দেয়াল, কার্নিশ কিংবা ছাদে ভাস্কর্য বসানোর রীতি বহু পুরোনো। তবে এসব ভাস্কর্যের কাজ শুধু ভবন সাজানো নয়। ইউরোপের পুরোনো গির্জা ও ঐতিহাসিক ভবনগুলোর গায়ে দেখা মেলে এমন কিছু পাথুরে অবয়ব, যেগুলোর কোনোটি ভয়ংকর, কোনোটি আবার অদ্ভুত ও হাস্যরসাত্মক। স্থাপত্যশিল্পে এগুলো পরিচিত গার্গয়েল ও গ্রোটেস্ক নামে। দেখতে কাছাকাছি হলেও দুটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য।
গার্গয়েল হলো— বিশেষ ধরনের পাথুরে নালামুখ, যা ছাদের বৃষ্টির পানি ভবনের দেয়াল থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে গ্রোটেস্ক তৈরি করা হয় মূলত অলংকার হিসেবে। মধ্যযুগের গথিক স্থাপত্যে এসব ভাস্কর্যের ব্যবহার বিশেষভাবে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে ভয়ংকর প্রাণী ও বিকৃত মুখের পাশাপাশি এতে জায়গা পেয়েছে মানুষের কল্পনা, লোকবিশ্বাস, স্মৃতি ও রসবোধ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন কিছু ভাস্কর্যের পেছনে রয়েছে বিচিত্র সব গল্প। তথ্যসূত্র : অ্যাটলাস অবস্কিউরা, ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রাল, হিস্টোরিক ইংল্যান্ড, স্কটল্যান্ডস চার্চেস ট্রাস্ট।
ডার্থ ভেডার গ্রোটেস্ক, যুক্তরাষ্ট্র : দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালের গায়ে রয়েছে ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের খলনায়ক ডার্থ ভেডারের মুখ। ক্যাথেড্রালের দুটি পশ্চিম দিকের টাওয়ার নির্মাণের সময় আশি দশকে শিশুদের জন্য ভাস্কর্যের নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ার্ল্ড’ সাময়িকীর মাধ্যমে সেই প্রতিযোগিতার খবর ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এতে তৃতীয় স্থান অর্জন করে ডার্থ ভেডারের একটি নকশা। ১৩ বছর বয়সি ক্রিস্টোফার রাডারের আঁকা ছবিটি পরে পাথরে রূপ দেন ভাস্কর জে হল কার্পেন্টার। পাথরশিল্পী প্যাট্রিক জে প্লাঙ্কেট সেটি খোদাই করেন।
হাউস উইথ কাইমেরাস, ইউক্রেন : রাজধানী কিয়েভের ঐতিহাসিক লিপকি এলাকায় রয়েছে অদ্ভুত এক ভবন, যার নাম ‘হাউস উইথ কাইমেরাস’। ১৯০১ থেকে ১৯০৩ সালের মধ্যে এটি নির্মাণ করেন স্থপতি ভ্লাদিস্লাভ হোরোদেৎস্কি। ঢালু জমিতে তৈরি হওয়ায় এক পাশ থেকে ভবনটিকে তিনতলা মনে হলেও অন্য পাশ থেকে দেখা যায় ছয়তলা। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা বিচিত্র সব প্রাণীর ভাস্কর্য। হাতি, গন্ডার, কুমির, ব্যাঙ, সামুদ্রিক প্রাণী, জলপরি ও কাল্পনিক জীবের দেখা মিলবে ভবনের বাইরের অংশে। ভেতরেও রয়েছে নানা প্রাণীর আদলে তৈরি অলংকার। হোরোদেৎস্কির শিকারের প্রতি প্রবল আগ্রহ থেকেই এসব নকশার অনুপ্রেরণা আসে। তার বন্ধু ইতালীয় ভাস্কর এলিও সালা তৈরি করেন ভাস্কর্যগুলো।
প্লেইন রন্ড দ্য আইক, নেদারল্যান্ডস : আধুনিক ভবনের গায়ে ইমোজি বসানোর কথা ভাবলে অনেকেরই অবাক লাগতে পারে। কিন্তু দেশটির আমেরসফুর্ট শহরের ‘প্লেইন রন্ড দ্য আইক’ ভবনে ঠিক এমনই ঘটনা ঘটেছে। স্থপতি চাঙ্গিজ তেহরানি ভবনটির সামনের অংশে বসিয়েছেন ২২টি ইমোজি।
হাসিমুখ, চোখ টেপা, ভালোবাসার চোখ, চুমু কিংবা জিব বের করা মুখ— মুঠোফোনে বার্তা পাঠানোর সময় ব্যবহৃত পরিচিত এসব চিহ্নই জায়গা পেয়েছে কংক্রিটের অলংকারে। ধ্রুপদি স্থাপত্যের অলংকার থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি আমস্টারডামের ‘হাউস উইথ দ্য হেডস’ নামের একটি ভবনও তাকে প্রভাবিত করে। ওই ভবনের দেয়ালে রয়েছে গ্রিক দেবতাদের ছয়টি মুখাবয়ব।
পুলিশ সদস্যের প্রতিকৃতি, ইংল্যান্ড : ক্যাথেড্রালের দেয়ালে মধ্যযুগীয় দানব ও প্রাণীর ভাস্কর্যের পাশে রয়েছে এক পুলিশ সদস্যের মুখ। তার নাম জর্জ রাসেল। মাথায় পুলিশের হেলমেট, পোশাকে তারকা-চিহ্ন— সহজেই চেনা যায় তাকে। ১৯৬৫ সালের ১০ ফেব্রুয়ারি লেক ডিস্ট্রিক্টের অক্সেনহোম রেলস্টেশনে এক গাড়িচোরকে আটক করতে গিয়ে প্রাণ হারান পুলিশ কনস্টেবল রাসেল। ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্রধারী ছিলেন। তাকে ধরতে গিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাসেল। তার স্মৃতি ধরে রাখতে কার্লাইল ক্যাথেড্রালের দক্ষিণ দিকের বাইরের দেয়ালে বসানো হয় এই ভাস্কর্য।
ষাঁড়ের মাথা, ইতালি : ফ্লোরেন্স শহরের বিখ্যাত এই ক্যাথেড্রালের গায়ে রয়েছে একটি ষাঁড়ের মাথা। অসংখ্য ভাস্কর্য ও সূক্ষ্ম অলংকারের ভিড়ে এটি সহজেই চোখ এড়িয়ে যায়। ভাস্কর্যটি রয়েছে ভিয়া রিকাসোলির দিকে, ক্যাথেড্রালের গম্বুজে ওঠার দরজার ওপরের অংশে। এর উৎপত্তি নিয়ে দুটি ব্যাখ্যা প্রচলিত। একটি মতে, বিশাল ক্যাথেড্রাল নির্মাণের সময় পাথর ও অন্যান্য সামগ্রী টানতে যেসব বলদ ব্যবহার করা হয়েছিল, তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ষাঁড়ের মাথাটি খোদাই করা হয়। তবে এর চেয়ে মজার আরেকটি জনশ্রুতি রয়েছে।
ভ্যাম্পায়ার খরগোশ, ইংল্যান্ড : শহরের সেন্ট নিকোলাস ক্যাথেড্রালের পেছনের ২৭ ডিন স্ট্রিটের একটি ভবনের দরজার ওপর বসে আছে অদ্ভুত এক প্রাণীর ভাস্কর্য। বড় বড় চোখ, অস্বাভাবিক মুখভঙ্গি ও ধারালো দাঁতের কারণে সাধারণ খরগোশের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া কঠিন। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘ভ্যাম্পায়ার র্যাবিট’ নামে। বিশ শতকের শুরুর দিকে নির্মিত ভবনটির পেছনেই রয়েছে ক্যাথেড্রালের পুরোনো সমাধিক্ষেত্র। ঠিক কী উদ্দেশ্যে প্রাণীটির এমন ভাস্কর্য তৈরি করা হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এলিয়েন গার্গয়েল, স্কটল্যান্ড : অ্যাবের দেয়ালে থাকা একটি ভাস্কর্য প্রথম দেখায় মধ্যযুগীয় কোনো দানব মনে হতে পারে। কিন্তু ভালো করে তাকালে সেটির সঙ্গে ‘এলিয়েন’ চলচ্চিত্রের ভিনগ্রহের প্রাণী জেনোমর্ফের মিল স্পষ্ট হয়ে ওঠে। দ্বাদশ শতকে নির্মিত পেইসলি অ্যাবের পুরোনো গার্গয়েলগুলো দীর্ঘদিন ধরে আবহাওয়ার প্রভাবে ক্ষয়ে যাচ্ছিল।
নব্বইয়ের দশকের শুরুর দিকে সংস্কারকাজের সময় ক্ষতিগ্রস্ত ভাস্কর্যগুলোর কয়েকটি সরিয়ে নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। দায়িত্ব পান পাথরশিল্পী ডেভিড লিন্ডসে। নতুন ভাস্কর্যের নকশা করতে গিয়ে এক রাতে তিনি ‘এলিয়েন’ চলচ্চিত্রের প্রাণীটির আদলে একটি পেন্সিল স্কেচ আঁকেন। পরে সহকর্মীদের অন্য নকশার সঙ্গে সেটিও জমা দেন। লিন্ডসে ভেবেছিলেন, এমন অদ্ভুত নকশা কর্তৃপক্ষের পছন্দ হবে না।
কিন্তু সেটিও অনুমোদন পায়। পরে পাথরে খোদাই করে বসানো হয় ভাস্কর্যটি। লম্বাটে মাথা ও ভয়ংকর অবয়বের কারণে এটি দ্রুত দর্শনার্থীদের নজর কাড়ে। পুরোনো ধর্মীয় স্থাপত্যে আধুনিক কল্পবিজ্ঞানের কোনো প্রাণীর এমন উপস্থিতি সত্যিই ব্যতিক্রমী। তবে এটি কেবল সাজসজ্জার জন্য নয়; গার্গয়েল হিসেবে এর ভেতর দিয়েও বৃষ্টির পানি বের হয়।
পার্ক গ্রোভ ম্যানর, যুক্তরাষ্ট্র : ইলিনয় অঙ্গরাজ্যের ওক পার্ক এলাকার এই ভবনটি বাইরে থেকে দেখলে সাধারণ একটি আবাসিক ভবন মনে হতে পারে। কিন্তু এর ছাদের কার্নিশে তাকালেই চোখে পড়বে গোলমুখের একাধিক ভাস্কর্য। কোনোটির চোখ বড় বড়, কোনোটি আবার মুখ হাঁ করে যেন চিৎকার করছে। দেখতে অনেকটা কুমড়োর মতো এসব মুখ ভবনটির অন্যতম আকর্ষণ। স্থপতি ই. ই. রবার্টসের নকশায় নির্মিত ভবনটির কয়েকটি ভাস্কর্যের মুখে রয়েছে বৃষ্টির পানি বের হওয়ার নালা। অন্যগুলো নিছক অলংকার। তবে সবচেয়ে মজার বিষয়, ভবনের সেবা প্রবেশপথের ওপর রয়েছে দুটি মানুষের ভাস্কর্য। একটির হাতে নকশা মাপার যন্ত্র, অন্যটির হাতে ইট।
প্রথমটি একজন স্থপতি, দ্বিতীয়টি রাজমিস্ত্রির প্রতিকৃতি। দুজনের অবয়বই কার্টুনের চরিত্রের মতো। ভবনের নকশাকার রবার্টস নিজের পেশার মানুষদের এমন হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন বলে ধারণা করা হয়। ছাদের গোলমুখগুলোর সঙ্গে স্থপতির চেহারারও কিছুটা মিল রয়েছে। এগুলো তার আত্মপ্রতিকৃতি কি না, তা নিশ্চিত নয়। তবে ভবনের গাম্ভীর্য ভেঙে এমন রসিকতাপূর্ণ অলংকার সহজেই মানুষের নজর কাড়ে।
ডার্থ ভেডার থেকে ভ্যাম্পায়ার খরগোশ— ভবনের গায়ে খোদাই করা এসব মুখের গল্প একে অন্যের চেয়ে আলাদা। কোনোটি বৃষ্টির পানি সরানোর কাজে ব্যবহৃত হচ্ছে শত বছর ধরে, কোনোটি ধরে রেখেছে একজন মানুষের স্মৃতি, আবার কোনোটি নির্মাতার নিছক কল্পনা ও রসবোধের প্রকাশ।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও