ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতালির স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। একই আইনে প্রথম বর্ষের

2026-11-28T13:11:17+00:00
2026-11-28T13:11:17+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করে আইন পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ইতালির স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধান করা হয়েছে। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

গত ২৬ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজে’ আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। চারজন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়েছিল। ফলে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পেল আইনটি।

নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন পোশাক পরতে পারবে না। এ নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে তার বাবা-মা বা আইনি অভিভাবককে জরিমানার দায় নিতে হবে।

এ ছাড়া প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

আইন পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর লক্ষ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ (পিএনআরআর)-এর আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন জর্জিয়া মেলোনি। স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।


বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পক্ষেও যুক্তি তুলে ধরেছিলেন মেলোনি। তিনি জানিয়েছিলেন, স্কুলে বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। পাশাপাশি ইতালির শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়ও ওই প্রস্তাবে থাকবে।

এরপর গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। দুই মাস পর পার্লামেন্টে শিক্ষা সংস্কার আইনটি পাস হলো।

তবে আইনটি নিয়ে সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, নতুন আইন দেশটির শিক্ষাব্যবস্থার প্রকৃত চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। বরং এর কিছু পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইতালি  স্কুল  বোরকা  নিকাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: