
সাড়া ফেলেছে ‘মেন অব ফজর’ ট্রেন্ড, জামাতে শিশুদের ঢল । ছবি : সংগৃহীত
সাড়া ফেলেছে ‘মেন অব ফজর’ ট্রেন্ড, জামাতে শিশুদের ঢল । ছবি : সংগৃহীতভোরের আলো ফোটার আগেই মসজিদের পথে ছোট ছোট পায়ের সারি। কারও হাত ধরে বাবা, কেউ যাচ্ছে বড় ভাইয়ের সঙ্গে। আজানের ধ্বনি শুনে ঘুম ছেড়ে মসজিদে ছুটে আসছে শিশুরা। দলবেঁধে ফজরের নামাজ আদায়ের এই দৃশ্য এখন আরব বিশ্বের বিভিন্ন দেশসহ নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ পরিচিতি পেয়েছে ‘রিজাল আল-ফজর’ নামে, যার অর্থ ‘ভোরের বীর’।
চলতি নভেম্বর মাসে শিশু ও তরুণদের ফজরের জামাতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ‘মেন অব ফজর’ নামেও পরিচিত এই প্রবণতা মূলত শিশু-কিশোরদের নিয়মিত মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করছে।
এই উদ্যোগের শুরু উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ আলজেরিয়ায়। দেশটির সেতিফ প্রদেশের আইন এল কেবিরা এলাকার কোরআন শিক্ষক ওমর ইয়াওয়ি তার শিক্ষার্থীদের নিয়ে মসজিদে ফজরের নামাজ আদায়ের কার্যক্রম শুরু করেন। দেশটির সংবাদমাধ্যম জাইর টিউবকে তিনি জানান, প্রায় চার বছর আগে ছোট পরিসরে এই উদ্যোগ নিয়েছিলেন।
শুরুতে পরিকল্পনাটি ছিল সহজ। ফজরের নামাজ শেষে শিশুরা একসঙ্গে সকালের নাশতা করবে। আর নিয়মিত অংশগ্রহণকারীদের পুরস্কৃত করবে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান। ছোট এই আয়োজন ধীরে ধীরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। দেশটির সংবাদমাধ্যম আওরাস গত ১২ নভেম্বর জানায়, পাশের বোর্জ বু আরেরিদজ এলাকায়ও ৮০ জনের বেশি শিশু এই কার্যক্রমে অংশ নিচ্ছে।
আলজেরিয়ায় শুরু হওয়া উদ্যোগটি পরে সীমান্ত পেরিয়ে মিশর, জর্ডান, মরক্কো, কাতার ও সিরিয়ায় ছড়িয়ে পড়ে। সুদান থেকেও শিশুদের ফজরের জামাতে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বলে জানিয়েছে আলজাজিরা আরবি। চিত্রাল নিউজ, ইলমফিড ও মীম ম্যাগাজিনের প্রতিবেদনেও এ প্রবণতার কথা উঠে এসেছে।
মিশরে উদ্যোগটি পরিচিতি পেয়েছে ‘রেগালেট আল-ফজর’ নামে। সেখানে অনলাইন প্রচারাভিযানের মাধ্যমে তরুণ ও প্রাপ্তবয়স্কদেরও নিয়মিত জামাতে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানানো হচ্ছে। দেশটির লাক্সরের এসনার কাছে আল-ওদায়মা গ্রামের একটি ধর্মীয় স্কুল টানা ৩০ দিন মসজিদে ফজরের নামাজ আদায় করা শিশুদের প্রত্যেককে ৫০০ মিশরীয় পাউন্ড পুরস্কার দিয়েছে। আল-ওয়াতান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার দেওয়ার সময়সীমা শেষ হলেও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মসজিদে আসা অব্যাহত রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
জর্ডানে এই কর্মসূচির নাম ‘নাশামা আল-ফজর’। এর আয়োজক আইমান আল-বালাউই জানান, ভোরে মুসল্লির সংখ্যা এতটাই বেড়ে যায় যে মসজিদের নিচতলা পূর্ণ হয়ে গেলে ওপরতলাও খুলে দিতে হয়। সাধারণত জুমার নামাজ ও রমজান মাসে মসজিদের ওই অংশ খুলে দেওয়া হয়।
মরক্কোতে ‘ফুরসান আল-ফজর’ নামে একই ধরনের প্রচারাভিযান শুরু হয়েছে। দলবেঁধে শিশুদের মসজিদে যাওয়ার ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় তিজনিতে স্থানীয় কর্তৃপক্ষ একটি কর্মসূচি স্থগিত করেছে।
কাতারের স্থানীয় সংবাদমাধ্যম মশাইরিব গত ২৪ নভেম্বর জানায়, রাজধানী দোহার বিভিন্ন মসজিদে সূর্যোদয়ের আগে ছেলেদের উপস্থিত হওয়ার ভিডিও ‘রিজাল আল-ফজর’ হ্যাশট্যাগে ছড়াচ্ছে। দেশটিতে এ ধরনের উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০২৩ সালে এডুকেশন সিটি মসজিদের মিনারেতিন সেন্টার শিশুদের জন্য ছয় সপ্তাহের ‘ফজর ক্লাব’ পরিচালনা করেছিল।
আরব বিশ্বের বাইরেও স্পেন, তিউনিসিয়া, লেবানন, ইরাক ও ভারতে এই প্রবণতা ছড়িয়ে পড়েছে। এসব দেশের মুসলিম তরুণেরা দলবেঁধে ফজরের জামাতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
এই উদ্যোগের প্রশংসা করেছেন ইয়াক্বীন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা ও ইসলামি পণ্ডিত ওমর সুলাইমান। গত ১৮ নভেম্বর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসে তিনি একটি সুন্দর প্রবণতা দেখতে পেয়েছেন—তরুণেরা মসজিদে ফজরের নামাজ আদায় করছেন। ডালাসের তরুণদের এই দলকে তিনি ‘রিজাল আল-ফজর’ বা ‘ফজরের পুরুষেরা’ বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক মুসলিম পণ্ডিত সংঘও (আইইউএমএস) উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, ছোটবেলা থেকেই শিশুদের সঙ্গে মসজিদের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভূমিকা রাখে। নিয়মিত ভোরে ওঠা ও জামাতে নামাজ আদায়ের অভ্যাস শিশুদের ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সময়ানুবর্তিতা, আত্মশৃঙ্খলা, পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও সামাজিকতার মতো গুণ অর্জনেও সহায়তা করে।
সময়ের আলো/এসকে