
দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন সংবেদনশীল তথ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে ক্যারেক্টার.এআই । ছবি : সংগৃহীত
দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন সংবেদনশীল তথ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে ক্যারেক্টার.এআই । ছবি : সংগৃহীত এআই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি, মানসিক সংকট কিংবা জীবনের গোপন কথা ভাগ করে নেন অনেকেই। প্রযুক্তির এই নতুন সঙ্গীকে অনেকে বন্ধু, আবার কেউ কেউ মানসিক পরামর্শদাতা হিসেবেও ব্যবহার করেন। কিন্তু এসব কথোপকথনই যদি একসময় অর্থের বিনিময়ে অন্যের হাতে চলে যায়, তাহলে ব্যক্তিগত গোপনীয়তার কী হবে? এমনই উদ্বেগ তৈরি হয়েছে জনপ্রিয় এআই চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার.এআইকে (Character.AI) ঘিরে।
দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের দুই কোটির বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাটের ইতিহাস, আইপি অ্যাড্রেসসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। এসব তথ্যের মধ্যে ২১ লাখের বেশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর অ্যাকাউন্টও রয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে নিলাম বন্ধের আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।
আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্যবহারকারীদের গোপনীয়তা ও শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের মার্কিন দেউলিয়া আদালতে জরুরি আপত্তি জানিয়েছেন তারা।
চ্যাটের আড়ালে রয়েছে মানসিক স্বাস্থ্য ও যৌনতার তথ্য
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তাসহ ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, নিলামে তোলার প্রস্তাবিত তথ্যভান্ডারে যুক্তরাষ্ট্রের ২ কোটি ১০ লাখের বেশি অ্যাকাউন্টের কথোপকথনের ইতিহাস রয়েছে। এর মধ্যে ২১ লাখের বেশি অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্কদের।
এসব কথোপকথনে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত জটিলতা ও আত্মহত্যার প্রবণতার মতো স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। বিশেষ করে ‘থেরাপিস্ট’ ও ‘চিকিৎসক’ পরিচয়ে তৈরি এআই চরিত্রগুলোর সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত আলাপচারিতা রয়েছে এসব তথ্যের মধ্যে।
এ ছাড়া, শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে চ্যাটবটের যৌনতাপূর্ণ কথোপকথন, ব্যবহারকারীদের প্রোফাইল, আইপি অ্যাড্রেস এবং প্ল্যাটফর্মের তৈরি ঝুঁকিমূল্যায়ন স্কোরও তথ্যভান্ডারের অন্তর্ভুক্ত।
এক কোটি ডলারের প্রাথমিক দর
গত ২৪ নভেম্বর ডেলাওয়্যারের দেউলিয়া আদালত ‘স্মার্কস অ্যান্ড প্যাংস অ্যাকুইজিশন এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠানকে নিলামের প্রাথমিক দরদাতা হিসেবে অনুমোদন দিয়েছে। ক্যারেক্টার.এআইয়ের ভোক্তা প্ল্যাটফর্ম, এআই মডেল ও ব্যবহারকারীদের তথ্য কিনতে প্রতিষ্ঠানটি এক কোটি ডলারের প্রস্তাব দিয়েছে।
তবে, প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের সময় নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আদালতের নথি অনুযায়ী, গত ১৩ নভেম্বর নিবন্ধিত হয় স্মার্কস অ্যান্ড প্যাংস। অর্থাৎ ক্যারেক্টার.এআইয়ের প্রাথমিক দরদাতা হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র এক দিন আগে প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল।
শুরুতে প্রতিষ্ঠানটির মালিকানা প্রকাশ করা হয়নি। পরে ২৪ নভেম্বর আদালতের চাপে জানানো হয়, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অক্টেভ অ্যাডভাইজার্সের (অক্টেভ ফান্ড ১ এলএলসি) সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে।
গোপনীয়তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন
ক্যারেক্টার.এআইয়ের মূল প্রতিষ্ঠান ক্যারেক্টার টেকনোলজিস গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দেউলিয়া আইনের চ্যাপ্টার ১১-এর আওতায় সুরক্ষা চেয়ে আদালতে আবেদন করে। এর আগে এক ব্লগ পোস্ট ও গোপনীয়তা নীতিমালায় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে না।
তবে, দেউলিয়া প্রক্রিয়ায় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির শর্তাবলিতে থাকা একটি ব্যতিক্রমী ধারার সুযোগ নিয়ে তথ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অ্যাটর্নি জেনারেলদের আশঙ্কা, প্রস্তাবিত চুক্তিতে তথ্য কেনা প্রতিষ্ঠানের জন্য ব্যবহারকারীদের পুরোনো গোপনীয়তা নীতি মেনে চলার বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে নতুন মালিক চাইলে এসব তথ্য সংরক্ষণ, ব্যবহার কিংবা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবেন। এমনকি ব্যবহারকারীরা তথ্য মুছে ফেলার অনুরোধ জানালেও তা মানার নিশ্চয়তা নেই।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তা বলেন, এই বিক্রি সম্পন্ন হলে গ্রাহকদের সংবেদনশীল তথ্য এমন এক ক্রেতার হাতে চলে যাবে, অথচ ক্যারেক্টার.এআই প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনো এসব তথ্য বিক্রি করবে না। আইন এড়িয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে দেউলিয়া প্রক্রিয়াকে ব্যবহার করা উচিত নয়।
কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইজার বলেন, যেসব শিশু ও পরিবার তাদের একান্ত ব্যক্তিগত ভাবনা ক্যারেক্টার.এআইয়ের সঙ্গে ভাগ করেছে, তারা কখনো ভাবেনি সেসব তথ্য সর্বোচ্চ দরদাতার কাছে নিলামে উঠবে। কোনো প্রতিষ্ঠানের আর্থিক সংকট তাকে গ্রাহক ও শিশুদের সুরক্ষার দায়িত্ব থেকে মুক্তি দিতে পারে না।
প্রযুক্তি ও কর্মী নিচ্ছে ডিজনি
ক্যারেক্টার.এআইয়ের ব্যবহারকারী তথ্য ও ভোক্তা প্ল্যাটফর্ম বিক্রির উদ্যোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও পেটেন্টের লাইসেন্স নিতে দুই কোটি ডলারের প্রস্তাব দিয়েছে বিনোদন প্রতিষ্ঠান ডিজনি।
এই চুক্তির আওতায় ক্যারেক্টার.এআইয়ের অধিকাংশ কর্মী এবং প্রধান নির্বাহী করনদীপ আনন্দকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ডিজনির। অর্থাৎ প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও কর্মীদের একদিকে এবং ব্যবহারকারী তথ্য ও প্ল্যাটফর্ম অন্যদিকে হস্তান্তরের পৃথক উদ্যোগ চলছে।
এ দিকে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হস্তান্তরের বিষয়টি পর্যালোচনায় একজন স্বাধীন ‘কনজ্যুমার প্রাইভেসি ওম্বাডসম্যান’ নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ডিসেম্বরের শুরুতে বিক্রির চূড়ান্ত অনুমোদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র : টেকক্রাঞ্চ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
সময়ের আলো/এসকে