
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত নেতা গাদি আইজেনকোট আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইজেনকোট জানান, এক সপ্তাহ আগেই তিনি সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন এবং প্রতিটি পথের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর অঙ্গীকার করেছিলেন।
এক্স পোস্টে তিনি জানান, চিহ্নিত সেসব পথ থেকে ইতিমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং সহযোগিতার আগ্রহ দেখা গেছে; যার ফলে একটি জোট গঠন, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এবং নতুন সরকারের জন্য নীতিগত রূপরেখা তৈরি করা সম্ভব হয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি সঙ্গে প্রকাশ্য কিংবা পর্দার আড়ালের আলোচনায় কোথাও কোনো অগ্রগতি হয়নি বলেও স্বীকার আইজেনকোট।
আইজেনকোট জানান, গত দুই সপ্তাহে ইয়াশার এবং লিকুদ পার্টির প্রতিনিধি দল পাঁচবার বৈঠকে বসেছে। কিন্তু আলোচনা জোরদার করার জন্য তার দলের দেওয়া প্রস্তাবগুলো লিকুদ বারবার প্রত্যাখ্যান করেছে। লিকুদের যদি সত্যিই সমঝোতায় পৌঁছানোর সদিচ্ছা থাকত তবে দুই সপ্তাহ সময় এবং পাঁচটি বৈঠকই যথেষ্ট ছিল।
গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো ধরনের অগ্রগতি সাধনে লিকুদ কোনো আগ্রহই দেখায়নি। তার অভিযোগ, বৈঠকে আলোচনার সময় লিকুদ পার্টির প্রতিনিধিরা কেবল ক্ষমতা ভাগাভাগি, যেমন প্রধানমন্ত্রীর দায়িত্ব পর্যায়ক্রমে পালন করা ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। অথচ ইসরাইলি নাগরিকদের জীবনকে প্রভাবিত করে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে গেছে।
এ ছাড়া গত দুই সপ্তাহজুড়ে লিকুদ কোনো ছাড় দিতে বা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে অস্বীকৃতি জানিয়েছে। আইজেনকোটের প্রশ্ন, লিকুদ কি সত্যিই কোনো সমঝোতা বা অংশীদারিত্বের জন্য আলোচনায় বসবে (যার জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন)? নাকি তারা তাদের ভাষায় রাজনৈতিক তামাশা ও সময়ক্ষেপণের কৌশল চালিয়ে যাবে?
তবে তিনি জোর দিয়ে বলেন, লিকুদ পার্টি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রকৃত সদিচ্ছা দেখায় এবং সমঝোতায় পৌঁছানোর মতো সাহসী সিদ্ধান্ত নেয়, তবে তাদের জন্য তার দরজা খোলা থাকবে। আইজেনকোট এই সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন; যার মধ্যে রয়েছে ‘ইসরাইল বেইতেইনু’ ও ‘ডেমোক্র্যাটস’ দলের সঙ্গে দুটি জোট চুক্তি স্বাক্ষর।
তিনি আরও জানান যে, টুগেদার পার্টির সঙ্গেও যত দ্রুত সম্ভব একটি সমঝোতায় পৌছানোর প্রচেষ্টা চলছে। আইজেনকোট জোর দিয়ে বলেন, দলগুলোর মধ্যকার মতপার্থক্য যেন আমাদের মূল লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের লক্ষ্য এমন একটি নতুন সরকার গঠন করা, যা ইসরাইলের ইহুদি, গণতান্ত্রিক ও উদারনৈতিক চরিত্রকে সমুন্নত রাখবে এবং সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।
সময়ের আলো/কেএইচও