
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিচলতি বছরের শুরুর দিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জ্বালানি জোট ওপেক ভাঙার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরাক ও ভেনেজুয়েলাকে সংস্থাটি ছেড়ে যাওয়ার জন্য লবিং বা তদবির করে ওয়াশিংটন। শেষ পর্যন্ত সৌদি যুবরাজের সরাসরি হস্তক্ষেপে তা আর হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের ডামাডোলের মধ্যে তেলের উৎপাদন বাড়িয়ে দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলেছে।
অথচ মধ্যপ্রাচ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, যারা মার্কিন ডলারে তেল বিক্রি করে এবং নিজ দেশে মার্কিন সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে। গত গ্রীষ্মে ট্রাম্প প্রশাসনের এই তৎপরতা চলতি বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তের পেছনের নতুন প্রেক্ষাপটও সামনে এনেছে। সে সময় ট্রাম্প প্রশাসন আমিরাতের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। রিজার্ভ ফুরিয়ে গেলে আমিরাত যাতে মার্কিন ডলারের জোগান পায়, সে জন্য দেশটিকে ‘কারেন্সি সোয়াপ লাইন’ বা মুদ্রা বিনিময় সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র লড়াইয়ের পর হরমুজ প্রণালি দিয়ে তেল রফতানি যখন তলানিতে নেমে এসেছিল, ঠিক তার পরপরই বিরল এই সুবিধা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৯৬০ সালে ইরাক, সৌদি আরব, ভেনেজুয়েলা, ইরান ও কুয়েতের হাত ধরে ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল।
মার্কিন নিষেধাজ্ঞা এবং চীনের কাছে তথাকথিত ‘গোপন উপায়ে’ তেল বিক্রির কারণে ইরান ইতিমধ্যেই এই জোটের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বছরের পর বছর ধরে নানা চাপের মুখে থাকা এই জোট থেকে ইরাক ও ভেনেজুয়েলাও যদি সরে দাঁড়াত তবে তা কার্যত ওপেকের বিলুপ্তি ডেকে আনত।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের সমর্থনপুষ্ট ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি গত গ্রীষ্মে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় ওপেক ছাড়ার বিষয়টি তুলেছিলেন এবং মার্কিন কর্মকর্তারাও তাতে উৎসাহ দিয়েছিলেন। তবে ইরাকের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই ধারণাকে নিরুৎসাহিত করেন। তাদের মতে, জোট না ছেড়ে বরং ওপেকের ভেতরে থেকেই বাগদাদের উচিত তেল উত্তোলনের কোটা বাড়ানোর দাবি জানানো, যাতে তারা আরও বেশি তেল উৎপাদন করতে পারে।
গত জুলাইয়ে জাইদির বহুল আলোচিত ওয়াশিংটন সফরের সময় এই আলোচনাগুলো হয়। ওই সফরে তিনি একগুচ্ছ অর্থনৈতিক চুক্তির ঘোষণা দিয়েছিলেন, যার মাধ্যমে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি।
এর আগে গণমাধ্যম মিডল ইস্ট আই সর্বপ্রথম প্রকাশ করেছিল যে, যুক্তরাষ্ট্রের সমর্থনে সিরিয়ার ভেতর দিয়ে ভূমধ্যসাগর পর্যন্ত একটি নতুন তেল পাইপলাইন পুনরায় চালু করার পরিকল্পনা করছে ইরাক। বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের বিশাল আর্থিক প্রভাব রয়েছে। কারণ, ইরাকের তেল বিক্রি থেকে অর্জিত অর্থ দেশটির ব্যাংকগুলোতে না গিয়ে সরাসরি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হয়। জাইদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়া পর্যন্ত ইরাকে ডলারের চালান বন্ধ রেখেছিল ট্রাম্প প্রশাসন। অবশ্য তিনি ইরানপন্থি গোষ্ঠীগুলোরও সমর্থন পেয়েছিলেন।
অন্যদিকে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও বেশি। কারণ, চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন দেশটিতে হামলা চালিয়ে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। এরপর যুক্তরাষ্ট্র কার্যত ভেনেজুয়েলার অর্থব্যবস্থা ও তেল রাজস্বের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় এবং তেল বিক্রির দায়িত্ব দেয় সুইজারল্যান্ডভিত্তিক কর্মচারী-মালিকানাধীন পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ‘ভিটল’কে। বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় মজুদ ভেনেজুয়েলায় থাকলেও বিনিয়োগের অভাবে দেশটি তা উত্তোলন করতে পারছে না।
মূলত ঘনত্ব ও সালফারের পরিমাণের ওপর ভিত্তি করে তেলের শ্রেণিবিভাগ করা হয়। ভেনেজুয়েলার তেল বেশ ভারী, যা উত্তোলন করা ব্যয়বহুল ও শ্রমসাধ্য। বিপরীতে ইরাকের তেল হালকা হওয়ায় তা মাটি থেকে তোলা সহজ ও সাশ্রয়ী। ভেনেজুয়েলার তেল ব্যবহারের আগে পরিশোধন করা জরুরি।
দেশটির নিজস্ব কিছু শোধনাগার থাকলেও এর বড় অংশই পরিশোধিত হয় যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে। তা সত্ত্বেও ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনা সৌদি আরবকে এতটাই বিচলিত করেছিল যে, ভেনেজুয়েলা যাতে ওপেকে তাদের বকেয়া চাঁদা পরিশোধ অব্যাহত রাখে এবং জোটে থেকে যায়, সে জন্য খোদ সৌদি যুবরাজকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছিল।
সময়ের আলো/কেএইচও