
আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন । ছবি : সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন । ছবি : সংগৃহীতআফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। হতাহতদের অধিকাংশই শিশু। বিস্ফোরণে স্কুল ভবনের একাংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৮ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, স্কুলের পাশে থাকা একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্ফোরক সেখানে সংরক্ষণ করা হতো। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে শিশুদের স্কুলব্যাগ। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে কেউ ভাঙা কাচের আঘাতে, আবার কেউ দেয়াল ও ছাদ ধসে আহত হয়েছে। কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়ে।
স্কুলের পাশের বাড়িতে থাকা নূর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই স্কুলে তার পরিবারের শিশুরাও পড়াশোনা করত। একটি কক্ষ থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনে সেখানে প্রবেশ করেন তিনি। পরে ইট সরিয়ে নিজের ভাগনিসহ কয়েকজন আহত শিশুকে উদ্ধার করেন।
বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমান বলেন, বিস্ফোরণের পর চারদিকে কাঠের টুকরা ও মানুষের শরীরের অংশ ছড়িয়ে থাকতে দেখেন তিনি। স্কুলে গিয়ে কয়েকটি শিশুর মরদেহ এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অনেক শিক্ষার্থীকে দেখতে পান। ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে পড়েছিল।
এ দিকে, শিশুদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আহত শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দিতে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নিরূপণে তারা সহযোগিতা করছে।
এর আগে, গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
সময়ের আলো/এসকে